Saturday, February 21, 2026

সেই মহীয়সী নারী সাহাবী কে যাঁর প্রত্যেক স্বামীই শহীদ হয়েছিলেন

 প্রশ্ন: সেই মহীয়সী নারী সাহাবী কে, যাঁর প্রত্যেক স্বামীই শহীদ হয়েছিলেন এবং যাঁর ভাই জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ১০ জন সাহাবীর (আশারায়ে মুবাশশারাহ) একজন ছিলেন?

▬▬▬▬▬▬▬▬◄❖►▬▬▬▬▬▬▬▬
উত্তর: পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ’র নামে শুরু করছি। যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক মহান আল্লাহ’র জন্য।শতসহস্র দয়া ও শান্তি বর্ষিত হোক প্রাণাধিক প্রিয় নাবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ’ (ﷺ)-এর প্রতি। অতঃপর এই মহীয়সী সাহাবী হলেন আতিকা বিনতে জায়েদ (রাযিয়াল্লাহু আনহা)। তিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ১০ জন সাহাবীর অন্যতম সদস্য সাঈদ ইবনে জায়েদ (রাযিয়াল্লাহু আনহু)-এর বোন। যাঁরা তাঁকে বিয়ে করেছিলেন এবং পরবর্তীতে শহীদ হয়েছিলেন,এজন্যই ইতিহাসে তিনি “শহীদদের স্ত্রী” নামে পরিচিত হন।তাঁর স্বামীদের মধ্যে পর্যায়ক্রমে হলেন:
১. আবদুল্লাহ ইবনে আবু বকর (রাযিয়াল্লাহু আনহু)
.
তিনি ছিলেন ইসলামের প্রথম খলিফা আবু বকর (রা.)-এর পুত্র। তিনি তায়েফ যুদ্ধের সময় শত্রুপক্ষের তীরের আঘাতে মারাত্মকভাবে আহত হন। দীর্ঘ সময় সেই ক্ষত বয়ে বেড়ানোর পর পরবর্তীতে মদিনায় তিনি শাহাদাত বরণ করেন।
.
২. জায়েদ ইবনুল খাত্তাব (রাযিয়াল্লাহু আনহু)
তিনি ছিলেন খলিফা ওমর (রা.)-এর বড় ভাই। তিনি ভণ্ড নবী দাবীদার মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে পরিচালিত ইয়ামামার যুদ্ধে অত্যন্ত বীরত্বের সাথে লড়াই করেন এবং সেই যুদ্ধেই শাহাদাত বরণ করেন।
.
৩. ওমর ইবনুল খাত্তাব (রাযিয়াল্লাহু আনহু)
.
ইসলামের দ্বিতীয় খলিফা ওমর (রা.) কোনো রণক্ষেত্রে নয়, বরং মদিনার মসজিদে নববীতে ফজর নামাজে ইমামতি করার সময় আবু লুলু নামক এক পারসিক অগ্নিপূজকের খঞ্জরের আঘাতে মারাত্মকভাবে আহত হন এবং এর কয়েকদিন পর শাহাদাত বরণ করেন। এটি কোনো সরাসরি যুদ্ধ ছিল না, তবে তাঁকে ইসলামি রাষ্ট্রের খলিফা হিসেবে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করা হয়েছিল।
.
৪. জুবায়ের ইবনুল আওয়াম (রাযিয়াল্লাহু আনহু)
.
তিনি ছিলেন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত ১০ সাহাবীর একজন। তিনি উটের যুদ্ধে (Battle of Camel) অংশগ্রহণ করেছিলেন। তবে যুদ্ধক্ষেত্র থেকে তিনি যখন ফিরে আসছিলেন, তখন ‘ওয়াদি আল-সিবা’ নামক স্থানে ইবনে জুরমুজ নামক এক ব্যক্তি তাঁকে অতর্কিত আক্রমণ করে শহীদ করে।
.
​একটি আকর্ষণীয় তথ্য: বলা হয়, আতিকা (রা.)-এর বিয়ের এই ঘটনা মদিনায় এতটাই পরিচিত হয়ে গিয়েছিল যে, লোকেরা বলাবলি করত: “যে ব্যক্তি শাহাদাত বরণ করতে চায়, সে যেন আতিকা বিনতে জায়েদকে বিয়ে করে।” আল্লাহ সকল সাহাবীদের ওপর সন্তুষ্ট হন। (আল্লাহই সবচেয়ে জ্ঞানী)।
▬▬▬▬▬◄❖►▬▬▬▬▬
উপস্থাপনায়: জুয়েল মাহমুদ সালাফি।

No comments:

Post a Comment

Translate