Monday, June 24, 2024

আমরা চেষ্টা করেছি বাকি আল্লাহ ভরসা এ কথার মধ্যে শিরক আছে কি

 ❑ প্রশ্ন-১: আমরা প্রায়শই বলি, “আমরা চেষ্টা করেছি, বাকি আল্লাহ ভরসা।” এ কথার মধ্যে শিরক আছে কি?

উত্তর:
এ কথা সঠিক। এতে কোনও শিরক নেই। কারণ ইসলাম আমাদেরকে শিখিয়েছে, আল্লাহর নামে আগে কাজ করতে হবে, চেষ্টা ও পরিশ্রম করতে হবে অতঃপর সফলতার জন্য মহান আল্লাহর উপর ভরসা করতে হবে। চেষ্টা-পরিশ্রম না করে কেবল আল্লাহর উপর ভরসা করে বসে থাকা ইসলামের শিক্ষা নয়।
আনাস রা. হতে বর্ণিত,

قال رجلٌ يا رسولَ اللهِ أعقِلُها وأتوكَّلُ أو أُطلقُها وأتوكَّلُ قال اعقِلها وتوكَّلْ

“এক ব্যক্তি বলল, হে আল্লাহর রসুল, আমি কি উট বেঁধে রেখে আল্লাহর উপর ভরসা করব, নাকি তা ছেড়ে রেখে? তিনি বললেন, “উট বাঁধ, অতঃপর আল্লাহর উপর ভরসা কর।” [সহিহ তিরমিজি, হা/২৫১৭, শাইখ আলবানি হাদিসটিকে হাসান বলেছেন]

– উমর ইবনুল খাত্তাব রা. হতে বর্ণিত, তিনি বলেন, আমি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বলতে শুনেছি,

لو أنَّكم تَوَكَّلُونَ علَى اللهِ تعالَى حَقَّ تَوَكُلِهِ ، لَرَزَقَكُمْ كمَا يَرْزُقُ الطيرَ ، تغدُو خِماصًا ، وتروحُ بِطانًا

“তোমরা যদি সত্যিকার ভাবেই আল্লাহর উপর ভরসা কর তবে তিনি পাখিদের মতই তোমাদের রিজিকের ব্যবস্থা করবেন। ভোরবেলা পাখিরা খালি পেটে বেরিয়ে যায় এবং সন্ধ্যা বেলা ভরা পেটে ফিরে আসে।” [তিরমিজি, সহিহুল জামে, হা/৫২৫৪] এখানে

লক্ষণীয় বিষয় হলো, পাখিরা আল্লাহর উপর ভরসা করে বাসায় বসে থাকে না। তারা খুব ভোরে তাদের বাসা ছেড়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে রিজিকের সন্ধানে যায়। সেখানে ওঁত পেতে থাকা শিকারির জালে ধরা পড়ার কিংবা সাপ-বিচ্ছু ও হিংস্র পশুর আক্রমণে জীবননাশের ঝুঁকি থাকা সত্ত্বেও তারা অত্যন্ত সতর্কতার সাথে রিজিক অনুসন্ধান করে। ফলে আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা করেন। এবং তারা সন্ধ্যায় পেট পুরে খাবার খেয়ে বাসায় ফিরেতে পারে।

তাহলে বুঝা গেল, ঘরে বসে খাবারের অপেক্ষা করার নাম তাওয়াক্কুল বা ভরসা নয়। বরং হালাল উপার্জনের জন্য দৌড়-ঝাঁপ ও চেষ্টা-পরিশ্রম করা, বিভিন্ন ঝুঁকি মাথায় নিতে কাজ করা এবং আল্লাহর উপর ভরসা রাখা উভয়টির প্রয়োজন আছে। তাহলেই আল্লাহ সাহায্য করবেন।

সুতরাং “আমরা চেষ্টা করেছি, বাকি আল্লাহ ভরসা।” এ কথা বলায় কোন দোষ নেই ইনশাআল্লাহ।

তবে মনে রাখতে হবে যে, আমরা চেষ্টা-পরিশ্রম বা কোন কাজ করতে পারবো না যদি আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমতা না দেন। আমরা আমাদের নিজস্ব ক্ষমতা বলে কোন কিছুতে করতে সক্ষম নই। এটাই “লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ”-এর অর্থ।

বাড়ি থেকে বের হওয়ার ক্ষেত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুআ শিক্ষা দিয়েছেন। তা হলো:

بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله

(বিসমিল্লা-হি, তাওয়াক্কালতু ‘আলাল্লা-হি, লা- হাওলা ওয়ালা- কুওয়াতা ইল্লা- বিল্লাহ।)

অর্থ: “আল্লাহর নামে (বের হলাম)। আমি আল্লাহর উপর নির্ভর করলাম। কোনও অবলম্বন নেই এবং কোনও শক্তি নেই আল্লাহর সাহায্য ছাড়া।”

[সুনানুত তিরমিজি, ৫/৪৯০, সহীহুল জামিয়িস সাগীর ২/৮৫৯, হাদিসটি হাসান।]

তাই আমাদেরকে আল্লাহর নামে কাজ শুরু করতে হবে, তার সাহায্য প্রার্থনা করতে হবে, অতঃপর তার উপর ভরসা করতে হবে।
নিশ্চয় আল্লাহ সব কিছুর নিয়ন্ত্রক ও পরিচালক। আর আমরা অতিশয় দুর্বল দুর্বল এবং তার করুণার মুখাপেক্ষী। তার দেওয়া শক্তি-সামর্থ্য ছাড়া ছাড়া আমাদের নিজস্ব কোনও শক্তি, সামর্থ্য বা যোগ্যতা নেই।
আল্লাহু আলাম।
-আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি-

❑ প্রশ্ন-২: “আমার যতটুকু করার তা আমি করেছি- বাকিটা আল্লাহর উপর।” এ কথা বলার হুকুম কী?
উত্তর:
الحمد لله، رب العالمين والصلاة السلام على رسول الله، وبعد:
فمن يقول هذا العبارة مراده أني فعلت السبب الذي أقدر عليه في الأمر الذي أريد تحقيقه، وأما حصول المقصود، وتحقيق النتائج فذلك إلى الله، وهذا المعنى حق، فإن العبد لا يملك تحقيق مقاصده، وبلوغ آماله إلا بتوفيق الله وتيسيره، فمعنى هذه العبارة يرجع إلى ما جاء في الحديث “اعقلها وتوكل”. أخرجه الترمذي (2517)، وابن حبان (731). وهذا هو الذي يليق بالمسلم أن يفعل السبب المشروع ويعتمد في حصول المطلوب على ربه، فيجتهد في فعل الأسباب المشروعة، ويستعين بربه في حصول مطلوبه كما قال صلى الله عليه وسلم “احرص على ما ينفعك، واستعن بالله ولا تعجِز”. صحيح مسلم (2664).
ولكن ينبغي أن يقول المتكلم بهذه العبارة (والباقي إلى الله)، بدل (على الله)، والله أعلم

“সকল প্রশংসা আল্লাহর জন্য এবং সালাত ও সালাম বর্ষিত হোক আল্লাহর রসুলের উপর। অত:পর-

যে ব্যক্তি এই বাক্যটি বলে তার কথার মানে হল যে, আমি যে বিষয়টি অর্জন করতে চাই তার জন্য আমি সাধ্যানুযায়ী উপায় অবলম্বন করেছি (অর্থাৎ আমার যা করণীয় আমি তা করেছি)। কিন্তু লক্ষ্য হাসিল বা ফলাফল অর্জনের জন্য আল্লাহর উপর নির্ভর করছি।
আর এ অর্থটি সত্য। কারণ আল্লাহর রহমত ও তৌফিক ছাড়া বান্দা তার লক্ষ্য অর্জন এবং প্রত্যাশা পূরণ করতে পারে না।

সুতরাং উক্ত বাক্যটির অর্থ সেটাই, যা এ হাদিসে এসেছে:

اعقِلْها وتوكَّلْ

“আগে উট বাঁধো, তারপর আল্লাহর উপর ভরসা কর।” (অর্থাৎ উটকে না বেঁধে ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করে বসে থেকো না। অন্যথায় উট পালিয়ে যাবে)। এটি তিরমিজি (২৫১৭) এবং ইবনে হিব্বান (৭৩১) বর্ণনা করেছেন।

একজন মুসলিমের জন্য কর্তব্য হলো, সে যা চায় তা অর্জনের জন্য তার প্রতিপালকের উপর ভরসা করবে। ফলে সে বৈধ উপায় অবলম্বন করার করার পাশাপাশি তার প্রতিপালকের সাহায্য প্রার্থনা করবে। যেন সে তার প্রত্যাশা অনুযায়ী তা অর্জন করতে পারে। যেমন: রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

احْرِصْ علَى ما يَنْفَعُكَ، وَاسْتَعِنْ باللَّهِ وَلَا تَعْجِزْ

“যা তোমার জন্য কল্যাণকর তা গুরুত্ব সহকারে করো এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। অক্ষম হয়ো না।” [সহীহ মুসলিম, ২৬৬৪]
তবে যে এমন কথা বলবে, তার “বাকিটা আল্লাহর উপর” না বলে উচিৎ, “বাকিটা আল্লাহর নিকটে।” আল্লাহু আলাম-আল্লাহ সবচেয়ে ভালো জানেন।”
– শাইখ আব্দুর রহমান বিন নাসের আল বাররাক। (লেকচারার, ইমাম মুহাম্মদ বিন সাউদ ইসলামি বিশ্ববিদ্যালয়, সৌদি আরব)।
অনুবাদক: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি।

হজ্জ থেকে ফিরে এসে ৪০ দিন বাড়ি থেকে বের না হওয়া প্রসঙ্গে ইসলাম কী বলে

 প্রশ্ন: “যে ব্যক্তি হজ্জ থেকে ফিরে আসবে সে ৪০ দিন বাড়ি থেকে বের হবে না” ইসলামে এ কথার কোনও ভিত্তি আছে কি?

উত্তর: “যে ব্যক্তি হজ্জ থেকে ফিরে আসবে সে ৪০ দিন বাড়ি থেকে বের হবে না” এমন কোন কথা কুরআন ও হাদিসে নেই। সুতরাং তা নিঃসন্দেহে ভ্রান্ত কথা। যুক্তির নিরিখেও তা অগ্রহণযোগ্য। কারণ নারী-পুরুষ উভয়ের ক্ষেত্রেই তাদের নিজস্ব গণ্ডীর মধ্যে বিভিন্ন কারণে বাড়ির বাইরে যাওয়ার প্রয়োজন হতে পারে। বিশেষ করে হজ্জের দীর্ঘ সফর শেষে।
যেমন—
হজ্জ সফর থেকে ফিরে এসে একজন নারী শরিয়তের সীমার মধ্যে থেকে তার পিতা-মাতার বাড়িতে যাবেন, তার প্রতিবেশী, নিকটাত্মীয় ও প্রিয়জনদের সাথে দেখা-সাক্ষাত করবেন, তাদের তাদের খোঁজ-খবর নিবেন
আর পুরুষ মানুষের জন্য পাঁচ ওয়াক্ত সালাত আদায় করার উদ্দেশ্যে মসজিদে গমন করা অতীব গুরুত্বপূর্ণ (সুন্নতে মুয়াক্কাদা মতান্তরে ওয়াজিব), জুমার নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়া ফরজ, কোন মুসলিম মারা গেলে তার জানাজা ও কাফন-দাফনে অংশগ্রহণ করা ফরজে কেফায়া, রোগী দেখতে যাওয়া, কেউ দাওয়াত দিলে তাতে অংশগ্রহণ ইত্যাদি মুসলিমের হক, অর্থ উপার্জনের জন্য চাকরি, ব্যবসা-বাণিজ্য, কৃষিকাজ ইত্যাদি মানুষের মৌলিক প্রয়োজন, নিজের অথবা পরিবারের চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হতে পারে, জ্ঞান অর্জনের উদ্দেশ্যে আলেমের বক্তৃতা শোনা বা পড়াশোনা করতে শিক্ষা প্রতিষ্ঠানে গমন করা অতীব গুরুত্বপূর্ণ, হজের শিক্ষা ও ইসলামের সৌন্দর্য মণ্ডিত বিভিন্ন দিক মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং আল্লাহ পথে মানুষকে আহ্বান করার জন্য বাইরে যাওয়া দরকার। এ ছাড়াও সমাজ ও দেশের বিভিন্ন দায়-দায়িত্ব তার কাঁধে ন্যস্ত থাকতে পারে সে জন্য তাকে বাইরে যেতে হতে পারে। কিন্তু এত কিছু দায়-দায়িত্ব ও প্রয়োজন বাদ দিয়ে দীর্ঘ ৪০ দিন ঘরে বসে থাকা কিভাবে শরিয়ত সম্মত হতে পারে? তবে হজ্জের পরে মানুষের আরও নিয়ন্ত্রিত জীবন যাপন করা উচিত। যথাসম্ভব চেষ্টা করবে, তার দ্বারা যেন কোনও ধরণের গুনাহ সংঘটিত না হয়, কারো হক নষ্ট না হয়, কাউকে কষ্ট দেওয়া না হয়, অনর্থক কাজে সময়, শ্রম ও অর্থ অপচয় না করা হয়। বরং আরও অধিক পরিমাণে আল্লাহ মুখী হওয়ার এবং ঈমান ও তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনার চেষ্টা করতে হবে। সেই সাথে মানুষের সাথে কথাবার্তা, লেনদেন ও আচার-আচরণ আরও সুন্দর করতে হবে।
সতর্ক হতে হবে যেন, হজ্জের আগের জীবন এবং পরের জীবন এক না হয়ে যায়। বরং হজ্জের পরের জীবন যেন আরও সুন্দর, শৃঙ্খল, নিয়ন্ত্রিত, আল্লাহর পথে নিবেদিত এবং মানব কল্যাণে অবদান রাখা সহ অনুকরণীয় আদর্শ জীবন গঠিত হয়-সে চেষ্টা করতে হবে।
মোটকথা, একজন হাজি সাহেব হজ্জ থেকে ফিরে এসে আল্লাহর দ্বীনের পথে নিজেকে পরিপূর্ণভাবে পরিচালিত করার সর্বাত্মক চেষ্টা করবে।

◈◈ বাংলাদেশের প্রখ্যাত আলেম ডক্টর মুহাম্মদ সাইফুল্লাহ (হাফিযাহুল্লাহ)-কে NTV-এর “আপনার জিজ্ঞাসা” শীর্ষক অনুষ্ঠানে প্রশ্ন করা হয় যে, হজ্জ করে আসার পর, বিশেষ করে মহিলা হাজিরা নাকি ৪০ দিন বাড়ির বাইরে যেতে পারেন না?
তিনি উত্তরে বলেন,
“না, এ ধরনের কোনও বিধান ইসলামের মধ্যে নেই। মহিলা হোক বা পুরুষ হাজি হোক, হজ্জ করে আসার পর ৪০ দিন পর্যন্ত ঘরেই থাকতে হবে, বাইরে যেতে পারবেন না—এ বক্তব্য সঠিক নয়। কুসংস্কারের মতো আমরা নিজেরা এটি আবিষ্কার করেছি। যিনি হজ্জ করে ফিরেছেন, তিনি তো হজের বার্তা সঙ্গে নিয়ে এসেছেন। তিনি আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী, পরিবার-পরিজনের সঙ্গে সাক্ষাৎ করবেন, কথা বলবেন, যা শিখেছেন সেটি ভাগাভাগি করবেন এবং ইসলামের সৌন্দর্যের বিষয়টি তাদের কাছে তুলে ধরবেন। যদি জ্ঞানের বিষয় থাকে, তাহলে মানুষকেও সে বিষয়ে জানাবেন।” [উৎস: NTVBD] মহান আল্লাহ সকলকে তৌফিক দান করুন। আমিন।
▬▬▬▬✿◈✿▬▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার। সৌদি আরব।

হজ্জ ও উমরা সফরে মৃত্যুবরণকারীদের মর্যাদা

 প্রশ্ন: লোকমুখে বলতে শোনা যায় যে, “যারা হজ্জ বা উমরা করতে গিয়ে মারা যায় তারা জান্নাতি।” এ কথাটা কি সঠিক?

উত্তর: হজ্জ ও উমরা সফর নি:সন্দেহে বরকতপূর্ণ সফর। এ সফরে কেউ মৃত্যু বরণ করলে তার জন্য হাদিসে বিশেষ কতিপয় ফজিলত (মর্যাদা) বর্ণিত হয়েছে। কিন্তু জান্নাতে প্রবেশ সংক্রান্ত হাদিসগুলো সহিহ নয়।

নিম্নে এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা উপাস্থাপন করা হল:

✪ ১. কেউ যদি হজ্জ বা উমরা আদায়ের জন্য দৃঢ়ভাবে নিয়ত করে বা এই নিয়তে যাত্রা করে কিন্তু সে হজ্জ বা উমরা আদায় করার পূর্বেই মৃত্যু বরণ করে তাহলে আল্লাহ তাআলা তাকে পূর্ণ হজ্জ ও উমরার পূর্ণ সওয়াব দান করবেন। কেননা কোন ব্যক্তি সৎ আমলের দৃঢ় নিয়ত করার পরে মারা গেলে আল্লাহ তাকে সে কাজটির পূর্ণ সওয়াব দান করেন। যেমন আল্লাহ বলেন,

وَمَن يَخْرُجْ مِن بَيْتِهِ مُهَاجِرًا إِلَى اللَّـهِ وَرَسُولِهِ ثُمَّ يُدْرِكْهُ الْمَوْتُ فَقَدْ وَقَعَ أَجْرُهُ عَلَى اللَّـهِ ۗ

“যে কেউ নিজ গৃহ থেকে বের হয় আল্লাহ ও রসুলের প্রতি হিজরত করার উদ্দেশ্যে, অতঃপর মৃত্যুমুখে পতিত হয়, তবে তার সওয়াব আল্লাহর কাছে অবধারিত হয়ে যায়।” [সূরা নিসা: ১০০] এ মর্মে একাধিক হাদিসও বিদ্যমান রয়েছে।

✪ ২. কেউ যদি হজ্জ-উমরা করতে গিয়ে মৃত্যু বরণ করে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তার সওয়াব লিপিবদ্ধ করতেই থাকেন। যেমন: হাদিসে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রf. হতে বর্ণিত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,

«من خرج حاجًا فمات؛ كتب الله له أجر الحاج إلى يوم القيامة، ومن خرج معتمرًا فمات، كتب الله له أجر المعتمر إلى يوم القيامة، ومن خرج غازيًا فمات، كتب الله له أجر الغازي إلى يوم القيامة» (صحيح لغيره).

“যে ব্যক্তি হজ্জের উদ্দেশ্যে বের হওয়ার পর মারা যাবে সে ব্যক্তির জন্য কিয়ামত পর্যন্ত হজ্জ সওয়াব লেখা হতে থাকবে। আবার যে ব্যক্তি ওমরার উদ্দেশ্যে বের হয়ে মারা যাবে তার জন্য কিয়ামত পর্যন্ত ওমরার সওয়াব লেখা হতে থাকবে।” [আত-তারগিব ওয়াত-তারহিব-সহিহ লিগাইরিহ]

✪ ৩. যে ব্যক্তি ইহরাম অবস্থায় মৃত্যু বরণ করবে কিয়ামতের দিন সে লাব্বাইক পাঠ করতে করতে উঠবে। যেমন: হাদিসে বর্ণিত হয়েছে, ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত। এক ইহরাম ধারী ব্যক্তিকে তার বাহনটি ফেলে দিলে তার ঘাড় ভেঙ্গে সে মারা যায়। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

اغْسِلُوهُ بِمَاءٍ وَسِدْرٍ وَكَفِّنُوهُ فِي ثَوْبَيْهِ وَلاَ تُخَمِّرُوا وَجْهَهُ وَلاَ رَأْسَهُ فَإِنَّهُ يُبْعَثُ يَوْمَ الْقِيَامَةِ مُلَبِّيًا

“তাকে কুলপাতা মিশ্রিত পানি দিয়ে গোসল দাও, তার পরনের বস্ত্রদ্বয় দিয়ে তাকে কাফন দাও এবং তার মুখমণ্ডল ও মাথা ঢেকো না। কারণ তাকে কিয়ামতের দিন তালবিয়া (লাব্বাইক) পাঠরত অবস্থায় উঠানো হবে।”
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেন, “তাকে সুগন্ধি মাখিও না। কারণ তাকে কিয়ামতের দিন তালবিয়া পাঠরত অবস্থায় উঠানো হবে।” [বুখারি ও মুসলিম]

❒ “হজ্জ ও উমরা আদায় করতে এসে মৃত্যু বরণ করলে সে জান্নাতি” এ মর্মে বর্ণিত হাদিসগুলো সহিহ নয়:

হজ্জ অবস্থায় মৃত্যু বরণ করলে জান্নাতে প্রবেশ করানো হবে মর্মে বর্ণিত হাদিসগুলো একটিও সহিহ নয়।

❂ এ মর্মে বর্ণিত হয়েছে “যে ব্যক্তি হজ্জ করতে গিয়ে মৃত্যু বরণ করবে তার হিসেব নেওয়া হবে না, এমনকি হিসেবের জন্য তাকে উপস্থাপনও করা হবে না এবং বলা হবে, জান্নাতে প্রবেশ কর।”

– এ হাদিসটিকে খতীব বাগদাদী জইফ (দূর্বল) বলেছেন।
– ইমাম শাওকানী বলেন, এর সনদে ইসহাক বিন বিশর আল কাহেলী নামক একজন বর্ণনাকারী রয়েছে। সে মিথ্যুক।
– আলবানী এটিকে ‘মুনকার’ হিসেবে আখ্যায়িত করেছেন।

❂ অন্য একটি হাদিসে বলা হয়েছে “হজ্জ ও উমরা আদায়কারী এবং গাজি বা আল্লাহর পথে যুদ্ধকারী ব্যক্তি আল্লাহর বাহিনী। তারা সবাই আল্লাহর জিম্মায় থাকে। মারা গেলে তাদেকে জান্নাতে প্রবেশ করানো হবে আর ফিরে আসলে ক্ষমা করা হবে।” এটিও মুহাদ্দিসগণের দৃষ্টিতে জইফ বা দুর্বল। কেননা এর সনদে একাধিক সমস্যা আছে। যেমন: এর বর্ণনা সূত্রে উসমান ইবনে আমর ইবনে সাজ নামক বর্ণনাকারীর ব্যাপারে মুহাদ্দিসগণের আপত্তি রয়েছে। আরেক বর্ণনাকারী মুহাম্মাদ বিন আব্দুল্লাহর পরিচয় অজ্ঞাত। (উক্ত হাদিসদ্বয় ইমাম আল ফাকেহী তার আখবারে মক্কা গ্রন্থে উল্লেখ করেছেন।)

উক্ত হাদিসদ্বয়ের ব্যাপারে মুহাদ্দিসদের বক্তব্য নিম্নরূপ: (আরবি)
” الْحَاجُّ وَالْمُعْتَمِرُ وَالْغَازِي وَفْدُ اللهِ، ضَمَانُهُمْ عَلَى اللهِ عَزَّ وَجَلَّ حَتَّى يُدْخِلَهُمُ الْجَنَّةَ إِنْ تَوَفَّاهُمْ، أَوْ يُرْجِعَهُمْ وَقَدْ غُفِرَ لَهُمْ ”
قل : هذا إسناد ضعيف ، عثمان هو ابن عمرو بن ساج قال أبو حاتم : ( يكتب حديثه ولا يحتج به ) .
ومحمد بن عبد الله هذا لم أعرفه ، لم أجد في ترجمة عثمان بن ساج أنه روى عن أحد اسمه محمد بن عبد الله ؛ أخشى أن يكون تحرف من محمد بن السائب الكلبي ، فإنه كثير الرواية عنه . والله أعلم .
مَن مات في هذا الوجهِ من حاجٍّ أو مُعْتَمِرٍ ، لم يُعْرَضْ ولم يُحَاسَبْ ، وقيل له : ادْخُلِ الجنةَ
الراوي:عائشة أم المؤمنين المحدث:الألباني المصدر:السلسلة الضعيفة الجزء أو الصفحة:2187 حكم المحدث:منكر
▬▬▬◄❖►▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী
দাঈ জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব।

কুরবানি দাতার জন্য ঈদের দিন কোন কিছু না খেয়ে ঈদের মাঠে যাওয়া তারপর সর্বপ্রথম কুরবানির গোশত খাওয়া সুন্নত

  প্রশ্ন: কুরবানির দিন কুরবানির পশু জবাই করার আগ পর্যন্ত না খেয়ে থাকার কি কোনও নিয়ম আছে?

উত্তর: কুরবানি দাতার জন্য কুরবানির দিন ঈদের সালাতের পূর্বে কোন কিছু না খাওয়া সুন্নত। বরং ঈদের সালাত শেষে খাওয়া উত্তম। বিশেষ করে যদি ঈদের সালাত শেষে কুরবানির গোশত খাওয়া হয় তাহলে তা অধিক উত্তম।

– প্রখ্যাত সাহাবি বুরায়দা রা. থেকে বর্ণিত,

كان النبي صلى الله عليه وسلم لا يخرج يوم الفطر حتى يأكل، ولا يأكل يوم الأضحى حتى يرجع فيأكل من أضحيته

“নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈদুল ফিতরের দিনে না খেয়ে বের হতেন না আর ঈদুল আজহার দিন ঈদের সালাতের পূর্বে খেতেন না। সালাত থেকে ফিরে এসে কুরবানির গোশত খেতেন।” [শাইখ আলবানী রচিত, সহীহ ইবনে মাজাহ]

– অন্য বর্ণনায় এসেছে, বুরাইদা রা. থেকে বর্ণিত, তিনি বলেন,

«كَانَ النَّبِيُّ صلَّى الله عليه وسلَّم لَا يَخْرُجُ يَوْمَ الفِطْرِ حَتَّى يَطْعَمَ، وَلَا يَطْعَمُ يَوْمَ الأَضْحَى حَتَّى يُصَلِّيَ

“নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন না খেয়ে বের হতে না। আর ঈদুল আজহার দিন খেতেন না সালাত শেষ করার আগে।” [সহিহ মিশকাতুল মাসাবীহ,‌ হা/১৪৪০]

– অন্য বর্ণনায় এসেছে,

وَكَانَ لَا يَأْكُلُ يَوْمَ النَّحْرِ حَتَّى يَرْجِعَ

“তিনি কোন কিছু খেতেন না (ঈদগাহ থেকে) থেকে ফিরে আসার পূর্বে।” [সহিহ ইবনে মাজাহ]

➤ “রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কুরবানির কলিজা খেতেন” মর্মে বর্ণিত হাদিসটি সহিহ নয়:

রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের মাঠ থেকে ফিরে এসে সর্বপ্রথম কুরবানির কলিজা খেতেন-মর্মে যে হাদিসটি বর্ণিত হয়েছে তা সনদগত ভাবে দুর্বল। যেমনটি শাইখ আলবানি সহ অনেক মুহাদ্দিস বিষয়টি পরিষ্কার করেছেন।

وَكَانَ إِذَا رَجَعَ أَكَلَ مِنْ كَبِدِ أُضْحِيَتِهِ
ضعَّف الألبانيُّ هذه الزيادةَ كما في «سُبُل السلام» بتعليقاته عليه (٢/ ٢٠٠) حيث قال: «هذه الزيادةُ ضعيفةٌ؛ لأنها مِنْ رواية عقبة بنِ الأصمِّ عن ابنِ بريدة؛ وهو عقبة بنُ عبد الله الأصمِّ: ضعيفٌ، كما في «التقريب»».

তবে তা খেতে কোনও আপত্তি নেই। মানুষের মাঝে ঈদের সালাতের পর কুরবানির কলিজা খাওয়ার প্রচলন রয়েছে। কেননা তা সহজে কুরবানির শরীর থেকে আলাদা করা যায়, দ্রুত সিদ্ধ হয় এবং দ্রুত হজম হয়।

❐ ঈদের মাঠ থেকে ফিরে আসার পর কুরবানি গোশত খাওয়ার হেকমত কী?

বিজ্ঞ আলেমগণ বলেন, এর একটি কারণ হতে পারে, গরিব-অসহায় মানুষের সাথে একাত্মতা প্রকাশ। কারণ অনেক গরিব মানুষের বাড়িতে কোন খাবার থাকে না। অতঃপর ঈদের সালাতের পরে মানুষ তাদেরকে কিছু কুরবানির গোশত দান করলে তারা সেখান থেকে খেতে পারে। পক্ষান্তরে ঈদুল ফিতরের বিষয়টি ভিন্ন। ঈদুল ফিতরের দিন ঈদের আগেই তারা জাকাতুল ফিতর হিসেবে প্রাপ্ত খাদ্যদ্রব্য থেকে খাবার গ্রহণ করতে পারত।
অথবা এর কারণ, আল্লাহ তাআলা যেহেতু কুরবানি করার তৌফিক দান করেছেন তার শুকরিয়া হিসেবে এবং আল্লাহ কুরবানির গোশত খাওয়ার ব্যাপারে আল্লাহর হুকুম বাস্তবায়নের উদ্দেশ্যে তিনি সর্বপ্রথম কুরবানির গোশত খেতেন। যেমন: আল্লাহ বলেন,

فَكُلُواْ مِنۡهَا وَأَطۡعِمُواْ ٱلۡبَآئِسَ ٱلۡفَقِيرَ

“অতঃপর তোমরা তা থেকে আহার কর এবং দুঃস্থ-অভাবগ্রস্তকে আহার করাও।” [সূরা হজ ২৮] (আল্লামা ফারকুস-এর রচনা থেকে)

❐ প্রশ্ন: যে কুরবানি দিবে তার জন্য নাকি পরিবারের সবার জন্য এটা সুন্নত?
উত্তর:

যে ব্যক্তি কুরবানি করবে তার জন্য এই বিধান প্রযোজ্য হবে। হাদিসের ভাষা থেকে এটাই স্পষ্ট হয়। যেমন: বুরাইদাহ রা. থেকে বর্ণিত, তিনি বলেন,

كان النبي صلى الله عليه وسلم لا يخرج يوم الفطر حتى يطعم، ويوم النحر لا يأكل حتى يرجع فيأكل من نسيكته. رواه أحمد والترمذي. قال النووي: وأسانيدهم حسنة فهو حديث حسن، وقال الحاكم: هو حديث صحيح.

রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিন আহার না করে (ঈদের মাঠে) রওয়ানা হতেন না এবং কুরবানির দিন ঈদগাহ থেকে ফিরে না আসা পর্যন্ত আহার করতেন না।” [তিরমিযী ৫৪২, আহমদ ২২৪৭৪, ২২৫৩৩, দারেমী ১৬০০, মিশকাত ১৪৪০। তাহকিক আলবানি: সহীহ]

যে কুরবানি করবে তার জন্য এটি মুস্তাহাব। কিন্তু যে ব্যক্তি কুরবানি করবে না তার জন্য সুন্নত নয়। এ মর্মে বিজ্ঞ আলেমগণ মত ব্যক্ত করেছেন। যেমন:

✪ ইমাম যায়লায়ী হানাফি রাহ. তাবঈনুল হাকায়েক গ্রন্থে বলেন,

هذا في حق من يضحي ليأكل من أضحيته، أما في حق غيره فلا

“এটি ঐ ব্যক্তির জন্য প্রযোজ্য যে, কুরবানি দিবে, যেন সে তার কুরবানির গোশত খায়। অন্যদের জন্য তা প্রযোজ্য নয়।”

✪ কাশকুফ কিনা-এর গ্রন্থকার আল্লামা মনসুর বিন ইউনুস আল ভূতি হাম্বলি রাহ. বলেন,

وكان لا يأكل يوم النحر حتى يرجع، فيأكل من أضحيته، وإذا لم يكن له ذبح لم يبال أن يأكل.

“আর তিনি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কুরবানির দিন আহার করতেন না যতক্ষণ না ফিরে আসতেন। ফিরে এসে কুরবানির গোশত খেতেন। কিন্তু যখন তিনি কুরবানির পশু জবাই করতেন না তখন আহার করতে পরোয়া করতেন না।”

✪ বিখ্যাত তিরমিযির ভাষ্যগ্রন্থ তুহফাতুল আহওয়াযি-এর গ্রন্থকার আল্লামা মুহাম্মদ আব্দুর রহমান মোবারক পূরী বলেন,

وقد خصص أحمد بن حنبل استحباب تأخير الأكل في عيد الأضحى بمن له ذبح.

“ইমাম আহমদ বিন হাম্বল ঈদুল আজহার দিন খাওয়া বিলম্ব করাকে ঐ ব্যক্তির সাথে খাস করেছেন যার কুরবানি রয়েছে।” [course: islam web]
এই খাওয়া থেকে বিরত থাকা সুন্নত বা মুস্তাহাব; ওয়াজিব নয়। সুতরাং কেউ কুরবানি করলেও যদি ঈদের মাঠে যাওয়া পূর্বে অতিরিক্ত ক্ষুধার কারণে খাওয়া জরুরি হয় তাহলে খেতে কোনও বাধা নেই। অর্থাৎ খেলেও গুনাহ হবে না ইনশাআল্লাহ। আল্লাহু আলাম।
▬▬▬▬✿◈✿▬▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার। সৌদি আরব।

ঈদের রাতের ফজিলত এবং এই রাত জেগে ইবাদত-বন্দেগি করার বিধান

 প্রশ্ন: ঈদের রাত জেগে ইবাদত-বন্দেগি করার ব্যাপারে ইসলামে কী দিকনির্দেশনা রয়েছে বা এ রাতের ফজিলত কী?

উত্তর: ঈদ মানেই প্রাণে প্রাণে আনন্দের হিল্লোল। ঈদ মানেই ঘরে ঘরে খুশির আমেজ। ঈদের আগমনে মুমিন হৃদয়গুলো আনন্দে উদ্বেলিত হয়। ঈমানদারগণ আল্লাহর প্রতি প্রফুল্ল চিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তাকবির ধ্বনির মাধ্যমে তার শ্রেষ্ঠত্ব ও মহত্ত্বের ঘোষণা দেয়। বিশেষ করে ঈদের রাত থেকেই শুরু হয় আগামীকাল একটি সুন্দর সকালে ঈদকে বরণ করার প্রস্তুতি। কিন্তু ঈদের রাত জেগে ইবাদত-বন্দেগি করার ব্যাপারে কোন হাদিস বিশুদ্ধ সূত্রে প্রমাণিত নয়। বরং এই রাতে বিশেষভাবে কিয়ামুল লাইল করা সংক্রান্ত বর্ণিত হাদিসকে অনেক আলেম বানোয়াট ও ভিত্তিহীন বলেছেন। অনুরূপভাবে দুই ঈদের রাতে দুআ কবুল হওয়া প্রসঙ্গে বর্ণিত হাদিসটিও বানোয়াট।

তাই এ রাতে তাকবির পাঠ ছাড়া বিশেষ কোনও নামাজ, ইবাদত-বন্দেগি বা অন্য কোনও আমল নেই। তবে যারা নিয়মিত তাহাজ্জুদ সালাতে অভ্যস্ত তারা যথারীতি তা পড়তে পারে।

শাইখ উসাইমিন রহ. বলেন, “দু ঈদের রাত জেগে ইবাদত করার ফজিলতের হাদিসগুলো জঈফ (দুর্বল)। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো এ দু রাত জেগে ইবাদত করতেন না। তিনি সারা রাত জেগে ইবাদত করেছেন কেবল রমজানের শেষ দশকের রাতগুলোতে-লাইলাতুল কদর (শবে কদর) পাওয়ার আশায়। যখনই শেষ দশক শুরু হত, তিনি সবগুলো রাত জেগে ইবাদত করতেন।”

◍ ঈদের রাতের ফজিলতে বর্ণিত একটি প্রসিদ্ধ জাল/জঈফ বর্ণনা:

ঈদের রাত জেগে ইবাদতের ব্যাপারে যেসব হাদিস পেশ করা হয় সেগুলোর মধ্যে অন্যতম হল,
مَنْ قَامَ لَيْلَتَيْ الْعِيدَيْنِ مُحْتَسِبًا لِلَّهِ لَمْ يَمُتْ قَلْبُهُ يَوْمَ تَمُوتُ الْقُلُوبُ
“যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে দু ঈদের রাত জেগে ইবাদত করবে তার হৃদয় মারা যাবে না যেদিন সব হৃদয় মারা যাবে।” [ইবনে মাজাহ, হা/১৭৮২]

এ হাদিসটি সহিহ নয়।

● নওবী রহ. এ হাদিসটিকে মারফু ও মাওকুফ উভয় সূত্রে জইফ বলেছেন।

● হাফেজ ইরাকি, ইবনে হাজার প্রমুখ মুহাদ্দিসগণও এটিকে জইফ বলেছেন।
وقال الحافظ ابن حجر : هذا حديث غريب مضطرب الإِسناد . انظر : “الفتوحات الربانية” (4/235) .
● আলবানি এটিকে মাউযু (বানোয়াট) হাদিস বলে আখ্যায়িত করেছেন। [জইফ ইবনে মাজাহ]

◈ শাইখুল ইসলাম ইবনে তায়মিয়া রহ. বলেন,
” الأَحَادِيثُ الَّتِي تُذْكَرُ فِي لَيْلَةِ الْعِيدَيْنِ كَذِبٌ عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم” انتهى .
“দু ঈদের রাতের ব্যাপারে যে সব হাদিস পেশ করা সেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর মিথ্যাচার।”

মোটকথা, দুই ঈদে সারা রাত জেগে বিশেষ কোনও সালাত, জিকির-আজকার, মিলাদ, কবর জিয়ারত ইত্যাদি করার ব্যাপার শরিয়তে বিশুদ্ধ সূত্রে কোনও নির্দেশনা আসে নি। তবে অন্যান্য সময় যেমন ইবাদত-বন্দেগি, দুআ-জিকির, কবর জিয়ারত, কুরআন তিলাওয়াত, তাহাজ্জুদ সালাত আদায় ইত্যাদি করা জায়েজ তেমনি এ দুই রাতেও সেগুলো জায়েজ। কিন্তু তা এ রাতের বিশেষ ফজিলত মনে করে করা শরিয়ত সম্মত নয়। আল্লাহু আলাম।
▬▬▬▬✿◈✿▬▬▬▬
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব।

Translate