প্রশ্ন: আল্লাহ আপনার প্রতি অনুগ্রহ করুন হে শাইখ, প্রশ্নকারী বলছেন: এক ব্যক্তি আমাকে বলেছে যে, আদম আলাইহিস সালাম-এর কবর কাবার নিচে অবস্থিত। এ কথার সত্যতা কতটুকু?
উত্তর: আদম আলাইহিস সালাম-এর কবরের স্থান নির্ধারণ নিয়ে যা কিছু রটানো হয় অথবা হিজর (হিজরে ইসমাইল বা হাতিমে কাবা)-এর ভেতরে ইসমাইল আলাইহিস সালাম কিংবা তাঁর মাতা হাজের (আলাইহাস সালাম) অথবা অন্য কারো কবর থাকার যে দাবি করা হয়, তার সবই মিথ্যা ও বানোয়াট; যার কোনো সহিহ ভিত্তি নেই। মূলত যারা বিদআত ছড়াতে চায় এবং কবর ও মাজার পূজার প্রচলন করতে চায় তারাই এ ধরনের অসার কথা প্রচার করে থাকে। প্রকৃত সত্য এই যে, আমাদের নবী মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কবর ব্যতীত অন্য কোনো নবীর কবরের স্থান নিশ্চিতভাবে জানা যায় না। আল্লাহ তাআলা অবশিষ্ট নবীদের কবরের স্থান গোপন রেখেছেন এবং তা মানুষের কাছে পরিচিত নয়। এটি বান্দাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে এক মহান অনুগ্রহ ও রহমত, যাতে মানুষ এগুলো নিয়ে ফিতনায় পতিত না হয়। বর্তমানে তথাকথিত ওলি ও নেককারদের কবরের কাছেই যদি মানুষ এমন বাড়াবাড়ি ও শিরকে লিপ্ত হয় তবে নবীদের কবরের সন্ধান জানা থাকলে পরিস্থিতি কতটা ভয়াবহ হতো? সেক্ষেত্রে ফিতনা হতো আরও চরম ও ভয়াবহ। তাই আল্লাহর রহমতেরই বহিঃপ্রকাশ যে, তিনি তাওহিদ রক্ষা এবং আকিদাকে শিরক ও বাড়াবাড়ি থেকে হেফাজত করার জন্য সেই কবরগুলোর চিহ্ন মিটিয়ে দিয়েছেন।”
▬▬▬▬✿◈✿▬▬▬▬
শাইখ সালেহ আল ফাউযান (হাফিযাহুল্লাহ)।
বর্তমান প্রধান মুফতি, সৌদি আরব।
অনুবাদক: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি।
No comments:
Post a Comment