Sunday, March 2, 2025

মুসলিমদের পারস্পারিক হক ও সামাজিক দায়িত্ব কর্তব্যসমূহ

 সমাজে এক মুসলিমের ওপর আরেক মুসলিমের বেশ কিছু গুরুত্বপূর্ণ হক (অধিকার) রয়েছে। ইসলাম নির্দেশিত এসব হক ও দায়িত্ব-কর্তব্য বাস্তাবায়ন করা হলেই একটি সুন্দর, স্থিতিশীল, কল্যাণমুখী এবং উন্নত শান্তিময় আদর্শ সমাজ ব্যবস্থা গড়ে উঠবে এবং সমাজ থেকে জুলুম ও অন্যায়ের অবসান ঘটবে-তা নিশ্চিত করেই বলা যায়। কারণ এগুলো আসমান থেকে অবতীর্ণ ওহির দিকনির্দেশনা। তাই আসুন, আমরা এগুলো নিজেরা জানার পাশাপাশি যথাসাধ্য চর্চা করি এবং সমাজে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তওফিক দান করুন। আমিন।

নিম্নে সংক্রান্ত কতিপয় বিষয় দলিলসহ উল্লেখ করা হলো:

❖ ১. বিশেষ পাঁচটি হকের ব্যাপারে যত্নশীল হওয়া:

রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

حَقُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ خَمْسٌ: رَدُّ السَّلَامِ، وَعِيَادَةُ الْمَرِيضِ، وَاتِّبَاعُ الْجَنَائِزِ، وَإِجَابَةُ الدَّعْوَةِ، وَتَشْمِيتُ الْعَاطِسِ

“একজন মুসলিমের ওপর আরেক মুসলিমের পাঁচটি হক রয়েছে:
ক. সালামের উত্তর দেওয়া,
খ. রোগীকে দেখতে যাওয়া,
গ. জানাজায় উপস্থিত হওয়া,
ঘ. দাওয়াতে সাড়া দেওয়া,
ঙ. এবং হাঁচি দিলে (আলহামদুলিল্লাহ বললে) তার জবাবে ‘ইয়ারহামুকাল্লাহ’ বলা।”
[সহিহ বুখারি: ১২৪০, সহিহ মুসলিম: ২১৬২]

❖ ২. দোয়া করা:

রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

دَعْوَةُ الْمَرْءِ الْمُسْلِمِ لأَخِيهِ بِظَهْرِ الْغَيْبِ مُسْتَجَابَةٌ

“একজন মুসলিম যদি তার অনুপস্থিতিতে তার ভাইয়ের জন্য দোয়া করে তবে তা কবুল হয়।” [সহিহ মুসলিম: ২৭৩৩]

❖ ৩. দাফন-কাফনে অংশগ্রহণ:

রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

مَنْ شَهِدَ الْجِنَازَةَ حَتَّى يُصَلَّى عَلَيْهَا فَلَهُ قِيرَاطٌ، وَمَنْ شَهِدَهَا حَتَّى تُدْفَنَ فَلَهُ قِيرَاطَانِ

“যে ব্যক্তি জানাজায় উপস্থিত হয় এবং জানাজার নামাজ পড়ে সে এক কিরাত সওয়াব পায়। আর যে ব্যক্তি দাফন পর্যন্ত থাকে সে দুই কিরাত সওয়াব পায়। জিজ্ঞাসা করা হলো: “দুই কিরাত (পুরস্কার) কী?” তিনি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন: “দুটি বিশাল পর্বতের মতো।” [বুখারি ও মুসলিমে সম্মত, সহিহ হাদিস)” [সহিহ বুখারি: ১৩২৫, সহিহ মুসলিম: ৯৪৫]

❖ ৪. বিপদে সহানুভূতি দেখানো ও সাহায্য করা:

রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

مَنْ نَفَّسَ عَنْ مُؤْمِنٍ كُرْبَةً مِنْ كُرَبِ الدُّنْيَا نَفَّسَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ

“যে ব্যক্তি কোনও মুমিনের দুনিয়ার কষ্ট দূর করে, আল্লাহ কিয়ামতের দিনে তার কষ্ট দূর করবেন।” [সহিহ মুসলিম: ২৬৯৯]

রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন,

“المُسْلِمُ أَخُو المُسْلِمِ، لا يَظْلِمُهُ وَلا يُسْلِمُهُ، وَمَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ، كَانَ اللَّهُ فِي حَاجَتِهِ، وَمَنْ فَرَّجَ عَنْ مُسْلِمٍ كُرْبَةً، فَرَّجَ اللَّهُ عَنْهُ بِهَا كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ القِيَامَةِ

“এক মুসলিম আরেক মুসলিমের ভাই। সে তার প্রতি জুলুম করবে না, তাকে (শত্রুর হাতে) ছেড়ে দেবে না। যে ব্যক্তি তার মুসলিম ভাইয়ের প্রয়োজন পূরণে ব্যস্ত থাকে, আল্লাহ তার প্রয়োজন পূরণ করবেন। যে ব্যক্তি কোনও মুসলিমের কষ্ট দূর করে আল্লাহ কিয়ামতের দিনে তার কষ্ট দূর করবেন।” [সহিহ বুখারি: ২৪৪২, সহিহ মুসলিম: ২৫৮০]

❖ ৫. অন্যায় কাজ করলে নিষেধ করা:

রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ، وَذَلِكَ أَضْعَفُ الإِيمَانِ

“তোমাদের মধ্যে কেউ যদি কোনও মন্দ কাজ দেখে, তাহলে সে যেন তা হাত দিয়ে পরিবর্তন করে। যদি সে এতটা সামর্থ্য না রাখে তাহলে সে যেন মুখ দিয়ে বলে। যদি এটাও না পারে তাহলে যেন অন্তরে ঘৃণা করে। আর এটি হলো ইমানের সবচেয়ে দুর্বল স্তর।” [সহিহ মুসলিম: ৪৯]

❖ ৬. আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া এবং দ্বীন সম্পর্কে না জানলে শিক্ষা দেওয়া

আল্লাহ তাআলা বলেন,

فَلَوْلَا نَفَرَ مِن كُلِّ فِرْقَةٍ مِّنْهُمْ طَائِفَةٌ لِّيَتَفَقَّهُوا فِي الدِّينِ وَلِيُنذِرُوا قَوْمَهُمْ إِذَا رَجَعُوا إِلَيْهِمْ لَعَلَّهُمْ يَحْذَرُونَ

“তাদের প্রতিটি দল থেকে কিছু লোক যেন দ্বীনের জ্ঞান অর্জন করে এবং ফিরে এসে তাদের সম্প্রদায়কে সতর্ক করে যাতে তারা সাবধান হতে পারে।” [সূরা তওবা: ১২২]

আল্লাহ তাআলা আরও বলেন,

ادْعُ إِلَىٰ سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ وَجَادِلْهُم بِالَّتِي هِيَ أَحْسَنُ

“তোমার রবের পথে ডাকো প্রজ্ঞা ও সদুপদেশের মাধ্যমে এবং তাদের সঙ্গে উত্তম পদ্ধতিতে বিতর্ক করো।” [সূরা নাহল: ১২৫]

আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً

“আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও পৌঁছে দাও।” [সহিহ বুখারি: ৩৪৬১]

❖ ৭. বিপদাপদ এবং ভালো কাজে সাহায্য-সহযোগিতা করা:

আল্লাহ তাআলা বলেন,

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ

“আর তোমরা নেকি ও তাকওয়া বা আল্লাহ ভীতির কাজে একে অপরকে সহযোগিতা করো এবং গুনাহ ও সীমালঙ্ঘন (জুলুম) এর কাজে সহযোগিতা করো না। আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই তিনি কঠোর শাস্তি দাতা।” [সূরা মায়িদা: ২]

আল্লাহতালা আরো বলেন,

وَالْمُؤْمِنُونَ وَالْمُؤْمِنَاتُ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ ۚ يَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَيُطِيعُونَ اللَّهَ وَرَسُولَهُ ۚ أُولَٰئِكَ سَيَرْحَمُهُمُ اللَّهُ ۗ إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ

“মুমিন পুরুষ ও মুমিন নারীরা একে অপরের সাহায্যকারী। তারা সৎকর্মের আদেশ দেয়, অসৎকর্ম থেকে নিষেধ করে, সালাত প্রতিষ্ঠা করে, জাকাত প্রদান করে এবং আল্লাহ ও তাঁর রসুলের আনুগত্য করে। তাদের উপর আল্লাহ অবশ্যই দয়া করবেন। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়।” [সূরা তওবা: ৭১]

হাদিসে এসেছে,

وَاللَّهُ فِي عَوْنِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِي عَوْنِ أَخِيهِ

“যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে ততক্ষণ আল্লাহ তার সাহায্যে থাকেন।” [সহিহ মুসলিম: ২৬৯৯]

❖ ৮. কল্যাণ কামনা এবং সদুপদেশ দেওয়া:

প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

الدِّينُ النَّصِيحَةُ

“দ্বীন হলো নসিহত বা কল্যাণ কামনার নাম।” [সহিহ মুসলিম: ৫৫]

রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেছেন:

إِذَا اسْتَنْصَحَ أَحَدُكُمْ أَخَاهُ فَلْيَنْصَحْ لَهُ

“তোমাদের কেউ যদি তার ভাইয়ের কাছে উপদেশ চায়, তাহলে সে যেন তার জন্য উপদেশ দেয়।” [সুনানে ইবনে মাজাহ: ৩৭৪৫]

৯. বিশ্বাসঘাতকতা না করা, মিথ্যা না বলা ও কাউকে তুচ্ছ-তাচ্ছিল্য না করা:

প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

“المسلِمُ أخو المسلِمِ، لا يَخونُه ولا يَكذِبُهُ ولا يَخذُلُه، كُلُّ المسلِمِ على المسلِمِ حَرامٌ؛ عِرضُهُ ومالُهُ ودَمُهُ، التَّقوى هاهنا، بحسْبِ امرئٍ من الشرِّ أن يَحقِرَ أخاهُ المسلِمَ”.

“একজন মুসলিম অন্য মুসলিমের ভাই। সে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না, মিথ্যা বলে না এবং তাকে পরিত্যাগ করে না। প্রতিটি মুসলিমের জন্য অন্য মুসলিমের সম্পদ, সম্মান ও রক্ত হারাম (নিষিদ্ধ)। তাকওয়া (আল্লাহ ভীতি) এখানে (বুকের দিকে ইঙ্গিত করে)। কারও জন্য এতটুকুই মন্দ যে, সে তার মুসলিম ভাইকে তুচ্ছ জ্ঞান করে।” [সহিহ মুসলিম: ২৫৬৪]

❖ ১০. জুলুম-অবিচার না করা:

রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ، لاَ يَظْلِمُهُ، وَلاَ يُسْلِمُهُ

“এক মুসলিম অপর মুসলিমের ভাই। সে তার প্রতি জুলুম করবে না এবং তাকে শত্রুর হাতে ছেড়ে দেবে না।” [সহিহ বুখারি: ২৪৪২, সহিহ মুসলিম: ২৫৮০]

১১. দোষ-ত্রুটি গোপন রাখা:

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

وَمَنْ سَتَرَ مُسْلِمًا، سَتَرَهُ اللَّهُ يَوْمَ القِيَامَةِ

“যে ব্যক্তি কোনও মুসলিমের গোপন বিষয় গোপন রাখে, আল্লাহ কিয়ামতের দিন তার গোপন বিষয় গোপন রাখবেন।” [সহিহ বুখারি: ২৪৪২, সহিহ মুসলিম: ২৫৮০]

এখানে মূলত] সাধারণ মুসলিমদের পারস্পারিক হক ও দায়িত্ব-কর্তব্য সম্পর্কে আলোচনা করা হলো।

এ ছাড়াও ইসলামে পিতামাতা, সন্তান-সন্তুতি, স্বামী-স্ত্রী, প্রতিবেশী, ছোটদের প্রতি বড়দের ও বড়দের প্রতি ছোটদের, পথিক, মুসাফির, অসুস্থ ব্যক্তি, আলেম, শাসক ইত্যাদির বিশেষ কিছু হক রয়েছে। এসব হক সম্পর্কে জানা ও সেগুলোর প্রতি যত্নশীল হওয়া অত্যন্ত গুরুত্ব রয়েছে।

মোটকথা, একজন মুসলিমের ওপর আরেক মুসলিমের হক অনেক। এগুলো পালনের মাধ্যমে সমাজে ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য বজায় থাকে। তাই প্রত্যেক মুসলিমের উচিত, এই হকগুলো আদায় করা এবং ইসলামের নির্দেশিত পদ্ধতিতে জীবন পরিচালনা করা। মুসলিমগণ যদি পরস্পরের হকগুলো আদায় করে তাহলে নিঃসন্দেহে একটি চমৎকার সৌহার্দ পূর্ণ সহযোগিতা মূলক সুন্দর আদর্শ সমাজ গড়ে উঠবে এতে কোন সন্দেহ নেই। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। আল্লাহু আলাম।
▬▬▬▬▬ ◈◉◈▬▬▬▬▬
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব।

Saturday, February 22, 2025

শহিদ মিনারে ফুল দেওয়ার বিধান কী এবং তা কি শিরক

 প্রশ্ন: শহিদ মিনারে ফুল দেওয়ার বিধান কী? তা কি শিরক?

উত্তর: প্রথমত: আমাদের জানা জরুরি যে, ইসলামের দৃষ্টিতে কোন মুসলিম মৃত বরণ করলে (চাই স্বাভাবিক মৃত্যু হোক বা জিহাদের ময়দানে শাহাদত বরণ করুক অথবা অন্যায়ভাবে জুলুমের শিকার হয়ে মৃত্যু হোক) তার জন্য কী কী করণীয় তা নির্দিষ্ট করা আছে। যেমন: তাদের জন্য দোয়া করা, তাদের পক্ষ থেকে গরিব-অসহায় মানুষকে দান-সদকা করা ও জন কল্যাণ মূলক কাজ করা, সকদায়ে জারিয়া মূলক কার্যক্রম করা, তাদের উদ্দেশ্যে হজ-উমরা আদায় করা ইত্যাদি। এগুলোর মাধ্যমে তারা কবরে উপকৃত হবে ইনশাআল্লাহ।

পক্ষান্তরে তাদের স্মৃতি রক্ষার উদ্দেশ্যে তথাকথিত স্মৃতি স্তম্ভ ও শহীদ মিনার নির্মাণ করা, তাতে পুষ্পার্ঘ নিবেদন করা ও সেনাবাহিনী কর্তৃক স্যালুট জানানো, তাদের উদ্দেশ্য এক মিনিট নীরবতা পালন করা, মোমবাতি জ্বালান, মশাল জ্বালানো, শিখা অনির্বাণ বা শিখা চিরন্তন প্রজ্বলন ইত্যাদি হল, অমুসলিমদের সংস্কৃতি- যা অমুসলিম সংস্কৃতিতে আকণ্ঠ নিমজ্জিত ও ইসলাম সম্পর্কে অজ্ঞ মুসলিমরা অবলীলা ক্রমে তাদের অন্ধ অনুকরণ বশত: পালন করে থাকে। ইসলামের সাথে এগেুলোর দূরতম কোন সম্পর্ক নাই। ‌

অথচ ইসলামে অমুসলিমদের অনুসরণ-অনুকরণ করা কঠোরভাবে নিষিদ্ধ-চাই তা ইবাদতের ক্ষেত্রে হোক অথবা আচার-আচরণ, পোশাক-পরিচ্ছদ, রীতি-নীতি বা কৃষ্টি-কালচারের ক্ষেত্রে হোক। কেননা হাদিসে এসেছে:

❖ আবদুল্লাহ ইবনে উমর রা. হতে বর্ণিত। তিনি বলেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ

“যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করে, সে তাদের দলভুক্ত হিসেবে গণ্য হবে।” [সুনানে আবু দাউদ, অধ্যায়: পোশাক-পরিচ্ছেদ হা/৪০৩১-হাসান সহিহ]

এছাড়াও হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিয়ামতের পূর্বে অনেক মুসলিম ই*হুদি-খৃ*ষ্টানদের রীতি-নীতি অনুসরণ করবে বলে ভবিষ্যতবাণী করেছেন-বর্তমানে যার বাস্তব প্রতিফলন আমরা স্বচক্ষে দেখতে পাচ্ছি।

❖ সাহাবী আবু সাঈদ রা. থেকে বর্ণিত আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:

«لَتَتَّبِعُنَّ سَنَنَ مَنْ كَانَ قَبْلَكُمْ حذو القذة بالقذة حَتَّى لَوْ دخلوا جُحْرَ ضَبٍّ لَدخلتتُمُوهُ قالوا: يَا رسول الله الْيَهُودَ وَالنَّصَارَى. قَالَ: فَمَنْ؟»

‘‘তোমরা অবশ্যই পূর্ববর্তী উম্মতদের অভ্যাস ও রীতি-নীতির ঠিক ঐ রকম অনুসরণ করবে, যেমন এক তীরের ফলা অন্য এক তীরের ফলার সমান হয়। অর্থাৎ তোমরা পদে পদে তাদের অনুসরণ করে চলবে। এমনকি তারা যদি ষণ্ডা (মরুভূমিতে বসবাসকারী গুই সাপের ন্যায় এক ধরণের জন্তু বিশেষ) এর গর্তে প্রবেশ করে থাকে, তাহলে তোমরাও সেখানে প্রবেশ করবে।” সাহাবীগণ বললেন: হে আল্লাহর রাসূল! পূর্ববর্তী উম্মত দ্বারা আপনি কি ই*হুদী ও খৃ*ষ্টানদেরকে বোঝাচ্ছেন? তিনি বললেন: তবে আর কারা? [বুখারি, অধ্যায়: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বাণী: ”তোমরা অবশ্যই পূর্ববর্তী লোকদের রীতি-নীতির অনুসরণ করবে।” তবে বুখারির বর্ণনায় حذو القذة بالقذة – এই শব্দসমূহ নেই। তার স্থলে شبرا بشبر وذراعا بذراع শব্দগুলো রয়েছে। অর্থাৎ এক হাতের বিঘত যেমন অন্য হাতের বিঘতের সমান হয় এবং এক হাতের বাহু অন্য হাতের বাহুর সমান হয়।]

এমন কি সরাসরি মৃতদের কবরেও এসব কার্যক্রম করা দীনের মধ্যে চরম গর্হিত ও নিন্দনীয় কাজ। আর শহিদ মিনার বা স্মৃতি সম্ভে ফুল দেয়া সরাসরি শিরক না হলেও তা শিরকের দিকে ধাবিত হওয়ার মাধ্যম। কা*ফেরদের অন্ধ অনুকরণ তো বটেই। সব দিক থেকেই তা পালন করা হারাম। (আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন)

অনুরূপভাবে মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে শবিনা খানি, কুলখানি, ইসালে সওয়াব, মিলাদ মাহফিল, মৃত্যু বার্ষিকী পালন, স্মরণ সভা, ওরশ মাহফিল ইত্যাদি হল দীনের মধ্যে নব সংযোজিত বিদআত। আর বিদআত হল, ভ্রষ্টতা এবং জাহান্নামের পথ। ইসলামের লেবাস পরা ‘দেখিতে সুন্দর’ প্রতিটি বেদআতই হল, শয়তানের দেখানো সুসজ্জিত পথ। কেউ যদি বিশ্বাস করে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দীনের মধ্যে কোনও কমতি রেখে গেছেন তাহলে সে প্রকারান্তরে ইসলামকে অপূর্ণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে ‘রেসালাতের দায়িত্ব পালনে অবহেলা কারী’ হিসেবে অভিযুক্ত করল। (নাউযুবিল্লাহ) অথচ ইসলাম পরিপূর্ণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পূর্ণাঙ্গভাবে তা উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন। সুতরাং তাতে সামান্যতম সংযোজন ও বিয়োজনের কোনও সুযোগ নাই।

রাসূল সাল্লাল্লাহু আলাই হওয়া সাল্লাম দ্বীনের ভিতর নতুন নতুন বিদআত তৈরি করার ব্যাপারে কঠিন ভাবে সতর্ক করে গেছেন। তিনি বলেন,

وَإِيَّاكُمْ وَمُحْدَثَاتِ الأُمُورِ، فَإِنَّ كُلَّ بِدْعَةٍ ضَلالَةٌ

“দ্বীনের মধ্যে নতুন সৃষ্ট বিষয়াদি থেকে সাবধান! কারণ প্রতিটি নতুন আবিষ্কৃত বিষয়ই গোমরাহি।[মুসতাদরাক, কিতাবুল ইলম, আলবান রা. হাদিসটিকে সহীহ বলেছেন। দেখুন: সিলসিলা সাহীহা (সহীহ হাদিস সিরিজ) হাদিস নং ২৭৩৫]

তিনি বিভিন্ন সময় বক্তৃতা দেয়ার শুরুতে বলতেন:

أَمَّا بَعْدُ: فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ وَشَرُّ الأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلُّ بِدْعَةٍ ضَلاَلَةٌ

“অতঃপর,সর্বোত্তম বাণী হল আল্লাহর কিতাব। আর সর্বোত্তম নির্দেশনা হচ্ছে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর নির্দেশনা। সব চেয়ে নিকৃষ্ট জিনিস হল দ্বীনের মধ্যে নতুন আবিষ্কৃত বিষয়াদি। আর প্রতিটি নতুন বিষয়ই ভ্রষ্টতা।[সহীহ মুসলিম, অনুচ্ছেদ: নামায এবং খুতবা সংক্ষিপ্ত করা।]

প্রশ্নোত্তরের সার কথা হল, শহিদ মিনারে ফুল দেয়া সাংস্কৃতিক ক্ষেত্রে অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন ও তাদের অন্ধ অনুকরণের কারণে হারাম। কোনও মুসলিমের জন্য কথিত শহিদদের বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ করা এবং এর সাথে সম্পৃক্ত কোনও কার্যক্রমে অংশ গ্রহণ করা জায়েজ নাই। কেউ অজ্ঞতা বশত: এমনটি করে থাকলে তার উচিৎ, অনতি বিলম্বে আল্লাহর নিকট তওবা করা। নিশ্চয় আল্লাহ তওবা কবুল কারী। আল্লাহ আমাদেরকে সব ধরণের কু সংস্কৃতি, অমুসলিমদের অন্ধ অনুকরণ এবং ইসলামের নামে সব ধরণের বিদআতি কার্যক্রম থেকে হেফাজত করুন”। আমিন।
▬▬▬▬◆◈◆ ▬▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব।

যারা ভাষার জন্য নিহত হয়েছেন তাদেরকে ইসলামের দৃষ্টিতে শহিদ বলা যাবে কি

প্রশ্ন: যারা ভাষার জন্য নিহত হয়েছেন তাদেরকে ইসলামের দৃষ্টিতে ‘শহিদ’ বলা যাবে কি?
উত্তর: ‘শহিদ’ একটি ইসলামি পরিভাষা। সুতরাং এটি ইসলামের সঙ্গে সম্পর্কিত একটি বিষয়। ইসলামের শহিদের মর্যাদা অতুলনীয়। শহিদ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকেন।
এটি কোনো রাজনৈতিক বা সামাজিক পরিভাষা নয়। তাই ইসলামের নির্ধারিত সংজ্ঞা ছাড়া অন্য কোনো প্রসঙ্গে এই শব্দটি ব্যবহার করা উচিত নয়। ইসলামের দৃষ্টিতে তাকেই শহিদ বলা হয়, যিনি একমাত্র আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে জিহাদ করতে করতে নিহত হন।

সুতরাং কেউ যদি শুধু দেশ, ভাষা, আঞ্চলিকতা, রাজনৈতিক স্বার্থ, বংশগত আভিজাত্য কিংবা ব্যক্তিগত আক্রোশে যুদ্ধ বা সংঘর্ষে লিপ্ত হয়ে নিহত হন, তবে তিনি শহিদ হবেন না।
কিন্তু দুঃখজনকভাবে, আমাদের সমাজে এই মর্যাদাপূর্ণ বিশেষণটি রাজনৈতিক স্বার্থে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক যে কারও জন্য প্রয়োগ করা হচ্ছে!

❑ কুরআন-হাদিসের দৃষ্টিতে শহিদের পরিচয় ও মর্যাদা:

◈ আল্লাহ তাআলা বলেন:

وَلَا تَقُولُوا لِمَنْ يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٌ ۚ بَلْ أَحْيَاءٌ وَلَٰكِنْ لَا تَشْعُرُونَ

“আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয়, তাদের মৃত বলো না; বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা অনুভব করতে পারো না।” [সূরা বাকারা: ১৫৩]

◈ আল্লাহ তাআলা আরও বলেন:

فَلْيُقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يَشْرُونَ الْحَيَاةَ الدُّنْيَا بِالْآخِرَةِ ۚ وَمَنْ يُقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ فَيُقْتَلْ أَوْ يَغْلِبْ فَسَوْفَ نُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا

“কাজেই যারা পার্থিব জীবনকে আখিরাতের বিনিময়ে বিক্রি করে দেয়, তাদেরই আল্লাহর রাস্তায় যুদ্ধ করা উচিত। বস্তুত যারা আল্লাহর রাস্তায় লড়াই করে এবং অতঃপর মৃত্যুবরণ করে কিংবা বিজয় অর্জন করে, আমি তাদেরকে বিশাল প্রতিদান দান করব।” [সূরা নিসা: ৭৪]

◈ হাদিসের ভাষায় শহিদ:

عن أبي موسى قال : جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال : الرجل يقاتل للمغنم والرجل يقاتل للذكر والرجل يقاتل ليرى مكانه فمن في سبيل الله ؟ قال : ” من قاتل لتكون كلمة الله هي العليا فهو في سبيل الله”

আবু মুসা (রা.) থেকে বর্ণিত। এক ব্যক্তি রসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে এসে জিজ্ঞেস করলেন, “এক ব্যক্তি গণিমতের সম্পদ অর্জনের জন্য জিহাদ করল, একজন নিজের সুনামের জন্য জিহাদ করল, আরেকজন তার বীরত্ব দেখানোর জন্য যুদ্ধ করল। এদের মাঝে কে আল্লাহর রাস্তায় যুদ্ধ করল?”

রসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন, “যে ব্যক্তি আল্লাহর বিধানকে উচ্চকিত করতে যুদ্ধ করল, সে-ই কেবল আল্লাহর পথে যুদ্ধ করল।” [সহিহ বুখারি, হাদিস নং-২৬৫৫; সহিহ মুসলিম, হাদিস নং-৫০২৯]

❂ ইসলামের দৃষ্টিতে আরও যারা শহিদের অন্তর্ভুক্ত:

রসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন:

من قتل دون ماله فهو شهيد ومن قتل دون أهله أو دون دمه أو دون دينه فهو شهيد

• যে ব্যক্তি নিজ সম্পত্তি রক্ষায় নিহত হয়, সে শহিদ।
• যে ব্যক্তি নিজ পরিবার রক্ষায় নিহত হয়, সেও শহিদ।
• যে ব্যক্তি প্রাণ রক্ষায় কিংবা দ্বীন রক্ষায় নিহত হয় সেও শহিদ।
(সুনানে আবু দাউদ, হাদিস নং-৪৭৭৪; মুসনাদে আহমদ, হাদিস নং-১৬৫২)

❂ আরও কতিপয় ব্যক্তি যারা শাহাদাতের মর্যাদা লাভ করবেন:
রসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন:

الشهداء سبعة سوى القتل في سبيل الله المطعون شهيد والغرق شهيد وصاحب ذات الجنب شهيد والمبطون شهيد والحرق شهيد والذي يموت تحت الهدم شهيد والمرأة تموت بجمع شهيد

“আল্লাহর পথে মৃত্যুবরণ করা ছাড়াও সাত প্রকার শহিদ রয়েছে। যথা:
১. প্লেগ বা মহামারিতে মৃত্যুবরণকারী শহিদ।
২. পানিতে ডুবে মৃত্যুবরণকারী শহিদ।
৩. ফুসফুসের রোগে (প্লুরিসি) মৃত্যুবরণকারী শহিদ।
৪. পেটের রোগে মৃত্যুবরণকারী শহিদ।
৫. অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণকারী শহিদ।
৬. দেয়াল বা ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে মৃত্যুবরণকারী শহিদ।
৭. সন্তান প্রসবের সময় মৃত্যুবরণকারী নারীও শহিদ।” [মুয়াত্তা মালিক, হাদিস নং-৫৫৪, ৮০২; আল-মু’জামুল কাবীর, হাদিস নং-১৭৮০; সহিহ কুনুজুস সুন্নাহ, হাদিস নং-২৩]

❑ কাউকে নির্দিষ্টভাবে শহিদ বলা জায়েজ নাই:

আল্লাহ এবং তাঁর রসুল যাদেরকে নির্দিষ্টভাবে শহিদ হিসেবে আখ্যায়িত করেছেন তাদেরকে ছাড়া আর কোন মানুষকে নির্দিষ্ট করে শহিদ বলা জায়েজ নাই। সে যেই হোক না কেন। এমনকি জিহাদে কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে মারা গেলেও তাদেরকে নির্দিষ্টভাবে শহিদ বলা বৈধ নয় যে, উমুক, উমুক শহিদ। কারণ আমি-আপনি জানি না সে কী নিয়তে জিহাদ করেছে। আল্লাহর দ্বীনের জন্য নাকি মানুষ তাকে বীর যোদ্ধা বা সহাসী মুজাহিদ বলবে সে জন্য।

তবে কোনও ব্যক্তির বাহ্যিক অবস্থার প্রতি সুধারণা রেখে তা জন্য দুআ করা যাবে যে, আল্লাহ তাকে শহিদ হিসেবে কবুল করুন। অথবা আশা করা যায়, যে সে আখিরাতে শহিদি মর্যাদা লাভ করবে। অথবা আমভাবে বলা যাবে যে, যারা আল্লাহর পথে যুদ্ধ করতে তারা শহিদ. যারা এই এই করবে তারা শহিদ। কিন্তু নাম ধরে নির্দিষ্টভাবে নয়। ইমাম বুখারি এভাবে একটি অধ্যায় রচনা করেছেন যে,

باب لا يقال: فلان شهيد

”একথা বলা যাবে না যে, অমুক ব্যক্তি শহিদ।”

ইবনে হাজার আসকালানি রাহ. বলেন,

: أي على سبيل القطع بذلك إلا إن كان بالوحي، وكأنه أشار إلى حديث عمر أنه خطب فقال: تقولون في مغازيكم فلان شهيد ومات فلان شهيداً ولعله قد يكون قد أوقر راحلته. ألا لا تقولوا ذلكم ولكن قولوا كما قال رسول الله صلى الله عليه وسلم: من مات في سبيل الله أو قتل فهو شهيد. وهو حديث حسن أخرجه أحمد وسعيد بن منصور وغيرهما من طريق محمد بن سيرين … وعلى هذا فالمراد النهي عن تعيين وصف واحد بعينه بأنه شهيد، بل يجوز أن يقال ذلك على طريق الإجمال. انتهى

অর্থাৎ ওহির মাধ্যমে অবগত হওয়া ব্যতীত অকাট্য ভাবে কারও জন্য শহিদ হওয়ার ফায়সালা দেওয়া যাবে না। তিনি (ইমাম বুখারি রাহ.) সম্ভবত উমর রা. এর একটি ভাষণের দিকে ইংগিত করেছেন। তিনি বলেছেন, “তোমরা যুদ্ধ ক্ষেত্রে বলে থাক, অমুক ব্যক্তি শহিদ, অমুক ব্যক্তি শহিদ হয়ে মৃত্যু বরণ করেছে। কিন্তু হতে পারে সে তার বাহনে আরোহন করেছে, ব্যবসার উদ্দেশ্যে।

খবরদার! এভাবে বলো না বরং তোমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মতো বল যে, “যে ব্যক্তি আল্লাহর রাস্তায় মৃত্যু বরণ করল অথবা জীবন দিল সে শহিদ।” [মুসনাদ আহমদ-হাসান]

এ কথার ভিত্তিতে ইমাম বুখারির অনুচ্ছেদ দ্বারা উদ্দেশ্য হল, কাউকে নির্দিষ্টভাবে শহিদ উপাধিতে ভূষিত করা নিষিদ্ধ। তবে অনির্দিষ্টভাবে তা বলা জায়েজ।” [ফাতহুল বারি ৬/৯০] আল্লাহু আলাম।
▬▬▬▬✪✪✪▬▬▬
উত্তর প্রদান করেছেন:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানী।

দাঈ, জুবাইল দাওয়াহ অ্যান্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব। 

কুরআনের কসম এবং কুরআন হাতে নিয়ে কসম করার বিধান

 নিম্নে এ বিষয়ে অতি সংক্ষেপে আলোচনা করা হলো:

❑ কুরআনের কসম করার বিধান:

ইসলামের দৃষ্টিতে কসম করার সঠিক নিয়ম হলো, কেবল আল্লাহর নাম বা তাঁর গুণের কসম খাওয়া। যেমন: “আল্লাহর নামে কসম করছি…” বা “আল্লাহর ইজ্জতের কসম করছি…”। কারণ আল্লাহর নামে কসম খাওয়ার চেয়ে বড় কিছু আর হতে পারে না। কেউ যদি কুরআনের কসম করে এই বিশ্বাসে যে, এটি আল্লাহর কালাম বা বাণী তবে তা বৈধ। কারণ আল্লাহর কালাম তাঁর গুণের অন্তর্ভুক্ত। ইসলামি শরিয়তে আল্লাহর গুণের কসম করা বৈধ। কারণ আল্লাহর গুণ তাঁর সত্তার অবিচ্ছেদ্য অংশ। কিন্তু যদি কেউ কুরআন দ্বারা কাগজ, কালি ও আরবি বর্ণমালাকে বোঝায় তবে তা বৈধ নয়; বরং এটি শিরকের অন্তর্ভুক্ত। কারণ কাগজ, কালি ও আরবি বর্ণমালা মাখলুক বা সৃষ্ট জিনিস। সুতরাং কুরআনের কসম পরিহার করাই উত্তম।

এ প্রসঙ্গে বিংশ শতকের অন্যতম শ্রেষ্ঠ ফকিহ আল্লামা আব্দুল আজিজ বিন বায রাহ. বলেন,

إذا حلف بالمصحف قصده القرآن بكلام الله فلا بأس؛ لأن القرآن كلام الله، فإذا قال: وعزة الله، أو وكلام الله، أو بالمصحف، وقصده القرآن مقصوده كلام الله U فهذا يمين لا بأس به، هذه يمين لا بأس بها، ولا حرج فيها، والحمد لله، مثلما لو قال: وعزة الله، وعلم الله، وكلام الله لا بأس، يحلف بصفة من صفات الله، كما لو قال: والرحمن والرحيم، والعزيز، والحكيم، فهكذا إذا قال: وعزة الله، ورحمة الله، وعلم الله، وكلام الله لا بأس

“যদি কেউ কুরআনের কসম করে এবং তার উদ্দেশ্য হয় আল্লাহর বাণী তথা কালামুল্লাহ তাহলে এতে কোনও সমস্যা নেই। কারণ কুরআন আল্লাহর কালাম।

সুতরাং যদি কেউ বলে: “আল্লাহর ইজ্জতের কসম”, “আল্লাহর কালামের কসম” বা “কুরআনের কসম” এবং তার উদ্দেশ্য হয় আল্লাহর বাণী, তাহলে এটি বৈধ কসম হবে এতে কোনও সমস্যা নেই, আলহামদুলিল্লাহ।

এটি তেমনই যেমন কেউ বলে: “আল্লাহর ইজ্জতের কসম”, “আল্লাহর জ্ঞানের কসম”, “আল্লাহর বাণীর কসম”— এতে কোনও অসুবিধা নেই। কেননা এটি আল্লাহর একটি সিফত বা গুন।। যেমন কেউ যদি বলে: “রহমানের কসম”, “রহিমের কসম”, “আযীযের কসম”, “হাকীমের কসম” এগুলোও বৈধ কসম।

একইভাবে, “আল্লাহর ইজ্জতের কসম”, “আল্লাহর রহমতের কসম”, “আল্লাহর জ্ঞানের কসম”, “আল্লাহর বাণীর কসম” বলাও বৈধ।” (সমাপ্ত)

❑ কুরআন হাতে (আল্লাহর নামে) কসম করার বিধান:

কুরআনের উপর হাত রেখে কসম করা, তা সরাসরি কুরআনের পাতার ওপর হোক বা তার মলাটের ওপর হোক শরিয়ত অনুমোদিত নয়। বরং বহু আলেম এটিকে সুন্নাহ পরিপন্থী বা বিদআত বলেছেন।

নিম্নে এ প্রসঙ্গে বিশ্ববরেণ্য কতিপয় আলিমের ফতোয়া উল্লেখ করা হলো:

❂ ১. ইবনে কুদামা আল হাম্বলি রহ. তার “আল-মুগনি” গ্রন্থে উল্লেখ করেছেন যে, কতিপয় আলেম কসমকে আরও দৃঢ় করার জন্য কুরআনের ওপর হাত রেখে কসম করাকে পছন্দ করেছেন। কিন্তু তিনি বলেন:

وَهَذَا زِيَادَةٌ عَلَى مَا أَمَرَ بِهِ رَسُولُ اللَّهِ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – فِي الْيَمِينِ، وَعلى ما فَعَلَهُ الْخُلَفَاءُ الرَّاشِدُونَ وَقُضَاتُهُمْ، مِنْ غَيْرِ دَلِيلٍ وَلَا حُجَّةٍ يُسْتَنَدُ إلَيْهَا، وَلَا يُتْرَكُ فِعْلُ رَسُولِ اللَّهِ – صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ – وَأَصْحَابِهِ لِفِعْلِ ابْنِ مَازِنٍ وَلَا غَيْرِهِ.انتهى.

“এটি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে পদ্ধতিতে কসম নেওয়ার নির্দেশ দিয়েছেন তার থেকে যেমন অতিরিক্ত কিছু তেমনি এটি খোলাফায়ে রাশেদিন এবং তাদের বিচারকদের বিচারকার্য থেকে অতিরিক্ত। এর পক্ষে কোনও গ্রহণযোগ্য দলিল বা প্রমাণ নেই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও তাঁর সাহাবিদের আমল ছেড়ে ইবনে মাজিন বা অন্য কারও আমল অনুসরণ করা উচিত নয়।”

❂ ২. কুরতুবি রহ. তার তাফসিরে লিখেছেন:

“শাফেয়ি মাজহাবের অনুসারীরা কসমের কঠোরতা বাড়ানোর জন্য কুরআনের ওপর হাত রেখে কসম নেওয়ার কথা বলেছেন। তবে ইবনুল আরাবি (রহ.) এটিকে বিদআত বলেছেন এবং উল্লেখ করেছেন যে, সাহাবিদের মধ্যে কেউ কখনো এই পদ্ধতি অবলম্বন করেননি।”

❂ ৩. শাইখ ইবনে উসাইমিন রহ. সৌদি আরবের জনপ্রিয় “নুরুন আলাদ-দারব” শীর্ষক এক রেডিও অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে বলেছেন:

وإذا حلف بالله سبحانه وتعالى فإنه لا حاجة إلى أن يأتي بالمصحف ليحلف عليه، فالحلف على المصحف أمر لم يكن عند السلف الصالح، لم يكن في عهد النبي صلى الله عليه وسلم ولا في عهد الصحابة، حتى بعد تدوين المصحف لم يكونوا يحلفون على المصحف بل يحلف الإنسان بالله سبحانه وتعالى بدون أن يكون ذلك على المصحف.

“যদি কেউ আল্লাহর নামে কসম করে তাহলে কুরআন হাতে নেওয়ার কোনও প্রয়োজন নেই। কুরআনের ওপর হাত রেখে কসম করা আমাদের সালাফদের যুগে ছিল না। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাহাবিগণ এবং এমনকি কুরআন সংকলনের পরও প্রচলিত ছিল না। বরং মানুষ আল্লাহর নামে কসম খেত কুরআন হাতে না নিয়েই।”

❂ ৪. তিনি আরও বলেন:

الحلف على المصحف لتأكيد اليمين: وهذه صيغة لا أعلم لها أصلاً من السنة فليست مشروعة

“কসম দৃঢ় করার জন্য কুরআনের ওপর হাত রেখে কসম নেওয়ার কোনও ভিত্তি আমি সুন্নতে পাইনি। এটি শরিয়তসম্মত নয়।”

❂ ৫. “লাজনাতুদ দায়িমাহ” (সৌদি স্থায়ী ফতোয়া কমিটি) তাদের ফতোয়ায় বলেছেন:

الحلف على المصحف أو على (صحيح البخاري) لا أصل له في الشرع، وإنما هو من عمل بعض الجهال، فيجب ترك هذه العادة، وتعظيم اليمين بالله عز وجل من غير أن يكون ذلك على المصحف أو (صحيح البخاري) أو غيرهم

“কুরআন বা ‘সহিহ বুখারি’ এর ওপর হাত রেখে কসম করার কোনও শরয়ি ভিত্তি নেই। এটি কিছু অজ্ঞ লোকের প্রচলিত কাজ মাত্র।

সুতরাং এ ধরনের প্রথা পরিহার করা উচিত এবং আল্লাহ তাআলার নামে কসমকে যথাযথভাবে সম্মান করা উচিত, তবে তা কুরআন বা অন্য কোনও কিতাবের ওপর হাত রেখে করা উচিত নয়।” [ফতোয়াগুলোর উৎস: Islam Q&A]

বিজ্ঞ আলেমদের উপরোক্ত ফতোয়া ও আলোচনা থেকে প্রমাণিত হলো যে, কুরআন হাতে নিয়ে কসম করা সাহাবিদের যুগে প্রচলিত ছিল না এমনকি কুরআন সংকলিত হওয়ার পরও সাহাবি ও তাবেয়িদের মধ্যে এটি দেখা যায়নি। সুতরাং কুরআনুল কারিমের উপর হাত রেখে কসম করা শরিয়ত সম্মত নয় বরং বিদআত।

❑ আল্লাহ তাআলা ও তাঁর গুণ ছাড়া অন্য কিছুর কসম খাওয়া শিরক:

মুসলিমদের জন্য মনে রাখা আবশ্যক যে, ইসলামে একমাত্র আল্লাহ এবং তার সিফত বা গুণাবলী ছাড়া অন্য কোনও ব্যক্তি, বস্তু, গাছ, মাছ, পাথর, পীর, মাজার, মাটি, দানা, বাবা, মা, সন্তান ইত্যাদির কসম খাওয়া শিরক। তবে এটি বান্দার নিয়তের উপর নির্ভর করে কখনো শিরকে আসগর (ছোট শিরক) আবার কখনো শিরকে আকবার (বড় শিরক) হতে পারে।

◆ ওমর ইবনুল খাত্তাব রা. হতে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

مَنْ حَلَفَ بِغَيْرِ اللَّهِ فَقَدْ كَفَرَ أَوْ أَشْرَكَ

“যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কিছুর নামে কসম করল, সে কুফরি করল অথবা শিরক করল।” [আবু দাউদ: ৩২৫১, সহিহ]

◆ আব্দুল্লাহ ইবনে ওমর রা. হতে বর্ণিত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:

لَا تَحْلِفُوا بِآبَائِكُمْ مَنْ حَلَفَ بِاللَّهِ فَلْيَصْدُقْ، وَمَنْ حُلِفَ لَهُ بِاللَّهِ فَلْيَرْضَ، وَمَنْ لَمْ يَرْضَ بِاللَّهِ فَلَيْسَ مِنَ اللَّهِ

“তোমরা তোমাদের পিতাদের নামে কসম করো না। যে আল্লাহর নামে কসম করে, সে যেন সত্য বলে; আর যার জন্য আল্লাহর নামে কসম করা হয়, সে যেন সন্তুষ্ট হয়। আর যে সন্তুষ্ট হলো না, তার সাথে আল্লাহর কোনও সম্পর্ক নেই।” [সহিহ মুসলিম: ১৬৪৪]

◆ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেছেন:

مَنْ كَانَ حَالِفًا فَلْيَحْلِفْ بِاللَّهِ أَوْ لِيَصْمُتْ

“যে কসম করতে চায়, সে যেন আল্লাহর নামে কসম করে অথবা চুপ থাকে।” [সহিহ বুখারি: ২৬৭৯]

◆ ইবনে মাসউদ রা. বলেন:

لَأَنْ أَحْلِفَ بِاللَّهِ كَاذِبًا أَحَبُّ إِلَيَّ مِنْ أَنْ أَحْلِفَ بِغَيْرِهِ صَادِقًا

“গায়রুল্লাহ তথা আল্লাহ ছাড়া অন্য কোনও ব্যক্তি বা বস্তুর নামে সত্য কসম করার চেয়ে, আল্লাহর নামে মিথ্যা কসম করা আমার কাছে অধিক প্রিয়।” [ইরওয়াউল গালিল, হা/২৫৬২]

❑ কেউ যদি পরিস্থিতি শিকার হয়ে কুরআন হাতে নিয়ে কসম খেতে বাধ্য হয়:

কুরআন হাতে কসম করা যেমন জায়েজ নয় তেমনি কাউকে কুরআন হাতে নিয়ে কসম করতে বা এ জন্য বাধ্য করা জায়েজ নয়। কিন্তু যদি কোনও ব্যক্তি নির্দোষ হওয়ার পরও তাকে কোনও গুরুতর অপরাধের জন্য অভিযুক্ত করা হয় এবং অভিযোগকারী ব্যক্তি তাকে অজ্ঞতা বশতঃ কুরআন হাতে নিয়ে কসম খেতে বাধ্য করতে চায় অন্যথায় তাকে জেল-জরিমানা বা বিভিন্ন ধরণের শাস্তির সম্মুখীন করা হবে-এমন পরিস্থিতিতে নিরপরাধ ব্যক্তি নিজেকে নির্দোষ প্রমাণের জন্য কুরআন হাতে নিয়ে কসম খেতে পারে। এতে তার গুনাহ হবে না বরং যে তাকে বাধ্য করেছে সে গুনাহগার হবে। তবে অন্তরে সে এ কাজকে হারাম বলে বিশ্বাস করবে।

হাদিসে এসেছে, হাদিসে বর্ণিত হয়েছে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
«إِنَّ اللَّهَ تَجَاوَزَ عَنْ أُمَّتِي الْخَطَأَ وَالنِّسْيَانَ وَمَا اسْتُكْرِهُوا عَلَيْه»

‘নিশ্চয় আল্লাহ আমার উম্মতের অনিচ্ছা বশত: এবং ভুলে যাওয়ার কারণে ঘটে যাওয়া গুনাহ এবং জোর জবরদস্তি মূলক কৃত গুনাহ ক্ষমা করে দিয়েছেন।” [আবু দাউদ, হা/৭২১৯-সহিহ]
এ ক্ষেত্রে সে সে পবিত্র অবস্থায় কুরআন হাতে নিয়ে আল্লাহর নামে কসম করবে।
▬▬▬▬▬ ◈◉◈▬▬▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব।

বারবার সিজার বা জরায়ু অপসারণ ও সন্তান গ্রহণের বিষয়ে ইসলামি দৃষ্টিকোণ

 প্রশ্ন: আমার দুইটি সন্তান রয়েছে। দুটোই সিজারিয়ান ডেলিভারির মাধ্যমে হয়েছে। আমি নরমাল ডেলিভারির জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু সম্ভব হয়নি। এখন তৃতীয় সন্তানের ব্যাপারে আমি আমার ডাক্তারকে জিজ্ঞাসা করেছি। তিনি বলেছেন, তৃতীয় সিজার করা যায় তবে এতে ঝুঁকি থাকে এবং জরায়ু কেটে ফেলতে হতে পারে। কারণ বারবার সিজার করানো জরায়ুর সংক্রমণের কারণ হতে পারে।

এক্ষেত্রে কী করা উচিত? সন্তান নেওয়ার চেষ্টা করা কি ঠিক হবে যেহেতু ডাক্তার বলছেন জরায়ু কেটে ফেলতে হতে পারে? আবার ইসলামে বেশি বেশি সন্তান গ্রহণের ব্যাপারে উৎসাহ দেওয়া হয়েছে, এক্ষেত্রে সন্তান নেওয়ার চেষ্টা না করলে কি গুনাহ হবে? পুরুষ ডাক্তারের মাধ্যমে সন্তান ভূমিষ্টের জন্য সিজার করার বিধান জানতে চাই।

উত্তর: নিম্নে অতিসংক্ষেপে পুরুষ ডাক্তারের মাধ্যমে সন্তান ভূমিষ্টের জন্য সিজার করা, জরায়ু অপসারণ এবং অধিক সন্তান গ্রহণ বিষয়ক প্রশ্নগুলোর উত্তর দেওয়া হলো: وبالله التوفيق

❑ ১. ইসলামের দৃষ্টিতে অভিজ্ঞ নারী চিকিৎসক থাকা অবস্থায় পুরুষ চিকিৎসকের নিকট সিজার করা জায়েজ নয়:

ইসলামি শরিয়তে নারীর সংবেদনশীল স্থান কেবলমাত্র স্বামী ব্যতীত অন্য কোনও নারী বা পুরুষের জন্য দেখা বা স্পর্শ করা জায়েজ নয় যদিও সে মাহরাম (যেমন: ছেলে, বাবা, ভাই) হয়ে থাকে। তবে যদি কোনও যোগ্য নারী চিকিৎসক পাওয়া না যায় এবং পরিস্থিতি একান্তই সংকটময় হয় তখন সিজারের ক্ষেত্রে প্রয়োজনে পুরুষ চিকিৎসকের সাহায্য নেওয়া বৈধ হবে।

এক্ষেত্রে পুরুষ চিকিৎসককে অবশ্যই গ্লাভস পরিধান করতে হবে এবং রোগীর শরীর যথাসম্ভব আবৃত রাখতে হবে যাতে একান্ত প্রয়োজনীয় স্থান ব্যতীত অন্য কোনও অংশ প্রকাশিত না হয়।

– শরিয়তের একটি গুরুত্বপূর্ণ নীতিমালা হলো:

الضرورة تبيح المحظورات

“প্রয়োজন নিষিদ্ধ বিষয়গুলোকে বৈধ করে দেয়।”

(এ বিষয়ে বিশেষজ্ঞ আলেমদের ফতোয়া সহকারে আলাদা পোস্ট রয়েছে)
সিজার ছাড়াও জটিল নারী রোগের ক্ষেত্রে চিকিৎসা গ্রহণের বিধান একই।

❑ ২. বারবার সিজার ও জরায়ু অপসারণের বিষয়ে শরিয়তের দৃষ্টিভঙ্গি:

সন্তান জন্মদান ও চিকিৎসা সংক্রান্ত বিষয়ে শরিয়তের মূলনীতি হলো, যদি এটি মাতার জীবন বা স্বাস্থ্যঝুঁকির কারণ হয়, তাহলে ইসলাম এ ক্ষেত্রে ছাড় দেয়। নিম্নে এ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা পেশ করা হলো:

❂ ক. নিজের প্রাণহানির ঝুঁকি থাকলে সন্তান না নেওয়া বৈধ:

যদি তৃতীয় সিজার করার কারণে আপনার জীবন বা স্বাস্থ্য মারাত্মক ঝুঁকির সম্মুখীন হয়, তাহলে শরিয়ত আপনাকে সন্তান গ্রহণ থেকে বিরত থাকার অনুমতি দেয়। কারণ ইসলাম জীবন রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়।

প্রাণহানি বা মারাত্মক ক্ষতির আশঙ্কায় কঠোর বিধিনিষেধ শিথিল হওয়ার দলিল:

আল্লাহ তাআলা বলেন:

فَمَنِ ٱضْطُرَّ غَيْرَ بَاغٍۢ وَلَا عَادٍۢ فَلَآ إِثْمَ عَلَيْهِ ۚ

“কিন্তু যদি কেউ নিরুপায় হয়ে পড়ে (হারাম কিছু খেতে), অথচ সে অবাধ্য বা সীমালঙ্ঘনকারী না হয়, তবে তার জন্য কোনো পাপ নেই।” [সূরা বাকারা ২: ১৭৩]

সুতরাং যদি কোনো নারী বারবার সিজার করানোর ফলে গুরুতর স্বাস্থ্যঝুঁকিতে পড়ে এবং ডাক্তাররা নিশ্চিত করেন যে, জরায়ু রেখে দিলে বিপদ হবে তাহলে এটি إضطرار (অপরিহার্য অবস্থা) হিসেবে গণ্য হবে এবং তখন শরিয়ত এ ব্যাপারে শিথিলতা প্রদান করে। অর্থাৎ এ পরিস্থিতি জরায়ু অপসারণ করা জায়েজ।

❂ খ. নিজের প্রাণহানি ঘটানো হারাম। তাই ঝুঁকিপূর্ণ কিছু থেকে বেঁচে থাকা জরুরি:

আল্লাহ তাআলা বলেন,

وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ

“নিজেদের হাত দিয়ে নিজেদের ধ্বংসের মুখে নিক্ষেপ করো না।” [সূরা বাকারা: ১৯৫]

সুতরাং যদি বিশ্বস্ত ও অভিজ্ঞ ডাক্তার নিশ্চিত করেন যে তৃতীয়বার সিজার মারাত্মক ঝুঁকিপূর্ণ হতে পারে তাহলে সন্তান নেওয়া থেকে বিরত থাকা বৈধ হবে। এতে গুনাহ হবে না। কারণ ইসলাম নিজেকে ধ্বংসের মুখে ফেলা নিষিদ্ধ করেছে।

❂ গ. জরায়ু অপসারণ (হিস্টেরেকটমি) কেবলমাত্র চূড়ান্ত প্রয়োজনেই করা উচিত:

যদি চিকিৎসক নিশ্চিতভাবে বলেন যে, জরায়ু না কাটলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি হতে পারে তবে শরিয়তের দৃষ্টিতে এটি বৈধ হবে। তবে শুধুমাত্র সম্ভাব্য সংক্রমণের আশঙ্কায় জরায়ু অপসারণ করা উচিত নয় বরং বিশেষজ্ঞ ও বিশ্বস্ত চিকিৎসকের সুস্পষ্ট মতামত প্রয়োজন।

❑ ৩. সন্তান গ্রহণ না করলে গুনাহ হবে কি?

অধিক সন্তান নেওয়ার ব্যাপারে ইসলামে উৎসাহিত করা হয়েছে; আবশ্যক করা হয়নি।

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:

تَزَوَّجُوا الْوَدُودَ الْوَلُودَ فَإِنِّي مُكَاثِرٌ بِكُمُ الْأُمَمَ يَوْمَ الْقِيَامَةِ

“তোমরা এমন নারীকে বিয়ে করো, যে বেশি ভালোবাসে এবং বেশি সন্তান প্রসব করে। কারণ, আমি কিয়ামতের দিন তোমাদের সংখ্যাধিক্যে গর্ব করব।” [সুনান আবু দাউদ, হাদিস: ২০৫০, সহিহ]

সুতরাং বিশেষ কারণে কেউ যদি অধিক সন্তান গ্রহণ থেকে বিরত থাকে তাহলে এতে কোনও গুনাহ নেই। কেননা ইসলামে বেশি সন্তান গ্রহণের বিষয়টি তখনই প্রযোজ্য যখন তা মায়ের জন্য ক্ষতির কারণ না হয়। যদি এটি তার জন্য শারীরিক বড় ধরণের ক্ষয়-ক্ষতি বিপদের কারণ হয় তবে তা জরুরি নয়। অর্থাৎ তা শারীরিক সামর্থ্যের ওপর নির্ভরশীল। যদি শরীরিক বা চিকিৎসাগত কারণে আপনি সন্তান নেওয়া থেকে বিরত থাকেন তাহলে গুনাহ হবে না। বরং শরিয়ত আপনাকে নিজের স্বাস্থ্য ও জীবনের সুরক্ষার জন্য পদক্ষেপ নিতে অনুমতি দেয়।

রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন:

لَا ضَرَرَ وَلَا ضِرَارَ

“নিজের ক্ষতি করো না এবং অন্যের ক্ষতিসাধন করো না।” [সুনান ইবন মাজাহ, হাদিস: ২৩৪১, সহিহ]

সুতরাং যদি মা অতিরিক্ত সন্তান ধারণ করলে মারাত্মক শারীরিক ক্ষতির সম্মুখীন হওয়ার ঝুঁকিতে থাকেন তাহলে সন্তান নেওয়া থেকে বিরত থাকা জায়েজ। এতে কোনও গুনাহ নেই ইনশাআল্লাহ।

❑ ৪. চিকিৎসা সংক্রান্ত বিষয়ে শরিয়তের মূলনীতি:

ইসলামি আইন বিশেষজ্ঞগণ বলেন:

الضرورات تبيح المحظورات

“প্রয়োজনীয়তা নিষিদ্ধ বিষয়কে বৈধ করে তোলে।” [আল-কাওয়ায়িদ আল-ফিকহিয়া]

অতএব যদি শারীরিক সমস্যা বা চিকিৎসাগত কারণে জরায়ু অপসারণ করতে হয় এবং এটি না করলে জীবননাশের ঝুঁকি থাকে তাহলে শরিয়তে তা বৈধ।

❖ পরামর্শ:

প্রথমে একজন অভিজ্ঞ ইসলামি চিকিৎসকের পরামর্শ নিন। যদি ঝুঁকি সত্যিই গুরুতর হয় তাহলে স্থায়ী জন্মনিয়ন্ত্রণ বা জরায়ু অপসারণের মতো পদক্ষেপ নেওয়া যেতে পারে। তবে শুধুমাত্র সম্ভাব্য ভয় বা আশঙ্কার ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। আল্লাহর ওপর ভরসা রাখুন এবং দোয়া করুন যেন তিনি আপনার জন্য কল্যাণ নির্ধারণ করেন।

❖ সারাংশ:

✅ যদি চিকিৎসক বলেন যে, তৃতীয়বার সিজার করালে গুরুতর স্বাস্থ্যঝুঁকি রয়েছে তাহলে সন্তান নেওয়া থেকে বিরত থাকা জায়েজ এবং এতে কোনো গুনাহ নেই।
✅ যদি জরায়ু অপসারণ ছাড়া বিকল্প না থাকে তাহলে তা বৈধ হবে তবে নিশ্চিত হতে একাধিক ইসলামি চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
✅ সন্তান নেওয়া ইসলামে উৎসাহিত হলেও এটি বাধ্যতামূলক নয় বরং শারীরিক সামর্থ্যের ওপর নির্ভর করে। আল্লাহু আলাম-আল্লাহই সর্বজ্ঞ।

▬▬▬▬▬ ◈◉◈▬▬▬▬▬
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব।

Translate