Sunday, February 22, 2026

জুমার খুতবা চলাকালীন নামাজ পড়া নিষিদ্ধ সংক্রান্ত হাদিসটি সহিহ নয়

 জুমার খুতবা চলাকালীন নামাজ পড়া নিষিদ্ধ সংক্রান্ত হাদিসটি সহিহ নয়:

عَنْ ابْنِ عُمَرَ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِذَا دَخَلَ أَحَدُكُمُ الْمَسْجِدَ وَالْإِمَامُ يَخْطُبُ عَلَى الْمِنْبَرِ فَلَا صَلَاةَ وَلَا كَلَامَ حَتَّى يَفْرُغَ الْإِمَامُ
“আব্দুল্লাহ বিন ওমর (রাদিয়াল্লাহু আনহু) বলেন, আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি যে, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে আর ইমাম মিম্বরের উপর খুতবা দিচ্ছে, তাহলে ইমাম ফারিগ হওয়ার আগ পর্যন্ত কোনও নামাজ নেই কোনও কথাও নেই।” [মাজমাউয যাওয়ায়েদ, ২/১৮৪; ইবনে হিব্বান]
মান: এই হাদিসটি যয়িফ (দুর্বল)।
– ইমাম হাইসামি ‘মাজমাউজ জাওয়ায়েদ’-এ এটি উল্লেখ করার পর বলেছেন, এর সনদে ‘আইয়ুব বিন নাহিক’ নামক একজন রাবী (বর্ণনাকারী) আছেন, যিনি মুহাদ্দিসগণের ঐকমত্যে অত্যন্ত দুর্বল বা মাতরুক (পরিত্যাজ্য)।
– ইমাম আবু হাতিম ও ইমাম আবু যুরআ তাকে দুর্বল বলেছেন।
-ইমাম নাসাঈ তাকে ‘মাতরুকুল হাদিস’ বলেছেন।
এ কারণে উক্ত হাদিসটি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বিশুদ্ধ হাদিস হিসেবে প্রমাণিত নয়।
তাছাড়া তা নিচের এই সহীহ হাদিসের বিপরীত:
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ قَالَ: جَاءَ سُلَيْكٌ الْغَطَفَانِيُّ يَوْمَ الْجُمُعَةِ، وَرَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ، فَجَلَسَ، فَقَالَ لَهُ: “يَا سُلَيْكُ قُمْ فَارْكَعْ رَكْعَتَيْنِ، وَتَجَوَّزْ فِيهِمَا” ثُمَّ قَالَ: “إِذَا جَاءَ أَحَدُكُمْ يَوْمَ الْجُمُعَةِ، وَالْإِمَامُ يَخْطُبُ، فَلْيَرْكَعْ رَكْعَتَيْنِ، وَلْيَتَجَوَّزْ فِيهِمَا”
“জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন: জুমার দিন জনৈক ব্যক্তি (সুলাইক আল গাতফানী) মসজিদে আসলো এমতাবস্থায় যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খুতবা দিচ্ছিলেন। তখন সে (নামাজ না পড়েই) বসে পড়ল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বললেন, ‘হে সুলাইক! দাড়াও এবং দুই রাকাত নামাজ পড়ে নাও এবং তা সংক্ষেপে পড়ো।’ এরপর তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে বললেন, ‘তোমাদের কেউ যখন জুমার দিন মসজিদে আসে আর ইমাম খুতবা দিতে থাকেন সে যেন দুই রাকাত নামাজ পড়ে নেয় এবং তা যেন সংক্ষিপ্ত করে’।” [সহীহ মুসলিম, হাদিস নং-৮৭৫]
▬▬▬▬✿◈✿▬▬▬▬
উত্তর প্রদানে: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব।

No comments:

Post a Comment

Translate