Thursday, June 16, 2022

সালাতের মাকরূহ বা অপছন্দীয় কাজ সমূহ

 প্রশ্ন: সালাতের মাকরূহ কাজগুলো কী কী? এতে কি সালাত ভঙ্গ হয়ে যায়?

উত্তর:
মাকরূহ শব্দের অর্থ: অ পছন্দনীয়। এতে সালাত ভঙ্গ হয় না বা তাতে কোনও গুনাহ নেই কিন্তু না করা ভালো। সালাতের বিনয়-নম্রতা এবং সৌন্দর্য রক্ষায় এসব বিষয়ে সতর্ক হওয়া প্রয়োজন।
নিম্নে সর্বাধিক প্রচলিত দশটি মাকরূহ বিষয় উল্লেখ করা হল:
১. সালাত রত অবস্থায় বিনা প্রয়োজনে আড় চোখে উপরের দিকে বা ডানে-বামে তাকানো।
২. বিনা প্রয়োজনে চোখ বন্ধ করে সালাত আদায় করা। তবে নামাজির সামনে যদি এমন কিছু থাকে যার কারণে সে দিকে বারবার দৃষ্টি চলে যায় তাহলে চোখ বন্ধ করায় কোনও দোষ নেই।
৩. তাশাহুদের বৈঠকে ইকা (إيقاع) করা। এর একাধিক পদ্ধতি আছে। যেমন:
ক. দু পায়ের পিঠ মাটিতে বিছিয়ে দিয়ে দুই গোড়ালির উপর বসা।
খ. পায়ের আঙ্গুলগুলো মাটিতে রেখে গোড়ালি দ্বয় খাড়া রেখে এতদুভয়ের মাঝে নিতম্ব রেখে বসা।
গ. দুই পায়ের পাতা খাড়া রেখে দু পায়ের গোড়ালির উপর বসা। (এটি দুই সেজদার মাঝে কখনো কখনো করা সুন্নত। কিন্তু তাশাহুদের বৈঠকে করা মাকরূহ।)
৪. পেশাব-পায়খানার চাপ নিয়ে সালাত আদায় করা।
৫. পেটে ক্ষুধা নিয়ে খাবারের উপস্থিতিতে সালাত আদায় করা।
৬. মাটিতে দু বাহু বিছিয়ে সেজদা দেওয়া।
৭. সালাতে আঙ্গুল ফুটানো বা আঙ্গুলের মধ্যে আঙ্গুল প্রবেশ করানো।
৮. কোমরে হাত বেঁধে দাঁড়ানো।
৯. এক পায়ের উপর ভর করে দাঁড়িয়ে সালাত আদায় করা।
১০. অনর্থক কাজ। যেমন: বিনা প্রয়োজনে দাড়ি, হাত, পা, কাপড় ইত্যাদি নড়াচড়া করা, শরীর মুচড়া-মুচড়ি করা এবং বিনা প্রয়োজনে সেজদার স্থান বা কপাল থেকে ধুলাবালি ঝাড়া ইত্যাদি।
কেউ বেখেয়ালে এসব করলে তার উচিৎ, স্মরণ হওয়ার সাথে সাথে সতর্ক হওয়া এবং তা অব্যাহত না রাখা। অন্যথায় এতে সালাত ভঙ্গ না হলেও তা মাকরূহ বা অ পছন্দনীয় কাজ হিসেবে গণ্য হয়। এতে সালাতের সওয়াব কমে যাবে। কারণ মুমিন ব্যক্তি পূর্ণ আন্তরিকতা, বিনয় ও ভয়-ভীতি সহকারে সালাত আদায় করতে নির্দেশিত।
আল্লাহ তাওফিক দান করুন। আমিন।
আল্লাহু আলাম।
▬▬▬ ◈◉◈▬▬▬

উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব।

খিটখিটে মেজাজ সমাধানে কিছু পরামর্শ

 প্রশ্ন: আমার মেজাজ সব সময় অনেক খিটখিটে হয়ে থাকে। সব সময় কেমন জানি রাগ উঠেই থাকে। আমি অনেক চেষ্টা করি তবুও কন্ট্রোল করতে পারি না। মেজাজ খারাপ হয়ে থাকে সব সময়। আমি কী করলে আমার খিটখিটে মেজাজ ভালো হবে? প্লিজ দয়া করে উত্তর টা দিবেন।

উত্তর:
আমাদের জানা দরকার যে, বিভিন্ন কারণে মানুষের মন-মেজাজ খিটখিটে হয়ে যায়। যেমন: রোগ-ব্যাধি, ঘুম কম হওয়া, পারিবারিক সমস্যা, কর্মস্থলে বা বন্ধু-বান্ধবের সাথে ঘটে যাওয়া অপ্রত্যাশিত কোনও ঘটনা, মানসিক চাপ, অস্থিরতা, অশান্তি, দুঃখ-কষ্ট, টেনশন, মহিলাদের পিরিয়ড কালীন সময় ইত্যাদি। সুতরাং কী কারণে আপনার এমনটি ঘটছে তা চিহ্নিত করা প্রয়োজন।

যদি শারীরিক রোগ-ব্যাধির কারণে এমনটি ঘটে তাহলে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। আর যদি কোন কারণে অতিরিক্ত মানসিক চাপ অনুভব করেন বা মানসিক অশান্তিতে থাকেন তাহলে তা চিহ্নিত করে তা থেকে মুক্তি লাভের উপায় খুঁজতে হবে। বিশেষ কোনও সমস্যা থাকলে তা দূর করার চেষ্টা করতে হবে। বিশেষ করে এই ক্ষেত্রে পর্যাপ্ত ঘুম, স্বাস্থ্যসম্মত খাবার এবং মানসিক প্রশান্তি খুব গুরুত্বপূর্ণ।

❑ খিটখিটে মেজাজ মুহূর্তেই ভালো করবে চার খাবার:

দৈনিক কালের কণ্ঠ (অনলাইন) লিখেছে,
টাইমস অব ইন্ডিয়া প্রকাশ করেছে এমন কিছু খাবারের কথা, যা আপনার মেজাজ ভালো করে, তরতাজা ও উৎফুল্ল রাখতে সাহায্য করে। চলুন জেনে নেয়া যাক সে খাবারগুলো সম্পর্কে-

◍ চকলেট:

চকলেটে ফিনাইলিথ্যালাইমিনের বেশ কয়েকটি কার্যকর মিশ্রণ রয়েছে যা এন্ডোরফিন এবং আনন্ডামাইডকে বাড়ায়। চকলেট সম্পর্কিত বিভিন্ন গবেষণা দেখায় যে, এটি মেজাজ এবং জ্ঞানকে উন্নত করতে পারে, পাশাপাশি এটি অ্যান্টিঅক্সিডেন্টস, আয়রন এবং ম্যাগনেসিয়ামের একটি সমৃদ্ধ উৎস।

◍ বাদাম:

আখরোট, চিনা বাদাম, পেস্তা, কিসমিসের আশ্চর্যজনক পুষ্টিমান রয়েছে। এগুলো অবশ্যই আপনার খাবারের তালিকায় যুক্ত করা উচিত। এগুলো ফাইবার, প্রোটিন এবং স্বাস্থ্যকর ফ্যাটে পূর্ণ সুপার হেলথ খাবার।কাজু বাদাম এবং অন্যান্য বাদাম অল্প করে খান যাতে আপনার কার্ব এবং ক্যালোরি স্তর ঠিক থাকে। সকাল ১১টার দিকে একমুঠো মিশ্র বাদাম খাওয়ার চেষ্টা করুন। এটি স্বাস্থ্যকর নাস্তা। বাদামে আপনার মেজাজ, ত্বক এবং সামগ্রিক স্বাস্থ্যের দীর্ঘমেয়াদী সুবিধার জন্য ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে।

◍ ডিম:

আমরা সবাই বিভিন্ন পদ্ধতিতে রান্না করা ডিম খেতে পছন্দ করি। সুসংবাদ হল; ডিম খেলে আপনার মেজাজ ভালো থাকবে। ডিমে প্রোটিন, ভিটামিন ডি, বি ১২ বেশি থাকে এবং কোলিনযুক্ত থাকে, এটি এমন একটি পুষ্টি যা স্নায়ুতন্ত্রকে সমর্থন করে। যা আপনার মেজাজ ভালো রাখতে কাজ করে। এছাড়াও ডিম খেতে অত্যন্ত সুস্বাদু এবং এটি খাওয়ার অনেক পদ্ধতি রয়েছে।

◍ অ্যাভোকাডো এবং বেল পেপার (ক্যাপসিকাম):

অ্যাভোকাডোর পুষ্টিকর ফ্যাট এবং সুপার ক্রিম যুক্ত টেক্সচার মেজাজ ভালো রাখার খাবার হিসেবে বিবেচিত। এতে ভিটামিন বি ৬, ভিটামিন বি ৫, ফাইবার, ভিটামিন ই, ভিটামিন সি সমৃদ্ধ এই খাবার ভিটামিন এবং পুষ্টি নিউরোট্রান্সমিটার সংশ্লেষ করতে সাহায্য করে। রঙিন বেল পেপার (ক্যাপসিকাম) রাখুন খাবারের তালিকায়। এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি বেশি রয়েছে যা মেজাজ উন্নত করতে ও সঙ্কট হ্রাস করতে সাহায্য করে।
আল্লাহ আপনার মানসিক অবস্থা ঠিক করে দিন এবং সমস্যা থেকে মুক্তি দান করুন- আমরা সে জন্য দোয়া করি। এছাড়াও নিম্নোক্ত লেখাগুলো পড়ার অনুরোধ করছি।।

▬▬▬ ◈◉◈▬▬▬

উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল।
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব।

সহবাসের সময় আজান হলে কী করণীয়?

 প্রশ্ন: সহবাসের সময় আজান হলে কী করণীয়?

উত্তর:
স্ত্রী সহবাসের সময় আজান শুনলে স্বাভাবিকভাবেই নিজেদের প্রয়োজন পূরণ করবে। তবে এ সময় মুখে উচ্চারণ করে আজানের জবাব দেয়া সমীচীন নয়।
ইমাম নওবি রহ. বলেন,
ويكره للقاعد على قضاء الحاجة أن يذكر الله تعالى بشيء من الاذكار فلا يسبح ولا يهلل ولا يرد السلام ولا يشمت العاطس ولا يحمد الله تعالى اذا عطس ولا يقول مثل ما يقول المؤذن. قالوا وكذلك لا يأتي بشيء من هذه الأذكار في حال الجماع، وإذا عطس في هذه الاحوال يحمد الله تعالى في نفسه ولا يحرك به لسانه. وهذا الذي ذكرناه من كراهة الذكر في حال البول والجماع هو كراهة تنزيه لا تحريم فلا إثم على فاعله. انتهى.
“প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্য বসা অবস্থায় সময় কোনও প্রকার আল্লাহর জিকর-আজকার করা মাকরুহ (অ পছন্দনীয়)। সুতরাং এ সময় মুখে উচ্চারণ করে ‘সুবহানাল্লাহ’, ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ (ইত্যাদি জিকির-আজকার) পাঠ করা, সালামের জবাব দেয়া, হাঁচির জবাব দেয়া, হাঁচি দিলে আল হামদুলিল্লাহ পাঠ করা এবং মুয়াজ্জিনের আজানের জবাব দেয়া যাবে না। এ অবস্থায় হাঁচি দিলে মনে মনে আল হামদুলিল্লাহ পাঠ করবে। জিহ্বা নাড়িয়ে উচ্চারণ করবে না।
উল্লেখিত বিষয়গুলো পেশাব-পায়খানা এবং স্ত্রী সহবাস রত অবস্থায় করা মাকরুহ তানযিহি; তাহরিমি নয়। সুতরাং কেউ তা করলেও গুনাহ হবে না।” (শরহে মুসলিম)
তবে রমজান মাসে ফজরের পূর্বে স্ত্রী সহবাস করার পর ফজরের আজান শুনার সাথে সাথে সহবাস থেকে বিরত হওয়া আবশ্যক। এর পরে সহবাস অব্যাহত রাখা জায়েজ নেই। অন্যথায় উক্ত রোজা ভঙ্গ হয়ে যাবে এবং এ কারণে তওবা-ইস্তিগফারের পাশাপাশি কাফফারাও দিতে হবে।
তবে নফল রোজার ক্ষেত্রে স্ত্রী সহবাস বন্ধ করা আবশ্যক নয়। এ ক্ষেত্রে তা অব্যাহত রাখলে উক্ত রোজা ভঙ্গ হয়ে যাবে। তবে সম্ভব হলে তা পরবর্তীতে কাজা করে নেয়া উত্তম। এতে কোনও কাফফারা নেই।

উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব।।

কবর জিয়ারত করতে গিয়ে দু হাত উত্তোলন করে দুআ করার বিধান

 প্রশ্ন: কবর জিয়ারত করতে গিয়ে কি দু হাত উত্তোলন করে দুআ করার বিধান কি?

উত্তর:
হ্যাঁ, কবর জিয়ারতে গিয়ে একাকী হাত তুলে দুআ করা জায়েজ আছে। কারণ হাদিসে বর্ণিত হয়েছে,
فَأَطَالَ الْقِيَامَ ثُمَّ رَفَعَ يَدَيْهِ ثَلاَثَ مَرَّاتٍ
“তিনি (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) সেখানে (মদিনার বাকি গোরস্থানে) দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলেন। অতঃপর তিনি তিনবার হাত উঠিয়ে দু’আ করলেন।” [সহীহ মুসলিম, অধ্যায়: ১২। জানাজা, পরিচ্ছেদ: ৩৫. কবরে প্রবেশের সময় কী বলবে এবং কবর বাসীর জন্য দুআ প্রসঙ্গে]

◈ ইমাম নওবী রাহ. এ হাদিসের ব্যাখ্যায় বলেন,
فيه : استحباب إطالة الدعاء وتكريره ، ورفع اليدين فيه . وفيه : أن دعاء القائم أكمل من دعاء الجالس في القبور
“এ হাদিস যে সব বিষয় রয়েছে সেগুলোর মধ্যে:
● ১. দুআ লম্বা করা, তা বারবার করা এবং তাতে দু হাত উত্তোলন করা মুস্তাহাব।
● ২. আরও রয়েছে, কবরে বসে থাকা ব্যক্তির দুআর চেয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তির দুআ অধিক উত্তম। [শরহে মুসলিম]

◈ শাইখ বিন বায রাহ. কে প্রশ্ন করা হয়, মৃতের কবরে হাত তুলে দুআ করার বিধান কী?
তিনি উত্তরে বলেন,

إن رفع يديه فلا بأس؛ لما ثبت عن النبي ﷺ في حديث عائشة رضي الله عنها: أنه ﷺ زار القبور ورفع يديه ودعا لأهلها رواه مسلم

“যদি হাত উত্তোলন করে তাহলে তাতে কোনও সমস্যা নেই। কারণ আয়েশা রা. কর্তৃক বর্ণিত হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে যে, তিনি কবর জিয়ারত করতে গিয়ে কবরবাসীদের জন্য দু হাত উত্তোলন করে দুআ করেছেন।” (সহিহ মুসলিম)।
তবে কবর জিয়ারত করতে গিয়ে অথবা দাফন করার পরপর মৃত ব্যক্তির উদ্দেশ্যে সম্মিলিত দুআ করা শরিয়ত সম্মত নয়। বরং প্রত্যেকে নিজে নিজে দুআ করবে। তিনি এ প্রসঙ্গে বলেন,
الدعاء الجماعي عند القبر ليس له أصل

“কবরের নিকট সম্মিলিত দুআ করার কোনও ভিত্তি নাই।” মৃতকে কবরের দাফন করার পরপর দুআ করার ক্ষেত্রেও তিনি বলেন, “প্রত্যেকেই নিজে নিজে দুআ করবে। প্রত্যেকই বলবে, হে আল্লাহ তাকে ক্ষমা করে দাও, তার প্রতি দয়া করো, তাকে (কবরে ফেরেশতাদের প্রশ্নের) সঠিক উত্তর দেওয়ার শক্তি দাও এবং তাতে সুদৃঢ় রাখো ইত্যাদি।” [শাইখের অফিসিয়াল ওয়েব সাইট]

◈ শাইখ সালেহ আল ফাউযান (হাফিজাহুল্লাহ) কে প্রশ্ন করা হয়, মৃত ব্যক্তির উদ্দেশ্যে দুআ করার সময় দু হাত উত্তোলন করা করা কি জায়েজ?
তিনি উত্তরে বলেন,
نعم , لا بأس. الأصل فى الدعاء أن ترفع فيه الأيدي إلا ما ورد أن الرسول دعا ولم يرفع يديه
“হ্যাঁ, এতে কোনও সমস্যা নেই। কেননা দুআর ক্ষেত্রে মূলনীতি হল, এতে হাত উঠানো উচিত। তবে যে সব ক্ষেত্রে বর্ণিত হয়েছে যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুআ করেছেন কিন্তু হাত উঠাননি সেসব ক্ষেত্রে ব্যতিরেকে।” [ইউটিউব চ্যানেল: ডক্টর আল্লামা সালেহ আল ফাউযান]
আল্লাহু আলাম।
▬▬▬▬◆◈◆ ▬▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ এন্ড গাইডেন্স সেন্টার, সৌদি আরব।।

পরিবারে থাকলে যদি ঈমানে সমস্যা মনে হয় তাহলে কি করব?

 প্রশ্ন: গত ২ মাস ধরে অনেক ধরনের প্রশ্ন মাথায় এসেছে। সবচেয়ে বড় কিছু প্রশ্ন হল মেয়েদের পড়াশুনা নিয়ে, খাবার দাবার, ওষুধপত্র ইত্যাদির ক্ষেত্রে শিরক নিয়ে আর পাক পবিত্রতা নিয়ে। আর হালাল হারাম খাদ্য নিয়েও প্রশ্ন আছে। আমার পরিবারের সদস্যদের ইসলামের জ্ঞান কম। পাক নাপাকি বিষয়ে সচেতন না আবার অজান্তে কুফরিও করে।তাদের সাথে থাকতে গেলে ইমানে সমস্যা মনে হতে থাকে। তাদেরকে যে বুঝাবো সে কথা তারা মানবে কিনা তাও জানি না। এমতাবস্থায় নামাজও পড়তে পারছি না। তাদের কাছে হয়ত মনে হয় আমি বাড়াবাড়ি করি। একজন বলে যে

এই ১৪ বছর বয়সেই পাক নাপাকির মাসায়ালা জানার দরকার নেই।কিন্তু আমি অনেক নিশ্চিত যে নাপাক আছে আমাদের ঘরে। কিন্তু আমি স্টুডেন্ট হওয়ায় তারা আমাকে কাজও করতে দেয় না। দুনিয়ার সাফল্যের জন্য শুধু পড়াশুনাটাই কি প্রধান কাজ?

আমার প্রশ্ন হচ্ছে যে:
পরিবারে থাকলে যদি ঈমানে সমস্যা মনে হয় তাহলে কি করব? কথা কম বলতাম মাঝখানে, তারা আমাকে এসে বুঝায় যে তাদের সাথে কথা বললে মন ভাল হবে, বান্ধবীদের সাথে মিশতে। কিন্তু তাদের সাথে কথা বলতে গেলেই মনে হয় কুফর হয়ে যাচ্ছে। এভাবে চুপচাপ থাকার কারনে তারা আমার কথাও শুনবে কিনা জানিনা।
এখন মনে হয় সব জায়গাতেই নাপাকি লেগে আছে, আগে অজ্ঞতাবশত, এখন জানা থাকার পরেও অপারগতার বা অলসতার দরুন। কাজের বুয়াকে দিয়ে কাপড় ধুয়ানো হয়। সে একজনের বাসা থেকে কাজ করে আসে, আমার জানামতে সেই বাসার মহিলা একজন পাক নাপাকি নিয়ে সচেতন না। আল্লাহ জানে।

এই অবস্থায় কি করব একটা পরামর্শ চাচ্ছি। আর কম কথা বলি তাদের সাথে, তাই ইসলাম বিষয়ক কোন কথা শুনতে চাবে কিনা জানিনা। এখন কি করব? তাদের কে ধীরে সুস্থে বুঝাতে গেলে তো কুফরের সম্ভাবনা থেকে যায়। আবার না বুঝালে যে সবসময়েই সমস্যা? এখন কি বাসা ছেড়ে দিব আমি? কিন্তু আমি যে মেয়ে।

উত্তর: আসসালামু আলাইকুম।

১) এগুলো সবই হচ্ছে আপনার কুধারণা। আপনার মধ্যে ওয়াসওয়াসা কাজ করছে। আমাদের জানামতে অনেকের মধ্যেই এ ধরনের খুঁত খুঁত ভাব থাকে। এমনি এমনি পাক-নাপাক নিয়ে ধারণা করতে থাকে। এমনি মনে করে এই বুঝি নাপাকী লেগে গেল, নাপাক হয়ে গেল। না, নাপাকী যতক্ষণ পর্যন্ত স্পষ্ট না দেখবেন ততক্ষণ পর্যন্ত নাপাক হয় না। সুধু যেকোনো জিনিসকে নাপাক বলে দেওয়া তারপর কথা বলতে এইগুলো কুফর। এগুলো সব ওয়াসওয়াসা। কথা বলতে কুফর হবে কেন? শুধু যে কথা বললেই কুফর হয়ে যাবে অথবা কাজের বুয়াকে দিয়ে কাপড় ধুয়ালে কাপড় নাপাক হয়ে যাবে এগুলো আপনার মধ্যে ওয়াসওয়াসা কাজ করছে। এই ওয়াসওয়াসাকে দূর করতে হবে। স্পষ্ট যদি নাপাকী না লাগে তাহলে যে ব্যক্তিই কাপড় ধোয় না কেন নাপাকী লাগার সম্ভাবনা নাই ইন শাহ্ আল্লাহ।

২) ধীরে সুস্থে বোঝাতে গেলে কুফর হবে কেন। এটাও আপনার একটা কুধারণা। আপনার ভিতরে ওয়াসওয়াসা কাজ করতেছে, কুমন্ত্রণা কাজ করতেছে, সন্দেহ কাজ করতেছে। মনের মধ্যে থেকে সন্দেহ দূর করতে হবে, কুমন্ত্রণা দূর করতে হবে, ওয়াসওয়াসা দূর করতে হবে। কথা বললেই কুফর হয় এটা ঠিক নয়, মিশতে গেলেই কুফর হয় এটা ঠিক নয়। কম কথা বলেন ঠিক আছে। কিন্তু মানুষকে সত্য কথা বলতে হবে, ভালো কথা বলতে হবে। কিন্তু কারো সাথে কথা বললেই কুফর হয়ে যাবে। এটা আপনার ওয়াসওয়াসা। সুতরাং মানুষের সাথে মিশতে হবে, তাদের সাথে কথাবার্তা বলতে হবে, তাদেরকে বুঝাতে হবে। আল্লাহ আপনাকে ধৈর্য দান করুন এবং মানুষকে বোঝানোর তৌফিক দান করুন। আমীন।

৩) বাসা ছাড়বেন কেন? এই ভুল আপনি করবেন না। আপনি বাসা ছেড়ে যাবেন কোথায়? বাসাতেই থাকতে হবে। বাসার মানুষের সাথে মিশতে হবে। আপনি সালাত আদায় করবেন, মানুষকে বুঝাবেন। আপনি ইবাদত করবেন, তাদেরকেও বুঝাবেন। কিন্তু বাসা ছেড়ে যাওয়ার চিন্তাভাবনা করবেন না।

▬▬▬ ◈◉◈▬▬▬

উত্তর দিয়েছেন:

শাইখ সাইফুল ইসলাম মাদানী।

Translate