Sunday, February 22, 2026

বর্তমানে কি কোনো নবীর কবরের অস্তিত্ব বা সঠিক অবস্থান জানা আছে

 প্রশ্ন: বর্তমানে কি কোনো নবীর কবরের অস্তিত্ব বা সঠিক অবস্থান জানা আছে? বিশেষ করে আমরা যে ইউনুস আলাইহিস সালাম বা অন্যান্য নবীদের মাকাম বা কবরের কথা শুনি সেগুলোর সত্যতা কতটুকু?

উত্তর:
الحمد لله، والصلاة والسلام على رسول الله، وعلى آله وصحبه، أما بعد:
সমস্ত প্রশংসা আল্লাহর। সালাত ও সালাম বর্ষিত হোক আল্লাহর রসুল, তাঁর পরিবারবর্গ এবং সাহাবিদের উপর। অতঃপরএকমাত্র আমাদের নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কবরের স্থানটিই সর্বসম্মতভাবে ও নিশ্চিতভাবে জানা। তিনি ব্যতীত অন্য কোনো নবীর কবরের সঠিক অবস্থান প্রমাণিত নয়। তবে ইব্রাহিম খলিল (আলাইহিস সালাম)-এর কবরের ব্যাপারে কিছুটা মতভেদ থাকলেও অধিকাংশের মতে সেটি চেনা যায়।
▪️​১. শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াহ রহ. নবীদের কবরের অবস্থান সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেন:
​الْقَبْرُ الْمُتَّفَقُ عَلَيْهِ هُوَ قَبْرُ نَبِيِّنَا مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَقَبْرُ الْخَلِيلِ فِيهِ نِزَاعٌ، لَكِنَّ الصَّحِيحَ الَّذِي عَلَيْهِ الْجُمْهُورُ أَنَّهُ قَبْرُهُ، وَأَمَّا يُونُسُ وَإِلْيَاسُ وَشُعَيْبٌ وَزَكَرِيَّا فَلَا يُعْرَفُ
​”একমাত্র আমাদের নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কবরের ব্যাপারেই সকলে একমত। খলিল (ইব্রাহিম আলাইহিস সালাম)-এর কবরের ব্যাপারে মতভেদ আছে। তবে জমহুর ওলামাদের মতে সেটিই সঠিক (যা ফিলিস্তিনের খলিলে অবস্থিত)। কিন্তু ইউনুস, ইলিয়াস, শুয়াইব এবং জাকারিয়া (আলাইহিমুস সালাম) প্রমূখদের কবরের সঠিক অবস্থান জানা নেই।” [মাজমুউল ফাতাওয়া]
​তিনি আরও বলেন:
​وَلَيْسَ فِي الْأَرْضِ قَبْرٌ اتَّفَقَ النَّاسُ عَلَى أَنَّهُ قَبْرُ نَبِيٍّ غَيْرِ قَبْرِهِ
​”পৃথিবীর বুকে নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কবর ছাড়া এমন কোনো কবর নেই যার ব্যাপারে মানুষ একমত হয়েছে যে, এটি কোনো নবীর কবর।”
▪️​২. ইমাম ইবনুল জাজারী রহ. বলেন:
​لَا يَصِحُّ تَعْيِينُ قَبْرِ نَبِيٍّ غَيْرِ نَبِيِّنَا عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ
​”আমাদের নবী (আলাইহিস সালাতু ওয়াস সালাম) ব্যতীত অন্য কোনো নবীর কবর নির্দিষ্ট করা সঠিক নয়।”
▪️​৩. শাইখ আব্দুল আজিজ বিন বাজ রহ. ​ইরাকে ইউনুস আলাইহিস সালাম-এর কবরের দাবি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে বলেন:
​”أَمَّا نَبِيُّ اللهِ يُونُسُ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ فَلَا يُعْرَفُ قَبْرُهُ، وَلَيْسَ لِهَذَا صِحَّةٌ، بَلْ جَمِيعُ قُبُورِ الْأَنْبِيَاءِ لَا تُعْرَفُ مَا عَدَا قَبْرِ نَبِيِّنَا عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ… وَهَكَذَا قَبْرُ الْخَلِيلِ إِبْرَاهِيمَ مَعْرُوفٌ فِي الْمَغَارَةِ هُنَاكَ فِي الْخَلِيلِ فِي فِلَسْطِينَ
​”আল্লাহর নবী ইউনুস (আলাইহিস সালাম)-এর কবরের সঠিক অবস্থান জানা নেই এবং এ সংক্রান্ত দাবির কোনো ভিত্তি নেই। বরং আমাদের নবী (আলাইহিস সালাতু ওয়াস সালাম)-এর কবর ব্যতীত অন্য কোনো নবীর কবরই নিশ্চিতভাবে জানা নেই। তবে খলিল ইব্রাহিম (আলাইহিস সালাম)-এর কবর ফিলিস্তিনের খলিল শহরের সেই গুহায় অবস্থিত বলে পরিচিত।”
​তিনি আরও যোগ করেন:
​”وَمَنِ ادَّعَى أَنَّ هَذَا قَبْرُ فُلَانٍ أَوْ قَبْرُ فُلَانٍ فَهُوَ كَذِبٌ لَا أَصْلَ لَهُ وَلَا صِحَّةَ لَهُ”
​”যে ব্যক্তিই দাবি করবে যে এটি অমুক নবীর কবর বা অমুক নবীর কবর (মুহাম্মদ ও ইব্রাহিম আ. ছাড়া), তবে তা মিথ্যা; যার কোনো ভিত্তি বা সত্যতা নেই।”
এছাড়াও তিনি সতর্ক করেন যে, কবরের অবস্থান জানা থাকলেও সেখানে তাবাররুক গ্রহণ, দুআ করা বা মানত করা জায়েজ নয়। কারণ ইবাদত একমাত্র আল্লাহর প্রাপ্য। আল্লাহু আলাম।
[Source: IslamWeb]
▬▬▬▬✿◈✿▬▬▬▬
অনুবাদক: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি।
জুবাইল দাওয়াহ অ্যাসোসিয়েশন, সৌদি আরব।
Share:

No comments:

Post a Comment

Translate