Sunday, February 22, 2026

শরিয়তের দৃষ্টিতে চাকরির চুক্তির শর্ত লঙ্ঘন ও উপার্জিত অর্থের বিধান

 ❑ ১. আমি যে কোম্পানিতে কাজ করি তার শর্তাবলী কি লঙ্ঘন করা জায়েজ?

প্রশ্ন: আমি সৌদি টেলিকম (STC)-এর সহযোগী প্রতিষ্ঠান ‘সিল’ (Sale) ডিস্ট্রিবিউশন কোম্পানিতে একজন সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত। তাদের সাথে আমার একটি চুক্তি রয়েছে যেখানে একটি ধারা অনুযায়ী টেলিকমের প্রতিদ্বন্দ্বী অন্য কোনো পক্ষের সাথে লেনদেন করা কঠোরভাবে নিষিদ্ধ। এমনকি এর কারণে চাকরি থেকে বরখাস্ত করারও নিয়ম রয়েছে। আমি এমন একজন কর্মীকে দেখেছি, যাকে এই কারণেই চাকরি থেকে বাদ দেওয়া হয়েছে। এখন সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে আমার কাছে কিছু মূলধন আছে আমি তা দিয়ে সৌদি টেলিকমের পণ্য কিনেই ব্যবসা করতে চাই এবং তা বিক্রয় করতে চাই; যা কোম্পানির নিয়মের পরিপন্থী। এটি কি হালাল হবে নাকি হারাম?
উত্তর: সমস্ত প্রশংসা আল্লাহর এবং সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের নেতা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ওপর। অতপর—
মৌলিকভাবে মুসলিমদের দায়িত্ব হলো, চুক্তিতে উল্লিখিত শর্তাবলী মেনে চলা। কারণ আল্লাহ তাআলা বলেছেন:
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَوْفُوا بِالْعُقُودِ
“হে মুমিনগণ! তোমরা অঙ্গীকারসমূহ পূর্ণ করো।” [সূরা মায়িদাহ: ১]
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ
“মুসলিমরা তাদের দেওয়া শর্তসমূহ পালন করতে বাধ্য।” [সুনানে আবু দাউদ, হাদিস নং: ৩৫৯৪]। তবে যদি এই শর্তগুলো সরাসরি ইসলামি শরিয়তের বিধানের পরিপন্থী হয় তবে সেক্ষেত্রে তা পালন করা জায়েজ হবে না। কিন্তু কোম্পানিগুলো তাদের কর্মচারীদের ওপর যেসব শর্ত আরোপ করে যা শরিয়তের কোনো বিধানকে লঙ্ঘন করে না—যেমন: কোম্পানির নির্ধারিত পদ্ধতি ছাড়া অন্য কোনোভাবে সেই পণ্যের ব্যবসা না করা, অথবা কোম্পানির কাজের সাথে সংশ্লিষ্ট এমন বিষয়ে অন্য কোনো কোম্পানির সাথে লেনদেন না করা, কিংবা একটি নির্দিষ্ট দাম ছাড়া অন্য দামে পণ্য বিক্রি না করা—এই শর্তগুলো বৈধ শর্ত। এই শর্তগুলো মেনে চলা এবং তা পূর্ণ করা ওয়াজিব বা আবশ্যক যেন ঝগড়া-বিবাদ সৃষ্টি না হয় এবং একজন মুসলিম যেন আমানত খেয়ানতকারীর অভিযোগে অভিযুক্ত না হয়।” [আল্লাহই ভালো জানেন]। [জর্দান ফতওয়া বোর্ড-ফতওয়া নং ৬৮১]।
❑ ২. কোম্পানির শর্ত লঙ্ঘন করে উপার্জিত অর্থের বিধান:
ফতওয়া প্রদানে: আল্লামা আব্দুল আজিজ বিন বায রাহ. সৌদি আরবের সাবেক প্রধান মুফতি।
প্রশ্ন: যদি কোনও ব্যক্তি কোনও কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয় এবং কোম্পানি শর্ত দেয় যে, তিনি অন্য কোথাও কাজ করতে পারবেন না। এরপর তিনি কোম্পানির কাজ সম্পন্ন করার পাশাপাশি অন্য কোথাও কাজ করেন তবে সেই উপার্জিত অর্থ কি হারাম হবে নাকি হালাল?
উত্তর: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ
“মুসলিমরা তাদের দেওয়া শর্তসমূহ পালন করতে বাধ্য।” [সহিহ আবু দাউদ, ৩৫৯৪]।  সুতরাং কোম্পানি যদি তার সাথে এই মর্মে চুক্তিবদ্ধ হয় যে, সে নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের সাথে কাজ করবে এবং অন্য কারো সাথে কাজ করবে না। আর সে এতে সম্মত হয়—তবে বাহ্যত তার জন্য এই শর্ত মেনে চলা আবশ্যক। কারণ অন্যের সাথে তার কাজ করা কোম্পানির কাজের ক্ষতি করতে পারে। এটি তাকে ক্লান্ত করে দিতে পারে, যার ফলে সে ক্লান্ত অবস্থায় কাজে আসবে এবং কাজে যথাযথ আন্তরিকতা বজায় রাখতে পারবে না।
সারকথা হল, সে যদি এই শর্তে অঙ্গীকারবদ্ধ থাকে তবে তার জন্য অন্য কোথাও কাজ করার অধিকার নেই। আর এই উপায়ে সে যে অর্থ উপার্জন করেছে তা হালাল হবে না; কারণ সে এটি অন্যায়ভাবে গ্রহণ করেছে। যেহেতু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ
“মুসলিমরা তাদের দেওয়া শর্তসমূহ পালন করতে বাধ্য।” [সহিহ আবু দাউদ, ৩৫৯৪]। আল্লাহু আলাম।
▬▬▬▬✿◈✿▬▬▬▬
অনুবাদক: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি।
দাঈ, জুবাইল দাওয়াহ অ্যাসোসিয়েশন, সৌদি আরব।

No comments:

Post a Comment

Translate