❑ ১. মৃত ব্যক্তিকে কিবলার দিকে মুখ করানোর বিধান
প্রশ্ন: আমাকে জানানো হয়েছে যে, একটি হাদিস আছে যাতে বলা হয়েছে—মুসলিম ব্যক্তির মৃত্যুর সাথে সাথেই তাকে এমনভাবে ঘুরিয়ে দিতে হবে যেন সে কাবার দিকে মুখ করে থাকে। এমনকি কবরটিও কাবার দিকে মুখ করে হওয়া উচিত। অর্থাৎ পায়ের দিক কাবার দিকে হওয়া উচিত। আর বলা হয়েছে, এর কারণ হল—কিয়ামতের দিন মানুষ তাদের কবর থেকে উঠবে কাবার দিকে মুখ করে। কিন্তু আমি যা পড়েছি এবং বুঝেছি তা হল—কবরে মাথা/মুখ কিবলার দিকে থাকবে। এ বিষয়ে সঠিক কথা কী? আপনার এই কঠোর পরিশ্রমের জন্য আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন।
উত্তর: আলহামদুলিল্লাহ, ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আম্মা বা’দ: ইবনে হাযম রহ. বলেছেন: মৃত ব্যক্তিকে কিবলার দিকে মুখ করানো উত্তম কাজ। তবে যদি মুখ করানো না হয় তাহলে কোনও সমস্যা নেই। আল্লাহ তাআলা বলেছেন:
فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهِ
“অতএব তোমরা যেদিকেই মুখ ফিরাও সেদিকেই আল্লাহর মুখমণ্ডল রয়েছে।” [সূরা বাকারা: ১১৫] আর মৃতকে কিবলার দিকে মুখ করানোর কোনও স্পষ্ট দলিল নেই। [আল মুহাল্লা, ৫/১৭৪]
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আয়েশা রা. এর কক্ষে (হিজরে) মৃত্যুবরণ করেছেন। আয়েশা রা. মৃত্যুর মুহূর্তগুলো খুব বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। কিন্তু তিনি কখনো উল্লেখ করেননি যে, তিনি নবীজীকে কিবলার দিকে মুখ করিয়েছিলেন। [এই হাদিস বুখারী (৪৪৪০) ও মুসলিম (২৪৪৪) এ বর্ণিত]। একইভাবে কোনও সাহাবির থেকেও এ বিষয়ে কোনও সহিহ বর্ণনা প্রমাণিত নয়। আর আবু কাতাদা রা. থেকে যে বর্ণনা এসেছে যে, তিনি মৃত্যুর সময় ওসিয়ত করেছিলেন যেন তাকে কিবলার দিকে মুখ করে রাখা হয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে সমর্থন করে বলেছেন: “আসাবাল ফিতরাহ” (ফিতরাত অনুযায়ী সঠিক কাজ করেছে)। এই হাদিস দুর্বল এবং সহিহ নয়। [দেখুন: ইরওয়াউল গালীল (৩/১৫৩)] আর কবরে মৃত ব্যক্তির অবস্থানের ব্যাপারে ইমাম ইবনে হাযম রহ. বলেন: “মৃত ব্যক্তিকে কবরে তার ডান পাশে শোয়ানো হবে তার মুখ কিবলার দিকে থাকবে। তার মাথা ও পা কিবলার ডান ও বাম দিকে থাকবে।
এভাবেই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যুগ থেকে আজ পর্যন্ত সমস্ত মুসলিমদের কবরস্থানে চলে আসছে এবং এভাবেই পৃথিবীর সকল মুসলিম কবরস্থান রয়েছে।” [আল মুহাল্লা, ৫/১৭৩] আর যে দাবি করা হয় যে, মানুষ কবর থেকে বের হবে কাবার দিকে মুখ করে—এটা গায়েবি বা অদৃশ্যের বিষয়, যার জন্য স্পষ্ট দলিল প্রয়োজন। কিন্তু এর কোনও দলিল কোথায়? যা প্রমাণিত তা হল, মানুষ যখন কবর থেকে উঠবে তখন তারা সরাসরি মাহশারের ময়দানের দিকে মুখ করে যাবে। আল্লাহই সবচেয়ে ভালো জানেন।
[তথ্যসূত্র: শাইখ মুহাম্মাদ সালিহ আল মুনাজ্জিদ-Islamqa]
❑ ২. মৃত্যু পথযাত্রী ব্যক্তিকে কিবলার দিকে মুখ করানো কি শরিয়তসম্মত?
প্রশ্ন: মৃত্যুর পথযাত্রীকে কিবলার দিকে মুখ করানোর কি কোনো ভিত্তি আছে?
উত্তর: এ বিষয়ে আমি শুধু একটি হাদিসের কথাই জানি:
«الكعبة قبلتكم أحياءً وأمواتًا»
“কা’বা তোমাদের কিবলা—জীবিত অবস্থায়ও এবং মৃত অবস্থায়ও।” কিন্তু এই হাদিসের সনদে কিছু সমস্যা (দুর্বলতা) রয়েছে।” ফতওয়া প্রদানে: আল্লামা আব্দুল আজিজ বিন বায রহ.
সাবেক প্রধান মুফতি, সৌদি আরব। মোটকথা, নির্ভরযোগ্য ও স্পষ্ট সুন্নাহ বা ইজমা দ্বারা প্রমাণিত নয় যে, মৃত্যুর সময় অবশ্যই মৃত্যুর পথযাত্রীকে কিবলার দিকে মুখ করাতে হবে। তবে যদি সহজে সম্ভব হয় এবং রোগীকে কষ্ট না দেয় তাহলে তাকে কিবলার দিকে মুখ করিয়ে দেওয়া মুস্তাহাব (উত্তম) বলে অনেক ফকিহ মনে করেন। আল্লাহ ভাল জানেন।
▬▬▬▬✿◈✿▬▬▬▬
অনুবাদ: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি।
No comments:
Post a Comment