Wednesday, February 22, 2023

মক্কার সাথে মুকাররামা এবং মদিনার সাথে মুনাওয়ারা বিশেষণ ব্যবহারের বিধান

 মক্বা শব্দের সাথে ‘মুকাররমা” (সম্মানিত) আর মদিনা শব্দের সাথে ‘মুনাওয়ারা‌’ (আলোকিত) শব্দের ব্যবহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবিদের যুগে পরিচিত ছিল না। পরবর্তীতে মানুষ মুসলিম জাতির সবচেয়ে সম্মান ও আবেগের এই দুই জায়গার প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে এই শব্দগুলো যুক্ত করেছে। ফলে মক্কা মুকাররামা বা মক্কাতুল মুকাররমা (مكة المكرمة) এবং মদিনা মুনাওয়ারা (المدينة المنورة) নামগুলো সর্বত্র ব্যাপক ভাবে প্রচলিত হয়ে গেছে। কিন্তু যুগ পরম্পরায় আলিমগণ কখনো এই শব্দগুলোর ব্যাপারে শক্ত আপত্তি করেননি বা এগুলোকে বিদআত হিসাবে আখ্যায়িত করেননি।

অবশ্য কোন কোন আলেম বলেছেন, ‘মদিনা মুনাওয়ারা’-এর পরিবর্তে ‘মদিনাতুন‌ নবী’ (مدينة النبي صلى الله عليه وسلم নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর শহর), বা (المدينة النبوية) মদিনাহ নববিয়াহ ব্যবহার করা উত্তম। কারণ মদিনা মুনোয়ারা (আলোকিত শহর)-এর মধ্যে ভ্রান্ত অর্থ নেওয়ার আশঙ্কা রয়েছে। আর তা হল, বিদআতিরা বিশ্বাস করে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের সৃষ্টি এবং তার কবর থেকে নূর বা আলো বিচ্ছূরিত হয়ে এই শহরকে আলোকিত করেছে। তবে আমরা বলব, আল্লাহর নবীর কবরের নূর নয় বরং মক্কা এবং মদিনা উভয়টি আল্লাহর নবীর উপরে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ইলমে ওহি তথা ঐশী জ্ঞানের আলোয় আলোকিত শহর। আসমানি জ্ঞানের আলোর বিচ্ছুরণে এই শহরদ্বয় থেকে অজ্ঞতার অমানিশা বিদূরিত হওয়ার পাশাপাশি সেই আলো আলোকিত করেছে অন্ধকারাচ্ছন্ন সমগ্র পৃথিবীকে।

🔸আল্লামা শাইখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহ.-কে প্রশ্ন করা হয় যে, মক্কার বিশেষণ হিসেবে ‘মুকাররামা’ (সম্মানিত) এবং মদিনার বিশেষণ হিসেবে ‘মুনাওয়ারা’ (আলোকিত) শব্দ ব্যবহার কি বিদআতের অন্তর্ভূক্ত? ‘মক্কা মুকাররামা মুহাররামা’ এবং ‘মদিনা নববিয়া’ বলা কি অধিক উত্তম? দয়া করে জানিয়ে বাধিত করবেন। জাযাকুমুল্লাহু খাইরান।

উত্তরে তিনি বলেন,

لا أعلم أن مكة توصف بـ مكة المكرمة في كلام السلف، وإنما يقال: مكة فقط، وكذلك المدينة لا توصف بأنها منورة في كلام السلف وإنما يسمونها المدينة، لكن حدث أخيراً بأن يقال في مكة: المكرمة، ويقال في المدينة: المنورة، ومكة سماها الله سبحانه وتعالى بلداً آمناً، وسماها بلداً محرماً، كما قال سبحانه {إِنَّمَا أُمِرْتُ أَنْ أَعْبُدَ رَبَّ هَذِهِ الْبَلْدَةِ الَّذِي حَرَّمَهَا} [النمل:٩١]، وكذلك مباركة، وأما المدينة فهي لا شك المدينة النبوية وأنها طيبة كما سماها النبي صلى الله عليه وسلم بـ طيبة، لكن الناس اتخذوها عادة أن يقولوا: المدينة المنورة ومكة المكرمة، وليتهم يقولون: مكة فقط والمدينة فقط؛ لأننا لسنا أشد تعظيماً لهذين البلدين ممن سلفنا
“সালাফদের কথাবার্তায় মক্কা ‘মক্কাতুল মুকাররামা’ নামে পরিচিত ছিল বলে জানা নেই। অনুরূপভাবে সালাফদের কথাবার্তায় মদিনাকে ‘মদিনাতুল মুনাওয়ারা’ নামেও বিশেষিত করা হতো না। তারা শুধু ‘মদিনা’ বলতেন। কিন্তু পরবর্তীতে ‘মক্কা মুকাররামা’ এবং ‘মদিনা মুনাওয়ারা’ বলার বিষয়টি ঘটেছে।
আল্লাহ তাআলা মক্কাকে আল বালাদুল আমিন বা ‘নিরাপদ শহর’ বলে নামকরণ করেছেন। ‘আল বালাদুল হারাম বা ‘সম্মানিত শহর’ বলে নামকরণ করেছেন। যেমন: আল্লাহ বলেন,
إِنَّمَا أُمِرْتُ أَنْ أَعْبُدَ رَبَّ هَٰذِهِ الْبَلْدَةِ الَّذِي حَرَّمَهَا
“আমি তো কেবল এই নগরীর প্রভুর এবাদত করতে আদিষ্ট হয়েছি, যিনি একে হারাম (সম্মানিত) করেছেন।” [সূরা নামল: ৯১] অনুরূপভাবে তা মুবারাকাহ বা বরকতমণ্ডিত।
আর নিঃসন্দেহে মদিনা হল, ‘মদিনাতুন নববিয়াহ’, এটি ‘তাইয়েবাহ’ (পবিত্র)। যেমন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটিকে ‘তাইয়েবা’ (পবিত্র) বলে নামকরণ করেছেন। কিন্তু মানুষ ‘মদিনা মুনাওয়ারা’ ও‌ ‘মক্কা মুকাররামা’ বলাকে অভ্যাস বানিয়ে নিয়েছে। মানুষ যদি শুধু মক্কা বলতো, শুধু মদিনা বলতো তাহলে কতই না ভালো হতো! কারণ আমরা তো এই দুই শহরকে আমাদের সালাফদের থেকে বেশি সম্মান করি না।” [মাজমু ফাতাওয়া-শাইখ উসাইমিন, ২২/২৪০-প্রশ্ন নাম্বার ৭৫৭]

তিনি অন্যত্র বলেছেন,
لا أعرف أصلاً من الشرع لوصف مكة بالمكرمة، ووصف المدينة بالمنورة، وكلتاهما في الحقيقة مكرمتان معظمتان محرمتان، وكلتاهما منورتان بالوحي مكة بابتدائه، والمدينة بانتهائه، وتلك مكان ولادة النبي – صلى الله عليه وسلم – وابتداء دعوته، وهذه مكان وفاته وكمال رسالته، والله لطيف خبير
“শরিয়তে মক্কাকে ‘মুকাররামা’ বিশেষণ বা মদিনাকে ‘মুনাওয়ারা’ বিশেষণে বিশেষিত কোনো ভিত্তি আছে বলে জানি না। প্রকৃতপক্ষে এ দুটি শহরই সম্মানিত, মর্যাদাবান এবং হারাম।
দুটি শহরই আল্লাহর ওহির মাধ্যমে আলোকিত। মক্কা আলোকিত ওহির সূচনার মাধ্যমে এবং মদিনা আলোকিত ওহির সমাপ্তির মাধ্যমে। মক্কা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মভূমি এবং তার দাওয়াতের সুতিকা গৃহ আর মদিনা তাঁর অন্তিম শয্যা এবং রিসালাতের পূর্ণতার কেন্দ্র ভূমি।” [মাজমু ফাতাওয়া-শাইখ উসাইমিন, ২২/২৪০-প্রশ্ন নাম্বার ৭৫৮]

▬▬▬▬▬▬▬✿◈✿▬▬▬▬▬▬▬
লেখক: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।

কেমন আছেন বনাম আল্লাহ আপনাকে কেমন রেখেছেন এবং ভালো আছি বনাম আল্লাহ আমাকে ভালো রেখেছেন বিষয়ে বিভ্রান্তি নিরসন

 বর্তমানে কাউকে কাউকে বলতে শুনা যাচ্ছে যে, “কেমন আছেন/কেমন আছো” বলা যাবে না এবং এর উত্তরে “ভালো আছি” বলা যাবে না। বরং বলতে হবে যে, “আল্লাহ আপনাকে কেমন রেখেছেন?” আর উত্তরে বলতে হবে, “আল্লাহ আমাকে ভালো রেখেছেন।” “কেমন আছেন” বলা নাকি নাকি আশআরি আকিদা (!), আবার কেউ বলে, এতে নাকি মানুষ আল্লাহর সমকক্ষ হয়ে যায়! কারণ মানুষ নিজে নিজে ভালো থাকে না ইত্যাদি।▬▬▬▬▬▬▬✿◈✿▬▬▬▬▬▬▬

উত্তর: ইসলাম সম্পর্কে সঠিক গবেষণা না থাকা কিংবা ইসলাম সম্পর্কে ভুল বুঝের কারণে কিংবা বিজ্ঞ আলেমদের সংস্পর্শ থেকে ইলম অর্জন না কারণে বর্তমানে অনেক মানুষ, এমনকি আমাদের দেশীয় কোনও কোনও আলেম/বক্তাও এ সব নতুন নতুন দর্শনের আবির্ভাব ঘটিয়ে যুগযুগ ধরে চলে আসা বৈধ বিষয়ে মানুষের মাঝে অযথা বিভ্রান্তি তৈরি করছে- যা কোনও কোনভাবেই কাম্য নয়।

যাহোক, আমরা দেখি, মানুষকে “কেমন আছেন/কেমন আছো” বলে প্রশ্ন করা এবং উত্তরে “ভালো আছি” বলার ব্যাপারে শরিয়তের কোনও আপত্তি আছে কি না।

মূলত: “কেমন আছেন/কেমন আছো?” “ভালো আছি” এই সকল বাক্য ব্যবহারে শরিয়তের দৃষ্টিতে কোনও সমস্যা নেই। কেননা হাদিসে এই বাক্যগুলো ব্যবহৃত হয়েছে। স্বয়ং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিকে প্রশ্ন করেছেন, “কেমন আছেন? কী অবস্থা আপনাদের?” আর সাহাবি উত্তর দিয়েছেন, “ভালো আছি!”

সাহাবিদের মাঝেও এ জাতীয় বাক্য ব্যবহারের প্রচলন ছিল। (তবে “ভালো আছি” বলার পর “আলহামদুলিল্লাহ’ বলা বা আল্লাহর প্রশংসা করা উচিত)

নিম্নে এ বিষয়ে কয়েকটি হাদিস পেশ করা হল:

◆ ১. আয়েশা রা. বলেন,
جاءت عجُوزٌ إلى النبيِّ صلى الله عليه وسلم وهو عندي، فقال: لها رسول الله صلى الله عليه وسلم: ((مَن أنتِ؟))، قالت: أنا جثَّامةُ المُزنيَّة، فقال: ((بل أنت حسَّانةُ المُزنيَّةُ، كيف أنتُم؟ كيف حالُكم؟ كيف كنتُم بعدنا؟))، قالت: بخيرٍ بأبي أنت وأُمِّي يا رسول الله، فلمَّا خرجَتْ قلتُ: يا رسول الله، تُقبِلُ على هذه العجوز هذا الإقبال؟ فقال: ((إنَّها كانت تَأتينا زمن خديجة، وإنَّ حُسن العهد من الإيمان

“একবার রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট এক বৃদ্ধা আসলেন। তিনি তখন আমার নিকট ছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বৃদ্ধা মহিলাটিকে বললেন, কে আপনি?
তিনি উত্তরে বললেন, আমি জাসসামা আল মুযানিয়া (মুযানী গোত্রের নির্বোধ বা কুৎসিত মহিলা)। তিনি বললেন, “না, বরং আপনি হলেন, হাসসানা আল মুযানিয়া (মুযানি গোত্রের সুদর্শন নারী)। তো আপনারা কেমন আছেন? আপনাদের কী অবস্থা? আমাদের পরে আপনারা কেমন ছিলেন? বৃদ্ধা মহিলা উত্তরে বললেন, ভালো আছি, হে আল্লাহর রসুল আমার মা-বাবা আপনার উপর কুরবান হোক।
অতঃপর বৃদ্ধা মহিলা বিদায় নিলে আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কে বললাম, “হে আল্লাহর রসুল, আপনি এত গুরুত্বের সাথে এ বৃদ্ধার খোঁজ-খবর নিলেন!” (এর কারণ কী?) তিনি বললেন, খদিজা রা.-এর সময় (খাদিজা রা. বেঁচে থাকা অবস্থায়) এ মহিলা আমাদের নিকট আসতেন। আর “অতীত সম্পর্ক ও পুরনো ভালবাসার যত্ন নেওয়া ঈমানের অন্তর্ভুক্ত।” [মুসতাদরাকে হাকেম, হা/৪০, সিলসিলা সহীহা-১/৪২৪-শাইখ আলবানি]

উল্লেখ্য যে, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর সাথে তো সুন্দর আচরণ করতেনই, স্ত্রীর পরিবার ও স্বজনদের প্রতিও সুন্দর ও উত্তম আচরণ করতেন। এমনকি তার স্ত্রীর বয়োবৃদ্ধ সঙ্গিনীদের প্রতিও সদয় ও যত্নবান ছিলেন৷ তাদের খোঁজখবর নিতেন৷ প্রয়োজনে সাহায্য করতেন৷ উপরোক্ত হাদিসটি তার একটি উদাহরণ।

◆ ২. অন্য হাদিসে বর্ণিত হয়েছে,

عن عبد الله بن عمرو قال: قال رسول الله -صلى الله عليه وسلم- لرجل: “كيف أصبحت يا فلان؟”. قال: أحمد الله إليك، يا رسول الله. فقال رسول الله -صلى الله عليه وسلم-: “ذلك الذي أردت منك”

আব্দুল্লাহ ইবনে আমর রা. বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এক ব্যক্তিকে প্রশ্ন করলেন, হে অমুক, তুমি কীভাবে সকাল করলে? (অর্থাৎ তোমরা রাত কেমন কেটেছে?)
তিনি বললেন, আলহামদু লিল্লাহি ইলাইকা (আমি আপনার নিকট (বা সাথে) আল্লাহর প্রশংসা করছি) হে আল্লাহর রসুল!
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “আমি তোমার এটাই প্রত্যাশা করেছি।” [হায়সামি বলেন, হাদিসটি বর্ণনা করেছেন ত্ববারানি। এর সনদ হাসান। শাইখ আলাবানি বলেন, হাদিসটি সহিহ। সহিহ-সিলসিলা সহীহা ৬/১০৯৭, হা/২৯৫২]
এখানে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবিকে বলেন নি যে, “আল্লাহ তোমার রাত কেমন কাটিয়েছেন?”

◆ ৩. অন্য একটি হাদিসে এসেছে,

عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ: أَنَّهُ سَمِعَ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ وَسَلَّمَ عَلَيْهِ رَجُلٌ فَرَدَّ السَّلَامَ، ثُمَّ سَأَلَ عُمَرُ الرَّجُلَ: كَيْفَ أَنْتَ؟ فَقَالَ: أَحْمَدُ اللَّهَ إِلَيْكَ، فَقَالَ عُمَرُ: “هَذَا الَّذِي أَرَدْتُ مِنْكَ”.

আনাস রা. হতে বর্ণিত, তিনি শুনেছেন যে, এক ব্যক্তি উমর ইবনুল খাত্তাব রা. কে সালাম দিলে তিনি সালামের উত্তর দেওয়ার পর লোকটিকে জিজ্ঞেস করলেন, “তুমি কেমন আছো?”
তিনি বললেন, “আলহামদু লিল্লাহি ইলাইকা।” (আমি আপনার নিকট (বা সাথে) আল্লাহর প্রশংসা করছি)। উমর রা. বললেন, আমি তোমার এমনটাই প্রত্যাশা করেছি।” [শাইখ আলাবানি বলেন, হাদিসটি সহিহ-সিলসিলা সহীহা ৬/১০৯৯, ও সহীহুল আদাবুল মুফরাদ ১/৪৩৭, হা/৮৬৬]
তাছাড়া যুগে যুগে মুহাদ্দিস, মুফাসসির, মুসলিম মনিষী, আরবি কবি, সাহিত্যিক ও সাধারণ মুসলিমগণ এই বাক্যগুলো ব্যবহার করেছেন। এর ভূরি ভূরি প্রমাণ রয়েছে। কিন্তু পূর্ববর্তী কোনও বিজ্ঞ আলেম এগুলোকে হারাম, নাজায়েজ, বিদআত, আশআরি আকিদা ইত্যাদি বলেছেন প্রমাণ পাওয়া যায় না।

সুতরাং মানুষকে দীন সম্পর্কে নতুন কিছু শেখানোর নামে অথবা সব কিছুর মধ্যে শিরক-বিদআত খোঁজার নামে সম্পূর্ণ বৈধ একটি বিষয়ে মানুষের মাঝে বিভ্রান্তি ছাড়ানো মোটেও গ্রহণযোগ্য নয়। আল্লাহ আমাদেরকে সব ধরনের ভ্রান্ত কথাবার্তা এবং দীন সম্পর্কে ভুল বুঝ ও ভুল ব্যাখ্যা থেকে হেফাজত করুন। আমিন। আল্লাহু আলম।▬▬▬▬▬▬▬✿◈✿▬▬▬▬▬▬▬
লেখক:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব।

লা ইলা-হা ইল্লাল্লাহ এর মধ্যে লা অক্ষরটি টেনে না পড়লে কি তা সম্পূর্ণ বিপরীত অর্থ প্রকাশ করবে

 প্রশ্ন: ‘লা ইলা-হা ইল্লাল্লাহ’ এর মধ্যে ‘লা’ অক্ষরটি টেনে না পড়লে কি অর্থ পরিবর্তন হয়ে যাবে? কারণ ফেসবুকে একটা পোস্ট দেখা যায়, যেখানে বলা হচ্ছে যে, ‘লা’ টেনে না পড়লে তার অর্থ সম্পূর্ণ বিপরীত হয়ে যাবে। তা হল, “অবশ্যই আল্লাহ ছাড়া উপাস্য আছে।” এ কথা কি সঠিক? আর লাম অক্ষরটি কি তিন আলিফ পরিমাণ টেনে পড়তে হবে?▬▬▬▬▬▬▬✿◈✿▬▬▬▬▬▬▬

উত্তর: “লা ইলা-হা ইল্লাল্লাহ” (আল্লাহ ছাড়া সত্য কোন উপাস্য নেই) হল, বিশ্ব চরাচরের মহান সৃষ্টিকর্তা আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় এবং মর্যাদার দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ বাক্য। এটি সর্বোত্তম জিকির এবং জান্নাতের চাবি। কারণ তা আল্লাহর তাওহিদ বা একত্ববাদের স্বীকৃতি জ্ঞাপক বাক্য। তাই আমাদের উচিত, এটিকে সঠিক নিয়মে নির্ভুলভাবে পাঠ করা এবং এর মর্মার্থ উপলব্ধি করে বাস্তব জীবনে প্রয়োগ করার সর্বোচ্চ চেষ্টা করা।

🔸’লা ইলা-হা ইল্লাল্লাহ’-এর প্রথম লামের মধ্যে সামান্য টান (মাদ্দ) সহকারে পড়াটাই বিশুদ্ধ। তবে আরবি ভাষা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকার কারণে অথবা তাড়াতাড়ি পড়ার কারণে কেউ যদি তা টান ছাড়া পরে তাহলে তা নিঃসন্দেহে আরবি ব্যাকরণগত ভুল বলে গণ্য হবে। কিন্তু এই ভুলের কারণে তার অর্থের মধ্যে কোনও পরিবর্তন হবে না। কেননা আরবি গ্রামার অনুযায়ী الجملة الإسمية (জুমলাহ ইসমিয়্যাহ)-এর শুরুতে (মুবতাদায়) কখনো লামে তাকিদ (لام تاكيد বা নিশ্চয়তা জ্ঞাপক লাম) আসে না। অতএব আরবি ব্যাকরণের দৃষ্টিতে উপরোক্ত ব্যাখ্যা নিতান্তই অজ্ঞতাপ্রসূত।
মোটকথা, ‘লা ইলা-হা’-এর শুরুতে লাম অক্ষরে সামান্য টান (মাদ্দ) সহকারে পড়তে হবে। এটাই আরবি ভাষার নিয়ম অনুযায়ী সঠিক উচ্চারণ। তবে টান ছাড়া পড়লে উচ্চারণগত ভুল হলেও বাক্যের অর্থ বিকৃত হবে না‌।

সুতরাং যেমনটি বলা হচ্ছে যে, ‘লা’ অক্ষরটি টান ছাড়া পড়লে অর্থ হবে, “অবশ্যই আল্লাহ ছাড়া উপাস্য আছে”-এ কথা সঠিক নয়। কেউ কেউ আরও একধাপ বাড়িয়ে বলে যে, লাম অক্ষর টেনে না পড়লে কাফের হয়ে যাবে! এটা নিতান্তই বাড়াবাড়ি ছাড়া কিছু নয়।

🔸আর ‘লা’ অক্ষরটি তিন আলিফ টেনে পড়া জরুরি নয়। কেননা তাজবিদের নিয়মাবলী শুধু কুরআন তিলাওয়াতের ক্ষেত্রে প্রযোজ্য; অন্য কোন দুআ, তাসবিহ, জিকির, হাদিস বা সাধারণ আরবি ভাষার ক্ষেত্রে নয়।
আল্লাহু আলম।
▬▬▬▬✿◈✿▬▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব।

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর আগমণ কিয়ামতের সর্বপ্রথম আলামত

 প্রশ্ন: আমি কোন এক ওয়াজে শুনেছিলাম যে, ‘রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আগমন’ কিয়ামতের একটি আলামত। এটা কি সঠিক?▬▬▬▬▬▬▬✿◈✿▬▬▬▬▬▬▬

উত্তর: হ্যাঁ, এটি হাদিস সম্মত সঠিক কথা। নিঃসন্দেহে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী। তারপরে কিয়ামতের পূর্বে আর কোন নবির আগমন ঘটবে না‌। অর্থাৎ এর পরেই কেয়ামত সংঘটিত হবে।
সুতরাং তাঁর আগমন নিশ্চিতভাবেই কিয়ামতের একটি আলামত। এটি সর্বপ্রথম আলামত যার মাধ্যমে কিয়ামত ঘনিয়ে আসার আলামতের সূচনা হয়েছে এবং হাদিসে বর্ণিত অন্যান্য আলামতগুলো একের পর এক ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে।

◆ প্রখ্যাত সাহাবি সাহল রা. হতে বর্ণিত। তিনি বলেন, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

بُعِثْتُ أَنَا وَالسَّاعَةَ هَكَذَا وَيُشِيرُ بِإِصْبَعَيْهِ فَيَمُدُّ بِهِمَا

“আমাকে পাঠানো হয়েছে কিয়ামতের সঙ্গে এভাবে। এ কথা বলে তিনি তাঁর দু আঙ্গুল দ্বারা ইশারা করে সে দুটোকে প্রসারিত করলেন।” [সহীহুল বুখারী, অধ্যায়: ৮১/ কোমল হওয়া, পরিচ্ছেদ: ২৭২১. নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর বাণী: “আমাকে পাঠানো হয়েছে কিয়ামতের সাথে এ দুটি আঙ্গুলের ন্যায়।” (আল্লাহ তাআলার বাণী:)
وَمَا أَمْرُ السَّاعَةِ إِلاَّ كَلَمْحِ الْبَصَرِ أَوْ هُوَ أَقْرَبُ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

“আর কিয়ামতের ব্যাপার তো চোখের পলকের ন্যায় বরং তা অপেক্ষাও সত্ত্বর। আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান।” [সূরা নাহল: ৭৭]

◆ জাবির ইবনে আব্দুল্লাহ রা. থেকে বর্ণিত। তিনি বলেন,

إِذَا خَطَبَ احْمَرَّتْ عَيْنَاهُ وَعَلاَ صَوْتُهُ وَاشْتَدَّ غَضَبُهُ حَتَّى كَأَنَّهُ مُنْذِرُ جَيْشٍ يَقُولُ ‏”‏صَبَّحَكُمْ وَمَسَّاكُمْ”: وَيَقُولُ ‏”‏ بُعِثْتُ أَنَا وَالسَّاعَةَ كَهَاتَيْنِ ‏”‏‏ وَيَقْرُنُ بَيْنَ إِصْبَعَيْهِ السَّبَّابَةِ وَالْوُسْطَى

“রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিতেন তখন তার চক্ষুদ্বয় রক্তিম বর্ণ হতো, স্বর উঁচু হতো এবং কঠোর রাগ প্রকাশ পেত। মনে হতো, তিনি যেন আক্রমণকারী বাহিনী সম্পর্কে সতর্ক করেছেন আর বলছেন, তারা তোমাদের উপর সকালে আক্রমণ করবে এবং বিকেলে আক্রমণ করবে।
আর তিনি বলতেন, আমি প্রেরিত হয়েছি এমন অবস্থায় যে, আমি ও কিয়ামত এ দুটির ন্যায়: অতঃপর তিনি মধ্যমা ও তর্জনী (শাহাদত) অংগুলী মিলিয়ে দেখাতেন।” [সহিহ মুসলিম (ইসলামিক ফাউন্ডেশন), অধ্যায়: ৮/ জুমা, অনুচ্ছেদ: ৮. সালাত ও খুতবা সংক্ষিপ্তকরণ]
এই মমার্থবোধক আরও একাধিক হাদিস রয়েছে।

◍ ইমাম কুরতুবি বলেন,

أولها النبي ﷺ لأنه نبي آخر الزمان، وقد بُعِثَ ليس بينه وبين القيامة نبي

“কিয়ামতের প্রথম আলামত, নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। কেননা, তিনি শেষ জমানার নবি। তিনি এমন সময় প্রেরীত হয়েছেন যে, তাঁর মাঝে এবং কিয়ামতের মাঝে আর কোনও নবি নেই।” [আত তাযকিরাহ ফী আলামাতিস সাআহ, (কিয়ামতের আলামত বার্তা) পৃষ্ঠা নম্বর: ১২১৯]

◍ সহিহ বুখারির ভাষ্যকার হাফেজুল হাদিস ইবনে হাজার আসকালানি বলেন,

قال الضحاك: أول أشراطها بعثة محمد صلى الله عليه وسلم. والحكمة في تقدم الأشراط إيقاظ الغافلين وحثهم على التوبة والاستعداد

“যাহহাক (বিশিষ্ট মুফাসসির এবং তাবেঈ-মৃত্যু:১০২, মতান্তরে ১০৫ বা ১০৬] বলেছেন, “কিয়ামতের প্রথম আলামত হল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর আগমন। আর কিয়ামতের পূর্বে তার আলামত সমূহ প্রকাশিত হওয়ার উদ্দেশ্য হল, অসচেতনদেরকে সচেতন করা এবং তাদেরকে তওবা ও কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণে উৎসাহ প্রদান।” [ফাতহুল বারী]
➤ আলেমগণ এটি কেয়ামতের ছোট আলামতসমূহের অন্তর্ভুক্ত হিসেবে উল্লেখ করেছেন। এ থেকে প্রতিয়মান হয় যে, কিয়ামতের সব আলামত খারাপ বা অকল্যাণকর নয়। বরং কিছু কিছু আলামত ভালো ও কল্যাণকর। হে আল্লাহ, কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে তুমি আমাদেরকে তওবা করে কিয়ামতের প্রস্তুতি গ্রহণের তাওফিক দান করো। আমিন।

▬▬▬▬✿◈✿▬▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব।

Monday, January 23, 2023

পরপুরুষ, পরমহিলা, অমুসলিম ইত্যাদির নিকট কাপড় ধৌত করা, ইস্ত্রি করা বা সেলাই করা সংক্রান্ত শরঈ মাসায়েল

 প্রশ্ন:

১. কাজের মহিলা যে বাসায় কাজ করে সেই বাসার পুরুষদের আন্ডারওয়্যার ধুতে পারবে কী?
২. কোনও মহিলা তার স্বামী-সন্তান ব্যতিরেকে তার শ্বশুর, দেবর-ভাসুর ইত্যাদি বাড়ির অন্যান্য পুরুষদের আন্ডারওয়্যার ধুতে পারবে কী?
৩: মহিলাদের জামা-কাপড়, শাড়ি, ব্লাউজ, বোরকা ইত্যাদি পোশাক আয়রন/ইস্ত্রি করার জন্য দোকানে দেওয়া জায়েজ হবে‌ কী?
৪. পাক অথবা নাপাক কাপড় বিধর্মী পরিচালিত লন্ড্রিতে ধৌত করতে দিলে তা কি পবিত্র হবে? অর্থাৎ সেই কাপড়ে নামাজ আদায় করা জায়েজ হবে কী?
▬▬▬▬▬▬▬✿◈✿▬▬▬▬▬▬▬
উত্তর: নিম্নে উপরোক্ত প্রশ্ন সমূহের সংক্ষিপ্ত উত্তর প্রদান করা হল:
وبالله التوفيق

◈ প্রশ্ন ১. কাজের মহিলা যে বাসায় কাজ করে সেই বাসার পুরুষদের আন্ডারওয়্যার ধুতে পারবে কী?
উত্তর: কাজের মহিলা যে বাড়িতে কাজ করে সে বাড়ির কর্তা ও ছেলেদের আন্ডারওয়্যার ধৌত করতে পারে। এতে কোনও বাধা নেই। তবে যদি আন্ডার ওয়্যারে বীর্য দৃশ্যমান থাকে তাহলে যারা তা ব্যবহার করে তাদের উচিৎ, সে অবস্থায় কাজের মহিলাকে ধোয়ার জন্য না দেয়া বরং তাদের উচিৎ, বীর্য লেগে শুকিয়ে গেলে তা আঙ্গুল দ্বারা ঘষে ফেলা বা ঐ অংশটুকু পানি দ্বারা পরিষ্কার করে নেওয়া। কারণ এটি স্বভাবত: একজন নারীর জন্য লজ্জাবোধের কারণ। হাদিসে বর্ণিত হয়েছে, হাম্মাম ইবনে হারিস রাহ. বর্ণনা করেন যে,
ضَافَ عَائِشَةَ ضَيْفٌ فَأَمَرَتْ لَهُ بِمِلْحَفَةٍ صَفْرَاءَ فَنَامَ فِيهَا فَاحْتَلَمَ فَاسْتَحْيَا أَنْ يُرْسِلَ بِهَا وَبِهَا أَثَرُ الاِحْتِلاَمِ فَغَمَسَهَا فِي الْمَاءِ ثُمَّ أَرْسَلَ بِهَا فَقَالَتْ عَائِشَةُ لِمَ أَفْسَدَ عَلَيْنَا ثَوْبَنَا إِنَّمَا كَانَ يَكْفِيهِ أَنْ يَفْرُكَهُ بِأَصَابِعِهِ وَرُبَّمَا فَرَكْتُهُ مِنْ ثَوْبِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِأَصَابِعِي ‏
একবার আয়েশা রা. এর কাছে একজন মেহমান আগমণ করলো। তিনি তাকে একটি হলুদ রঙ্গের চাদরে বিশ্রাম করতে দিলেন। উক্ত মেহমান তা গায়ে জাড়িয়ে ঘুমালেন। কিন্তু ঘুমের মধ্যে তার স্বপ্নদোষ হলে বীর্যের দাগসহ চাদরটি আয়েশা রা.-এর কাছে ফেরত পাঠাতে তার খুব লজ্জাবোধ হল। তাই এটি পানিতে চুবিয়ে ধুয়ে তিনি তা ফেরত পাঠালেন। আয়েশা রা. তা দেখে বললেন, সে আমাদের কাপড়টা নষ্ট করল কেন? আঙ্গুল দিয়ে তা ঘষে ফেললেই তো যথেষ্ট হতো। অনেক দিনই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাপড় থেকে আমি তা অঙ্গুল দিয়ে রগড়ে ঘষে সাফ করে দিয়েছি।” [ইবনে মাজাহ ৫৩৮, মুসলিম, তিরমিযি হা/১১৬-আল মাদানি প্রকাশনী]

◈ প্রশ্ন ২. কোনও মহিলা কি তার স্বামী-সন্তান ছাড়া শ্বশুর, দেবর, ভাসুর ইত্যাদি বাড়ির অন্যান্য পুরুষদের আন্ডারওয়্যার ধুতে পারবে কী?
উত্তর: ইসলামের দৃষ্টিতে একজন স্ত্রীর জন্য তার স্বামী ছাড়া স্বামীর বাবা (শ্বশুর), ভাই (দেবর-ভাসুর) ইত্যাদি লোকজনের বিভিন্ন ধরণের সেবা করা, কাপড় ধৌত করা ইত্যাদি আবশ্যক না হলেও এটি আমাদের সমাজের প্রচলিত রীতি। অর্থাৎ আমাদের সমাজে যৌথ পরিবারে সাধারণত বৌরাই বাড়ির সকল সদস্যের জামা-কাপড় ধৌত করে থাকে।
তাই স্বামী যদি এতে অনুমতি বা নির্দেশ দেয় তাহলে স্ত্রী তার স্বামী-সন্তান ছাড়া পরিবারের অন্যান্য সদস্যদের কাপড়-চোপড়ও ধৌত করতে পারে। এ ক্ষেত্রে অন্য পুরুষদের আন্ডার ওয়্যারও ধৌত করতে পারে যদি ফিতনা থেকে নিরাপদ থাকে। কিন্তু স্বামী ব্যতিরেকে অন্য কোন পুরুষের আন্ডারওয়ার ধৌত করার বিষয়টি সামাজিকভাবে ঘৃণিত এবং আত্মমর্যাদা পরিপন্থী কাজ। তাই কোন মহিলাকে এই দায়িত্ব দেওয়া অনুচিত। অবশ্য বর্তমান আধুনিক যুগে ওয়াশিং মেশিনের সাহায্যে কাপড় ধৌত করা হলে এ ক্ষেত্রে সমস্যা আরও কমে যায় আল হামদুলিল্লাহ।

◈ প্রশ্ন ৩. মহিলাদের জামা-কাপড়, শাড়ি, ব্লাউজ, বোরকা ইত্যাদি পোশাক আয়রন/ইস্ত্রি করার জন্য দোকানে দেওয়া জায়েজ হবে কী?
উত্তর: মহিলাদের ব্যবহৃত পোশাক প্রয়োজনবোধে ধৌত ও ইস্ত্রি করার উদ্দেশ্যে পুরুষ পরিচালিত লন্ড্রিতে বা ছেঁড়া-ফাটা কাপড় সেলাই করার উদ্দেশ্যে পুরুষ দর্জির দোকানে দিতে কোন সমস্যা নেই ইনশাআল্লাহ। কেননা ইসলামি শরিয়তে এমন কোনও নিষেধাজ্ঞা নেই। তবে কোনও নারী যদি ব্যক্তিগত আত্মমর্যাদার কারণে তার ব্যবহৃত পোশাক কোন পুরুষকে দেখাতে না চায় তাহলে তা‌ ধৌত করা, ইস্ত্রি/আইরন করা বা প্রয়োজনীয় সেলাইয়ের কাজ সম্ভব হলে কোন নারীর মাধ্যমে সম্পন্ন করবে অথবা নিজেই করবে।

◈ প্রশ্ন ৪. পাক অথবা নাপাক কাপড় বিধর্মী পরিচালিত লন্ড্রিতে ধৌত করতে দিলে কি তা পবিত্র হবে? অর্থাৎ সেই কাপড়ে নামাজ আদায় করা জায়েজ হবে কি?
উত্তর: কোন অমুসলিমও যদি পাক পানি দ্বারা ভালোভাবে কাপড় ধৌত করে তাহলে তা পাক হবে। পক্ষান্তরে কোন মুসলিমও যদি নাপাক পানি দ্বারা কাপড় ধৌত করে তাহলে তা পাক হবে না। মোটকথা, কোন পানি দ্বারা কাপড় ধৌত করা হয় সেটাই ধর্তব্য। যে ধৌত করল সে মুসলিম কি না তা ধর্তব্য নয়। উল্লেখ্য যে, অমুসলিমরা ঈমান না থাকার কারণে বিধানগতভাবে নাপাক হলেও বাহ্যিকভাবে তাদের শরীর নাপাক নয় যদি তারা পরিস্কার-পরিচ্ছন্ন থাকে। সুতরাং তাদের সেলাই কৃত পোশাক-আশাক এবং তাদের তৈরি কৃত আসবাবপত্র ব্যবহার করা নাজায়েজ নয়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং সাহাবিগণ তৎকালীন দামেশক (সিরিয়া) ও ইয়েমেন থেকে আমদানিকৃত অমুসলিমদের তৈরি কৃত পোশাক-আশাক এবং আসবাব সামগ্রী ব্যবহার করতেন। আল্লাহু আলাম।▬▬▬▬✿◈✿▬▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব।

Translate