আমাদের বর্তমান অবস্থা পর্যালোচনা করলে দেখা যায় যে, আমরা কুরআনের শিক্ষা ও আদর্শ থেকে অনেক দূরে অবস্থান করছি। সমাজের বাস্তব চিত্রগুলো লক্ষ্য করলে নিচের বিষয়গুলো ফুটে ওঠে:
┈ অনেক মানুষ আদৌ কুরআন পড়তে জানে না।
┈ অনেকে পড়তে জানলেও একবারের জন্যও কুরআন খুলে পড়ার সুযোগ (বা আগ্রহ) পায় না।
┈ অনেকে শুধু নামাজে যতটুকু প্রয়োজন ততটুকুই পড়ে নামাজের বাইরে পড়ার প্রয়োজন মনে করে না।
┈ অনেকে বিপদে না পড়লে কুরআনের ধারে-কাছেও যায় না।
┈ অনেকে কুরআন পড়ে কিন্তু অর্থ বোঝার চেষ্টা বা গবেষণা করে না।
┈ অনেকে তিলাওয়াত করলেও সেই অনুযায়ী আমল করে না।
┈ সমাজের কিছু ‘শিক্ষিত-মূর্খ’ লোক কুরআনের আইনকে বর্তমান যুগের সাথে অসামঞ্জস্যপূর্ণ মনে করে, যা মূলত সুস্পষ্ট কুফরি।
❑ কুরআনকে যেভাবে পরিত্যাগ করা হয়:
আল্লামা ইবনুল কায়্যিম (রহিমাহুল্লাহ) এর মতে, কুরআনকে প্রধানত ৫টি উপায়ে পরিত্যাগ করা হয়:
১. কুরআন শ্রবণ না করা, এর প্রতি বিশ্বাস না রাখা এবং মনোযোগ না দেওয়া।
২. তিলাওয়াত ও বিশ্বাস থাকলেও বাস্তব জীবনে আমল না করা এবং হালাল-হারামের তোয়াক্কা না করা।
৩. দ্বীনের মৌলিক ও শাখা—সর্বক্ষেত্রে কুরআনকে একমাত্র সংবিধান বা ফয়সালাকারী হিসেবে গ্রহণ না করা।
৪. কুরআনের অর্থ, ব্যাখ্যা এবং আল্লাহর উদ্দেশ্য বোঝার চেষ্টা না করা।
৫. মনের কুপ্রবৃত্তি ও যাবতীয় আধ্যাত্মিক রোগের চিকিৎসায় কুরআন থেকে সাহায্য না নেওয়া।
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ বিষয়ে আক্ষেপ করে আল্লাহর কাছে যা বলবেন, তা কুরআনে এভাবে বর্ণিত হয়েছে:
وَقَالَ الرَّسُولُ يَا رَبِّ إِنَّ قَوْمِي اتَّخَذُوا هَذَا الْقُرْآنَ مَهْجُورًا
“রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, হে আমার পরওয়ারদেগার! আমার সম্প্রদায় এই কুরআনকে পরিত্যাগ করেছে।” [সূরা ফুরকান: ৩০]
❑ কুরআন থেকে দূরে থাকার কারণসমূহ:
মানুষ মূলত যে সকল কারণে কুরআন থেকে দূরে সরে যায়┈
১. অন্তরে কুরআনকে অবিশ্বাস করা বা মিথ্যা মনে করা (যদিও মুখে তা প্রকাশ করে না)।
২. কুরআনের মর্মবাণী ও এর বিস্ময়কর দিকগুলো সম্পর্কে অজ্ঞতা।
৩. দুনিয়ার মোহে এতটাই মগ্ন থাকা যে পরকালকে ভুলে যাওয়া।
৪. গান-বাজনা শোনা বা এর চর্চায় অভ্যস্ত হয়ে পড়া।
৫. “আজ নয়, কাল শুরু করব”—এভাবে আলস্যবশত সময় ক্ষেপণ করা।
৬. কুরআন বাদ দিয়ে অন্য জ্ঞান চর্চায় অতিমাত্রায় ব্যস্ত থাকা। (যেমন: শুধু ফিকহ বা সাহিত্য নিয়ে পড়ে থাকা কিন্তু মূল উৎস কুরআনকে সময় না দেওয়া)।
ইসলামের অন্যান্য জ্ঞান অবশ্যই প্রয়োজন তবে সবকিছুর মাঝে ভারসাম্য রক্ষা করতে হবে। কারণ কুরআনই হলো সকল জ্ঞানের মূল উৎস।
উৎস: কুরআনের ছোঁয়ায় বদলে যাক এ জীবন
▬▬▬▬✿◈✿▬▬▬▬
গ্রন্থনায়: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি।
জুবাইল দাওয়াহ অ্যাসোসিয়েশন, সৌদি আরব।
No comments:
Post a Comment