রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কোনো একজন সাহাবি থেকেও এটি প্রমাণিত নয় যে, তিনি সালাতে তাকবিরের সাথে হাত তুলতেন না:
প্রশ্ন: খোলাফায়ে রাশেদিন থেকে কি এমন কোনো বর্ণনা এসেছে যে, তাঁরা সালাতে তাকবিরের সময় হাত তুলতেন না?
❑ প্রথমত: নবি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) থেকে এটি প্রমাণিত যে, তিনি সালাতের চারটি স্থানে তাকবিরের সাথে হাত তুলতেন (রফে ইয়াদাইন করতেন):
১. তাকবিরে তাহরিমার সময়,
২. রুকুতে যাওয়ার সময়,
৩. রুকু থেকে মাথা তোলার সময় এবং
৪. দুই রাকাত শেষ করে তৃতীয় রাকাতের জন্য দাঁড়ানোর সময়।
সাহাবি আবদুল্লাহ ইবনে ওমর (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন:
كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا دَخَلَ فِي الصَّلَاةِ كَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ، وَإِذَا رَكَعَ رَفَعَ يَدَيْهِ، وَإِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَفَعَ يَدَيْهِ، وَإِذَا قَامَ مِنَ الرَّكْعَتَيْنِ رَفَعَ يَدَيْهِ
“রসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যখন সালাত শুরু করতেন তখন তাকবির দিতেন ও হাত তুলতেন, যখন রুকু করতেন তখন হাত তুলতেন, যখন ‘সামিআল্লাহু লিমান হামিদাহ’ বলতেন তখন হাত তুলতেন এবং যখন দুই রাকাত শেষ করে (তৃতীয় রাকাতের জন্য) দাঁড়াতেন তখন হাত তুলতেন।” [সহিহ বুখারি, হাদিস নং: ৭৩৯]
ইমাম বুখারি রহ. বলেন,
علي بن المديني – وكان أعلم أهل زمانه : “حق على المسلمين أن يرفعوا أيديهم لهذا الحديث” انتهى
‘আলি ইবনুল মাদিনি—যিনি তাঁর সময়ের সবচেয়ে বড় আলেম ছিলেন—বলেছেন: “এই হাদিসের কারণে মুসলমানদের ওপর কর্তব্য হলো (সালাতে) হাত তোলা।”
সালাতে হাত তোলার এই হাদিসগুলো সাহাবিদের একটি বড় দল বর্ণনা করেছেন, যাদের সংখ্যা প্রায় ৩০ জন। তাঁদের মধ্যে সাহাবি আবু হুমাইদ (রাদিয়াল্লাহু আনহু) দশজন সাহাবির উপস্থিতিতে এটি বর্ণনা করেছেন (যাদের মধ্যে আবু কাতাদাহ (রাদিয়াল্লাহু আনহু) ও ছিলেন)। তাঁরা সবাই এটি সত্যায়ন করেছেন এবং বলেছেন: “রসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এভাবেই সালাত আদায় করতেন।” এছাড়া সাহাবি ওমর ইবনুল খাত্তাব, আলি ইবনে আবি তালিব, আবদুল্লাহ ইবনে ওমর, ওয়ায়েল ইবনে হুজর, মালিক ইবনুল হুওয়াইরিস, আনাস, আবু হুরায়রা (রাদিয়াল্লাহু আনহুম) সহ আরও অনেকে এটি বর্ণনা করেছেন। ফলে এই হাদিসটি ‘মুতাওয়াতির’ (অকাট্যভাবে প্রমাণিত) পর্যায়ে পৌঁছেছে। সাহাবিগণ নিজেরা এটি আমল করতেন এবং যারা আমল করত না তাদের প্রতি আপত্তি জানাতেন। সাহাবি আবদুল্লাহ ইবনে ওমর (রাদিয়াল্লাহু আনহু) যখন দেখতেন কেউ হাত তুলছে না তখন তিনি তাকে ছোট পাথর ছুড়ে মারতেন এবং হাত তোলার নির্দেশ দিতেন। [ইমাম বুখারি তাঁর ‘রাফউল ইয়াদাইন’ গ্রন্থে এটি বর্ণনা করেছেন এবং ইমাম নববী রহ. একে সহিহ বলেছেন]
হাত না তোলার হাদিস সনদগতভাবে জয়িফ বা দুর্বল:
হানাফি মাজহাব মতে, তাকবিরে তাহরিমা ছাড়া অন্য কোথাও হাত তোলা সুন্নাত নয়। তারা এর বিপরীতে সাহাবি বারা ইবনে আযেব ও আবদুল্লাহ ইবনে মাসুদ (রাদিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত দুটি হাদিস পেশ করেন। কিন্তু মুহাদ্দিসগণের মতে, এই দুটি হাদিসের কোনটিই সহিহ নয়। সুফিয়ান ইবনে উইয়াইনা, শাফেয়ি, আহমাদ, ইয়াহইয়া ইবনে মাঈন ও বুখারি রহ. সহ বড় বড় ইমামগণ বারা ইবনে আযেব (রাদিয়াল্লাহু আনহু) এর হাদিসটিকে দুর্বল বলেছেন। একইভাবে আবদুল্লাহ ইবনুল মুবারক, আহমাদ, বুখারি ও দারা কুতনী রহ. সহ অনেকেই ইবনে মাসউদ (রাদিয়াল্লাহু আনহু) এর হাদিসটিকে দুর্বল বলেছেন।
❑ দ্বিতীয়ত: খোলাফায়ে রাশেদিন (রাদিয়াল্লাহু আনহুম)গণের পক্ষ থেকে সালাতে হাত তোলার (রফউল ইয়াদাইন) বিষয়টি বর্ণনার ক্ষেত্রে বলা যায়— ইতোপূর্বে অতিবাহিত হয়েছে যে, উমর ইবনুল খাত্তাব এবং আলি ইবনে আবি তালিব (রাদিয়াল্লাহু আনহুমা) উভয়েই নবি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে হাত তোলার হাদিসসমূহ বর্ণনা করেছেন।
সুতরাং এতে কোনো সন্দেহ নেই যে, তাঁরা উভয়েই হাত তুলতেন এবং তাঁদের ব্যাপারে এর বিপরীত কিছু ধারণা করা জায়েজ নয়। এই কারণেই উলামায়ে কেরাম তাঁদেরকে ঐসব সাহাবিদের অন্তর্ভুক্ত করেছেন, যাঁরা সালাতে হাত তুলতেন। আর আবু বকর সিদ্দিক (রাদিয়াল্লাহু আনহু) এর ব্যাপারেও এমন বর্ণনা পাওয়া যায় যা এই বিষয়টির দিকেই ইঙ্গিত করে। ইবনুল মুনযির তার ‘আল আওসাত’ গ্রন্থে (৩/৩০৪) ইমাম আব্দুর রাজ্জাক আস সানআনি থেকে বর্ণনা করেছেন, তিনি বলেন:
أَخَذَ أَهْلُ مَكَّةَ رَفْعَ الْيَدَيْنِ فِي الصَّلَاةِ فِي الِافْتِتَاحْ وَالرُّكُوعِ ، وَرَفْعِ الرَّأْسِ مِنَ الرُّكُوعِ عَنِ ابْنِ جُرَيْجٍ ، وَأَخَذَهُ ابْنُ جُرَيْجٍ عَنْ عَطَاءٍ ، وَأَخَذَهُ عَطَاءٌ عَنِ ابْنِ الزُّبَيْرِ، وَأَخَذَهُ ابْنُ الزُّبَيْرِ عَنْ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ ، وأخذه أبو بكر الصديق عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
“মক্কাবাসীরা সালাত শুরু করার সময়, রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে মাথা তোলার সময় হাত তোলার পদ্ধতি ইবনে জুরাইজ থেকে গ্রহণ করেছেন। ইবনে জুরাইজ এটি আতা থেকে গ্রহণ করেছেন, আতা এটি ইবনুয যুবাইর থেকে গ্রহণ করেছেন, ইবনুয যুবাইর এটি আবু বকর সিদ্দিক (রাদিয়াল্লাহু আনহু) থেকে গ্রহণ করেছেন এবং আবু বকর সিদ্দিক (রা.) এটি নবি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে গ্রহণ করেছেন।” [আল আওসাত লি ইবনিল মুনযির: ৩/৩০৪]
ইমাম বায়হাকি (২৫৩৫) কয়েকজন সাহাবি থেকে হাত তোলার বিষয়টি বর্ণনা করার পর বলেন:
وروينا عن أبي بكر الصديق ، وعمر بن الخطاب ، وعلي بن أبي طالب ، وجابر بن عبد الله ، وعقبة بن عامر ، وعبد الله بن جابر البياضي رضي الله عنهم
“আমরা আবু বকর সিদ্দিক, উমর ইবনুল খাত্তাব, আলি ইবনে আবি তালিব, জাবির ইবনে আব্দুল্লাহ, উকবাহ ইবনে আমের এবং আব্দুল্লাহ ইবনে জাবির আল বায়াদী (রাদিয়াল্লাহু আনহুম) থেকে এটি বর্ণনা করেছি।” [সুনানুল কুবরা লিল বায়হাকি: ২৫৩৫]। কিছু মানুষ আবু বকর, উমর এবং আলি ((রাদিয়াল্লাহু আনহু)ম) থেকে বর্ণনা করেছেন যে, তাঁরা সালাতে হাত তুলতেন না। কিন্তু তাঁদের থেকে বর্ণিত এই কথাটি সঠিক নয়।
ইমাম শাফেয়ি (রাহ.) বলেন:
ولا يثبت عن علي وابن مسعود ، يعني : ما روي عنهما أنهما كانا لا يرفعان أيديهما من غير تكبيرة الإحرام
“আলি এবং ইবনে মাসউদ থেকে তাকবিরে তাহরিমা ছাড়া অন্য কোথাও হাত না তোলার যে বর্ণনা দেওয়া হয়, তা প্রমাণিত নয়।” [আল মাজমু’ শরহুল মুহাযযাব: ৩/৩৬৮]
বরং ইমাম বুখারি (রাহ.) বলেছেন:
لم يثبت عن أحد من أصحاب رسول الله صلى الله عليه وسلم أنه لم يرفع يديه
“রসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর কোনো একজন সাহাবি থেকেও এটি প্রমাণিত নয় যে, তিনি হাত তুলতেন না।” [জুযউ রফইল ইয়াদাইন]
হাসান বসরি (রাহ.) বলেন:
رأيت أصحاب رسول الله صلى الله عليه وسلم يرفعون أيديهم إذا كبروا وإذا ركعوا وإذا رفعوا رؤوسهم
“আমি রসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর সাহাবিদের দেখেছি, তাঁরা যখন তাকবির দিতেন, রুকুতে যেতেন এবং রুকু থেকে মাথা তুলতেন, তখন হাত তুলতেন।”
ইমাম বুখারি বলেন:
فلم يستثن أحدا من أصحاب رسول الله صلى الله عليه وسلم
“তিনি (হাসান বসরি) রসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর সাহাবিদের মধ্যে কাউকে এর ব্যতিক্রম করেননি।” [জুযউ রফইল ইয়াদাইন]
কয়েকজন ইমাম খোলাফায়ে রাশেদিনের পক্ষ থেকে হাত তোলা বা রফউল ইয়াদাইন সাব্যস্ত হওয়ার ব্যাপারে দৃঢ়তা প্রকাশ করেছেন। ইমাম বায়হাকি এই বিষয়ের আলোচনা সমাপ্ত করেছেন ইমাম আবু বকর ইবনে ইসহাক আল ফকিহ এর একটি উক্তি দিয়ে তিনি বলেন:
قد صح رفع اليدين عن النبي صلى الله عليه وسلم ثم عن الخلفاء الراشدين ، ثم عن الصحابة والتابعين
“নবি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) থেকে (এই স্থানগুলোতে) হাত তোলা সহিহভাবে প্রমাণিত, অতঃপর খোলাফায়ে রাশেদিন থেকে, এরপর সাহাবি ও তাবেয়িগণের থেকেও তা প্রমাণিত।” [সুনানুল কুবরা লিল বায়হাকি: ২/৭৭] [আল আওসাত: ৩/২৯৯ ৩০৮, আল মাজমু’: ৩/৩৬৭ ৩৭৬, আল মুগনী: ২/১৭১ ১৭৪] আল্লাহই ভালো জানেন।
[সোর্স: islamqa, প্রশ্ন নং ২২৪৬৩৫]
▬▬▬▬✿◈✿▬▬▬▬
অনুবাদক: আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল মাদানি।
No comments:
Post a Comment