Saturday, September 12, 2026

পরে তওবা করব এই আশায় গুনাহ করলে কি তওবা কবুল হবে

 প্রশ্ন: কেউ যদি পরবর্তীতে মাফ চেয়ে নেবেন এবং আল্লাহ ক্ষমা করে দেবেন—এই আশায় নফসের বশবর্তী হয়ে গুনাহ করে এবং পরে তওবা করে। তাহলে কি তার তওবা কবুল হবে?

উত্তর: মানুষের কু প্রবৃত্তি এবং শয়তানের কুমন্ত্রণায় এভাবেই মানুষ পাপাচারে লিপ্ত হয়। কিন্তু সে জানে না যে, আদতে সে পরবর্তীতে তওবা করার বা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পাবে কিনা। হয়তো তার আগেই মৃত্যুদূত এসে হাজির হবে। কত মানুষের জীবনেই না এমনটা ঘটেছে! জেনে-বুঝে পাপ করলে সম্ভাবনা আছে, আল্লাহ হয়তো ক্ষমা করবেন না। বরং তিনি ওই সকল মানুষকেই ক্ষমা করেন, যারা অজ্ঞতাবশত পাপাচার করে ফেলে এবং পরক্ষণেই আল্লাহর ভয়ে ভীত হয়ে অনতিবিলম্বে তওবা করে নেয়। মহান আল্লাহ বলেন:
إِنَّمَا التَّوْبَةُ عَلَى اللَّهِ لِلَّذِينَ يَعْمَلُونَ السُّوءَ بِجَهَالَةٍ ثُمَّ يَتُوبُونَ مِن قَرِيبٍ فَأُولَٰئِكَ يَتُوبُ اللَّهُ عَلَيْهِمْ ۗ وَكَانَ اللَّهُ عَلِيمًا حَكِيمًا
“আল্লাহ কেবল তাদেরই তওবা কবুল করেন, যারা না বুঝে পাপ কাজ করে ফেলে এবং এরপর অতি সত্বর তওবা করে। আল্লাহ এদেরই তওবা কবুল করেন। আল্লাহ মহাজ্ঞানী ও প্রজ্ঞাময়।” [সূরা নিসা: ১৭]
আর মৃত্যুদূত এসে গেলে তখন আর তওবা কবুল হবে না। মহান আল্লাহ বলেন:
وَلَيْسَتِ التَّوْبَةُ لِلَّذِينَ يَعْمَلُونَ السَّيِّئَاتِ حَتَّىٰ إِذَا حَضَرَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ إِنِّي تُبْتُ الْآنَ وَلَا الَّذِينَ يَمُوتُونَ وَهُمْ كُفَّارٌ ۚ أُولَٰئِكَ أَعْتَدْنَا لَهُمْ عَذَابًا أَلِيمًا
“আর এমন লোকদের তওবা কবুল হয় না, যারা পাপ কাজ করতেই থাকে, অবশেষে যখন তাদের কারো কাছে মৃত্যু এসে হাজির হয়, তখন সে বলে: আমি এখন তওবা করছি। আর তাদের তওবাও কবুল হয় না, যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করে। এদের জন্যই আমি যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি।” [সূরা নিসা: ১৮]
তিনি আরও বলেন:
حَتَّىٰ إِذَا جَاءَ أَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُونِ ۧ لَعَلِّي أَعْمَلُ صَالِحًا فِيمَا تَرَكْتُ ۚ كَلَّا ۚ إِنَّهَا كَلِمَةٌ هُوَ قَائِلُهَا ۖ وَمِن وَرَائِهِم بَرْزَخٌ إِلَىٰ يَوْمِ يُبْعَثُونَ
“অবশেষে যখন তাদের কারো কাছে মৃত্যু এসে উপস্থিত হয়, তখন সে বলে: হে আমার রব! আমাকে পুনরায় (দুনিয়াতে) ফেরত পাঠিয়ে দিন, যাতে আমি সৎকাজ করতে পারি যা আমি ছেড়ে দিয়েছিলাম। কখনোই নয়, এটি তো একটি বাক্য যা সে বলেছে মাত্র। আর তাদের সামনে কিয়ামতের দিন পর্যন্ত থাকবে এক অদৃশ্য পর্দা।” [সূরা মুমিনুন: ৯৯-১০০]
সে কারণেই মহান আল্লাহ আদেশ করেছেন যেন, আল্লাহর আজাব আসার আগেই মানুষ আল্লাহর দিকে ফিরে আসে এবং নিজেকে সংশোধন করে নেয়; ভবিষ্যতের জন্য অপেক্ষা না করে। আল্লাহ তাআলা বলেন:
وَأَنِيبُوا إِلَىٰ رَبِّكُمْ وَأَسْلِمُوا لَهُ مِن قَبْلِ أَن يَأْتِيَكُمُ الْعَذَابُ ثُمَّ لَا تُنصَرُونَ
“আর তোমরা তোমাদের রবের অভিমুখী হও এবং তাঁর কাছে আত্মসমর্পণ করো—তোমাদের ওপর শাস্তি আসার আগেই, যার পর তোমাদের আর কোনও সাহায্য করা হবে না।” [সূরা যুমার: ৫৪]
পরিশেষে বলব, ‘পরে তওবা করে নেব’—এই আশায় ইচ্ছা করে গুনাহে লিপ্ত হওয়া মারাত্মক বিপজ্জনক। কারণ হয়ত তওবা করার সুযোগ পাওয়ার আগেই মৃত্যুর মুখোমুখি হতে হবে। সুতরাং জেনে-বুঝে পাপ করতে থাকা জায়েজ নাই। বরং আমাদের কর্তব্য, এখনই, এই মুহুর্ত থেকেই আল্লাহর দিকে ফিরে আসা এবং অতীতে সংঘটিত পাপকর্ম থেকে খাঁটি অন্তরে তওবা করে নিজের ভুল শুধরে নেওয়া এবং আল্লাহর মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি নেওয়া। আল্লাহ তাওফিক দান করুন। আমিন।
▬▬▬▬✿◈✿▬▬▬▬
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার। সৌদি আরব।

No comments:

Post a Comment

Translate